‘যেকোনো মূল্যে আমাকে এখানে আসতেই হবে—এটা স্বপ্ন ছিল’
১৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৮ PM

‘ইশ্! কী যে মিস করেছি।’ কথাটা বলেই কিছুটা থেমে গেল শারমিন নাহার। পাশে তখন জিপিএ-৫ পাওয়া যমজ বোনের হাতে সংবর্ধনা ক্রেস্ট। প্রথম আলোর এক্সপেরিয়েন্স জোনে গেম নিয়ে ব্যস্ত বোন, আর শারমিন দাঁড়িয়ে তা দেখছে। বোনের সাফল্যে আনন্দ ও গর্ব আছে, তবু নিজের ফলের আক্ষেপটা মুহূর্তেই ফুটে উঠল তাঁর মুখে।
পরক্ষণেই নিজেকে সামলে শারমিন বলল, ‘এবার মিস করেছি, তাতে কী! এইচএসসিতে ভালো ফল করে এমন আয়োজন আর মিস করতে চাই না।’
শরতের স্নিগ্ধ সকালে এমন আনন্দ, স্বপ্ন আর প্রত্যয়ের গল্পে মুখর হয়ে ওঠে ঠাকুরগাঁও পর্বের জিপিএ-৫ উৎসব। এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের নিয়ে আজ শুক্রবার সকালে শুরু হয় এ সংবর্ধনা অনুষ্ঠান।
সকাল সাড়ে আটটার আগেই শিক্ষার্থীরা ঠাকুরগাঁও জেলা পরিষদ মিলনায়তনে আসতে শুরু করে। কারও সঙ্গে মা-বাবা, কেউ এসেছে ভাই-বোন বা বন্ধুদের নিয়ে। পুরোনো বন্ধুকে দেখে কেউ জড়িয়ে ধরছে, কেউ মুঠোফোনে ছবি তুলছে। উৎসবে অংশ নিতে জিপিএ-৫ পাওয়া ৯ শতাধিক শিক্ষার্থী নিবন্ধন করেছে।
‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজন এবং শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে জিপিএ-৫ উৎসব।
সকাল নয়টায় ক্রেস্ট ও স্ন্যাকস সংগ্রহের মধ্য দিয়ে আয়োজনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মূল অনুষ্ঠান শুরু হয়। এতে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. ইস্রাফিল, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামান, ক্রীড়া সংগঠক আবু ইয়াসিন মাসুদ রানা ও নারী হকি দলের খেলোয়াড় রিয়া মনি। শিক্ষার্থীদের জন্য ছিল গেম, অভিজ্ঞতা ভাগাভাগি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশ নেন বাংলাদেশ আইডলের সেরা ১০-এর প্রতিযোগী খোকা খান।
এবারের আয়োজনের পাওয়ার্ড বাই বিকাশ। সহযোগিতায় আছে কনকর্ড গ্রুপ, ফ্রেশ, সেভয় আইসক্রিম, কনকা-গ্রী, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি, কোয়ালিটি গ্রুপ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, জিংক বি, অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ শাখা ক্যাম্পাস, আম্বার আইটি লিমিটেড, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা।
শারমিন ও তাঁর যমজ বোন পুরাতন ঠাকুরগাঁও বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দেয়। বোন জিপিএ-৫ পেলেও শারমিন অল্পের জন্য কাঙ্ক্ষিত ফল থেকে পিছিয়ে যায়। বোনের আনন্দ ভাগ করে নিতে সে-ও এসেছে উৎসবে। নিজের ফলের আক্ষেপের কথা বললেও ভবিষ্যৎ নিয়ে আশাবাদী শারমিন।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার আমগাঁও গ্রামের সাদিয়া আক্তার জিপিএ-৫ পেয়েছে। অনুষ্ঠানটিতে যোগ দিতে ভোরেই প্রায় ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছে সে। সাদিয়া বলে, ‘এই আয়োজনটি কিছুতেই হারাতে চাইনি। তাই ভোরেই বাড়ি থেকে রওনা হয়েছি। এখানে এসে মনে হচ্ছে, এত দূর থেকে আসার কষ্টটা সামান্যই।’
পীরগঞ্জ উপজেলা থেকে জিপিএ-৫ পাওয়া শারমিন আক্তারের কাছেও আয়োজনটি ছিল বিশেষ। সে বলে, ‘এখানে গোটা জেলার শিক্ষার্থীদের মেলা বসেছে। এখানে আসার জন্য আমার মধ্যে একটা ব্যাকুলতা কাজ করেছে। পথে বৃষ্টি ব্যাঘাত ঘটালেও আটকাতে পারেনি।’
রানীশংকৈল উপজেলার আল হাসনা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী সুমাইয়ার কাছে উৎসবের বড় পাওয়া নতুন বন্ধু তৈরি করা। সে বলে, ‘এই অনুষ্ঠানে এসে নতুন নতুন বন্ধুদের সঙ্গে পরিচয় হলো। এই দিনটি এত সহজে ভুলব না।’
নর্থ পয়েন্ট স্কুল ও কলেজ থেকে জিপিএ-৫ পাওয়া মায়মুনা আলিবার জন্য এ আয়োজন একটি পুরোনো স্বপ্ন পূরণের মুহূর্ত। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় বোনের সঙ্গে প্রথম আলোর জিপিএ-৫ সংবর্ধনায় এসেছিল সে। সেদিনই এমন মঞ্চে আসার স্বপ্ন দেখেছিল। মায়মুনা বলে, ‘আয়োজন দেখে আমি ভীষণ অনুপ্রাণিত হয়েছিলাম। যেকোনো মূল্যে আমাকে এখানে আসতেই হবে—এটা আমার স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্ন পূরণ হলো।’
বালিয়াডাঙ্গীর লাহিড়ী বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া জয়ন্ত রায় সঙ্গে করে এনেছে নবম শ্রেণির ছোট ভাই সুশান্ত রায়কে। সুশান্ত বলে, ‘এত কৃতী শিক্ষার্থী একসঙ্গে এসেছে—দেখে খুব ভালো লাগছে। আমাকেও ভালো ফল করে এমন অনুষ্ঠানে আসতে হবে।’
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশিদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ও শ্রমভিসা বন্ধ করল লাওস
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪৭ PM · প্রথম আলো
‘এখানে এসে মনে হলো, আপনারা আমাদের জন্য ভালো কিছু ভাবেন’
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৮ PM · প্রথম আলো
আদালতে চুক্তিপত্র দেখিয়ে জামিন, পরে বেরিয়ে এল জালিয়াতির তথ্য
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১৯ PM · প্রথম আলো
করুণা নয়, মেধা ও যোগ্যতার ভিত্তিতে একটি চাকরি চান দৃষ্টিপ্রতিবন্ধী মিজান
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৪ PM · প্রথম আলো
গাজীপুরে স্বাস্থ্যকেন্দ্রের তালবদ্ধ ফটক দেখে সংসদ সদস্যের ক্ষোভ
১৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৩৩ AM · প্রথম আলো
