শাহজাদপুর সংবাদ

ফেসবুকে অপরিচিতদের ফ্রেন্ড সাজেশন বন্ধ করবেন যেভাবে

২১ নভেম্বর, ২০২৬ এ ১০:০০ AM

ফেসবুকে অপরিচিতদের ফ্রেন্ড সাজেশন বন্ধ করবেন যেভাবে

ফেসবুক ফিড স্ক্রল করার সময় ‘পিপল ইউ মে নো’তালিকায় প্রায়ই পরিচিত ব্যক্তিদের প্রোফাইল সামনে চলে আসে। একইভাবে নিজের অ্যাকাউন্টও এমন অনেক ব্যবহারকারীর কাছে ফ্রেন্ড রিকোয়েশনের পরামর্শ হিসেবে প্রদর্শিত হতে পারে, যাদের সঙ্গে হয়তো সরাসরি পরিচয় নেই। ফোন নম্বর, ই-মেইল ঠিকানা, মিউচুয়াল বন্ধু, একই গ্রুপে যুক্ত থাকা কিংবা অন্যের আপলোড করা ফোনের কন্টাক্ট তালিকার মতো বিভিন্ন তথ্যের ভিত্তিতে এসব পরামর্শ তৈরি করে ফেসবুক। তবে প্রাইভেসি সেটিংসের কয়েকটি পরিবর্তনের মাধ্যমে অন্যদের কাছে নিজের প্রোফাইল ফ্রেন্ড রিকোয়েশনের পরামর্শ হিসেবে প্রদর্শিত হওয়ার সুযোগ সীমিত করা যায়।

প্রথমে ফেসবুকের প্রোফাইল ছবি বা মেনুতে ট্যাপ করে ‘সেটিংস অ্যান্ড প্রাইভেসি’ থেকে ‘সেটিংস’অপশনে যেতে হবে। এরপর অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি বিভাগের হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক্ট ইউ নির্বাচন করতে হবে।

এখানে পিপল উইথ ইয়োর ফোন নাম্বার এবং পিপল উইথ ইয়োর ই-মেইল অ্যাড্রেস অপশনে আলাদাভাবে প্রবেশ করে নো ওয়ান নির্বাচন করতে হবে। এতে ফোন নম্বর বা ই-মেইল ঠিকানার ভিত্তিতে অন্যদের কাছে নিজের প্রোফাইল সাজেস্ট করার সুযোগ বন্ধ হয়ে যাবে। তবে মিউচুয়াল বন্ধু, একই গ্রুপ কিংবা অন্যান্য তথ্যের ভিত্তিতে প্রোফাইলটি তাদের কাছে প্রদর্শিত হতে পারে।

ফেসবুক ও মেসেঞ্জারে ফোনের কন্টাক্ট তালিকা আপলোডের সুবিধা চালু থাকলে সেখানে থাকা নম্বর ও ই-মেইল ঠিকানা ব্যবহার করেও পরিচিত ব্যক্তিদের অ্যাকাউন্টের পরামর্শ দেওয়া হতে পারে। এটি বন্ধ করতে ফেসবুক অ্যাপের মেনু থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে সেটিংস নির্বাচন করতে হবে। এরপর অ্যাকাউন্টস সেন্টার থেকে ইয়োর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস অপশনে গিয়ে আপলোড কন্টাক্টস নির্বাচন করতে হবে। সেখানে নিজের ফেসবুক অ্যাকাউন্ট বেছে নিয়ে কন্টাক্ট আপলোডের সুবিধাটি বন্ধ করতে হবে।

তবে শুধু আপলোড বন্ধ করলেই আগে থেকে সংরক্ষিত কন্টাক্ট মুছে যায় না। সেগুলো সরাতে মেটার ম্যানেজ ইয়োর আপলোডেড কন্টাক্টস পেজ থেকে আগে আপলোড করা তথ্যও মুছে ফেলতে হবে। মেসেঞ্জারে কন্টাক্ট আপলোডের জন্য আলাদা সেটিংস থাকায় সেটিও বন্ধ করতে হবে।

পিপল ইউ মে নো তালিকায় কোনও নির্দিষ্ট ব্যক্তিকে দেখতে না চাইলে তার নামের পাশে থাকা রিমুভ অপশনে ট্যাপ করা যায়। এতে ওই পরামর্শটি তালিকা থেকে সরে যাবে। আর নির্দিষ্ট কোনও ব্যক্তির কাছে নিজের প্রোফাইলের ভিজিবিলিটি বন্ধ করতে চাইলে তাকে সরাসরি ব্লক করতে হবে।

ফেসবুকে পিপল ইউ মে নো সুবিধাটি সবার জন্য স্থায়ীভাবে বন্ধ করার কোনও একক অপশন নেই। এসব সেটিংস পরিবর্তনের মাধ্যমে অন্যদের কাছে প্রোফাইল সাজেস্ট হওয়ার কিছু পথ বন্ধ হবে, তবে এতে ফেসবুকের সব ধরনের ফ্রেন্ড সাজেশন বন্ধ হবে না।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ