রাষ্ট্রপতি নির্বাচনে দলের বাইরে কাউকে ভোট দিলে সংসদ সদস্য পদ বাতিল: চিফ হুইপ
১১ আগস্ট, ২০২৬ এ ৪:০৪ PM

রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা নিজ দলের বাইরের প্রার্থীকে ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর আছে। ফলে কেউ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভোট দিলে তাঁর সংসদ সদস্য পদ বাতিল হবে।
আজ মঙ্গলবার রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন চিফ হুইপ। ২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণের দিন নির্ধারিত আছে। সংবিধান অনুসারে, সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।
সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা আছে, কেউ একটি দলের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়ে, সেই দল ছেড়ে দিলে তাঁর সংসদীয় আসন চলে যাবে। এ ছাড়া সংসদে নিজের দলের বিরুদ্ধে ভোট দিলে তাঁর আসন শূন্য হবে। তবে রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ প্রয়োগ হওয়া না হওয়া নিয়ে নানা মত আছে। এরই পরিপ্রেক্ষিতে বিষয়টি সামনে আনেন সাংবাদিকেরা।
রাষ্ট্রপতি নির্বাচন সম্পর্কে চিফ হুইপ নূরুল ইসলাম আরও বলেন, ২০ আগস্ট সংসদকক্ষে বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। সংসদ সদস্যরা তাঁদের বিভক্তিসংখ্যা অনুযায়ী ভোট দেবেন। রাষ্ট্রপতি, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা এবং ভারপ্রাপ্ত স্পিকার যখন ভোট দেবেন, তখন সেটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। ভোট গণনা থেকে শুরু করে ফলাফল হওয়া পর্যন্ত সরাসরি সম্প্রচার চলবে।
বিএনপির প্রার্থী কবে চূড়ান্ত হবে, এমন প্রশ্নের জবাবে চিফ হুইপ বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষণা করলে আমরা সবাই জানতে পারব। মনোনয়ন ফরম দাখিলের সময়ই আমরা সবাই জানব।’
উল্লেখ্য, ইতিমধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের পক্ষ থেকে কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। অন্যদিকে বিএনপি তাদের প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি। তবে দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রার্থী হচ্ছেন বলে দলটির সূত্র জানিয়েছে। বিএনপি ও বিরোধী দলের পক্ষ থেকে ইতিমধ্যে রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। জমা দেওয়ার তারিখ আগামী বৃহস্পতিবার।
সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্রের জন্য একটা অংশগ্রহণমূলক নির্বাচন প্রয়োজন। তাঁরা দেশবাসীকে তাঁদের রাজনৈতিক অবস্থান জানান দিতে চান। তাঁরা মনে করছেন তাঁদের প্রার্থী এ মুহূর্তে সবচেয়ে গ্রহণযোগ্য ব্যক্তি।
নাহিদ ইসলাম আরও বলেন, ‘জুলাই সনদ’ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনটা হওয়া উচিত ছিল। যেহেতু গণভোটের রায়ও সংস্কারের পক্ষে এসেছে, তাই ৭০ অনুচ্ছেদ সংস্কার করে রাষ্ট্রপতি নির্বাচন করা যেত। তাহলে নির্বাচিত রাষ্ট্রপতি আরও বেশি সম্মানিত ও গ্রহণযোগ্য হতেন। তারপরও যেহেতু নির্বাচন হচ্ছে, তাঁরা এটাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হতে দিতে চান না। সে জন্য অলি আহমদকে তাঁরা প্রার্থী ঘোষণা করেছেন। নাহিদ ইসলামের এনসিপি ১১–দলীয় এক্যের অন্যতম শরিক।
এর আগে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে সভা হয়। সেখানে চিফ হুইপ নূরুল ইসলাম, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম এবং হুইপদের মধ্যে জি কে গউছ, রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, আখতারুজ্জামান মিয়া, এ বি এম আশরাফ উদ্দিন নিজান উপস্থিত ছিলেন। এ ছাড়া জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়া, নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন বৈঠকে।
সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ ব্যবহার, যাবতীয় দরকারি সহায়তা এবং সংসদ সদস্যদের উপস্থিতি নিশ্চিতকরণে সভায় আলোচনা হয়েছে। বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে যাবতীয় লজিস্টিক সাপোর্ট এবং প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচনে নির্বাচনী কর্তার দায়িত্ব পালন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। ভোট গ্রহণ কার্যক্রম পরিচালিত হয় সিইসির তত্ত্বাবধানে। স্পিকার, প্রধানমন্ত্রীসহ অন্য সংসদ সদস্যরা ভোটার হিসেবে বিবেচিত হন।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
সাকিব আল হাসান ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, তবে দেশে ফিরলে নিরাপত্তা পাবেন: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
১১ আগস্ট, ২০২৬ এ ৩:৩১ PM · প্রথম আলো
হাসিনার প্রত্যর্পণ প্রশ্নের সমাধান ছাড়া ভারতের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের উদ্যোগ গ্রহণযোগ্য নয়: নাহিদ ইসলাম
১১ আগস্ট, ২০২৬ এ ১০:০৮ AM · প্রথম আলো
’৯১-এর রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে যে রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছিল
১১ আগস্ট, ২০২৬ এ ৯:৫০ AM · প্রথম আলো
ম্যানেজিং কমিটির হাতে শিক্ষক নিয়োগের ক্ষমতা ফেরানোর সিদ্ধান্ত বাতিলের দাবি
১১ আগস্ট, ২০২৬ এ ১২:৫৩ AM · বাংলা ট্রিবিউন
‘আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’ নামের নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ
১১ আগস্ট, ২০২৬ এ ১২:০৫ AM · প্রথম আলো
