রাজধানীতে অটোরিকশার কাচ ভেঙে মাথায় আঘাতে প্রাণ গেল চালকের
৯ অক্টোবর, ২০২৬ এ ১২:২৪ PM

রাতের সড়কে সিএনজিচালিত অটোরিকশা চালিয়ে যাচ্ছিলেন সানোয়ার হোসেন (৫০)। রাজধানীর রমনার মিন্টো রোডে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর অটোরিকশাটি রাস্তার পাশের সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এতে অটোরিকশাটির কাচ ভেঙে মাথায় আঘাত পান তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর রমনা থানার মিন্টো রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রমনা থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মহসিন প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
সানোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান পথচারী তৌহিদ হোসেন। তিনি বলেন, রাতে অটোরিকশা চালিয়ে যাওয়ার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ধাক্কা লাগে। এতে গাড়ির কাচ ভেঙে তাঁর মাথায় আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তায় পড়ে ছিলেন। এ সময় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তিনি।
সানোয়ারের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার সলঙ্গা গ্রামে। তাঁর বাবার নাম আবদুল করিম।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল বাবার
৯ অক্টোবর, ২০২৬ এ ১১:১৪ AM · প্রথম আলো
ডিসির মতবিনিময় সভায় ‘এমপির প্রতিনিধি’ হিসেবে বক্তব্য দিলেন অস্ত্র মামলার আসামি
৯ অক্টোবর, ২০২৬ এ ১০:৩৯ AM · প্রথম আলো
