যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাবে শঙ্কা দেখছেন রপ্তানিকারকেরা
২৭ নভেম্বর, ২০২৬ এ ১০:৩৩ AM

বাংলাদেশি পণ্যের সবচেয়ে একক বড় বাজার যুক্তরাষ্ট্র নিয়ে আবারও দুশ্চিন্তা তৈরি হয়েছে রপ্তানিকারকদের। তার কারণ পণ্য রপ্তানিতে নতুন করে আবার শুল্ক আরোপ করতে চায় ট্রাম্প প্রশাসন। তাদের অভিযোগ, বাংলাদেশের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতা যুক্তরাষ্ট্রের বাণিজ্যকে বাধাগ্রস্ত করছে। এ কারণে বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত বাড়তি শুল্ক আরোপ করতে চায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর)।
গত বুধবার রাতে বাংলাদেশসহ ১৪টি দেশ ও জোটের অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ইউএসটিআর। দপ্তরটি গত মার্চ থেকে বাংলাদেশের তৈরি পোশাক, চামড়া ও সিমেন্ট খাত নিয়ে এই তদন্ত শুরু করে। বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান ও জাপানের ওপর নতুন শুল্কের প্রস্তাব করেছে ইউএসটিআর।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, ইউএসটিআরের এই প্রস্তাবের ওপর শুনানিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করার পর তা কার্যকর হবে। আগামী ২৫ জানুয়ারি এ বিষয়ে শুনানির আগে এ শুল্ক কার্যকর হবে না।
এর আগে জুলাই মাসে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর না করার অভিযোগ এনে বাংলাদেশি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করে ইউএসটিআর। তখন ভারত, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কম্বোডিয়া, পাকিস্তানসহ ৬০ দেশের ওপরও ১০ ও সাড়ে ১২ শতাংশ শুল্ক বসানো হয়। ১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের সেকশন ৩০১-এর আওতায় এই শুল্ক আরোপ করা হয়।
জুলাইয়ে আরোপ করা ১০ শতাংশ নিয়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বর্তমানে গড় শুল্ক ২৫ শতাংশ (যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক)। নতুন করে যদি ১৮ শতাংশ শুল্ক আরোপ হয়, তাহলে মোট গড় শুল্ক দাঁড়াবে ৩৩ শতাংশ। তার কারণ যুক্তরাষ্ট্রের ৩০১ ধারার শুল্ক প্রস্তাব অনুযায়ী, আগে থেকে কার্যকর থাকা ৩০১ ধারার শুল্ক এই ১৮ শতাংশের হিসাব থেকে বাদ যাবে। অর্থাৎ গত জুলাইয়ে আরোপ হওয়া ১০ শতাংশ শুল্কসহ বাড়তি নতুন মোট শুল্ক হবে ১৮ শতাংশ।
দেশের একাধিক রপ্তানিকারক বলেছেন, নতুন করে শুল্ক আরোপ হলে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্যের দাম বাড়বে। তাতে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমবে। সেটি হলে ক্রয়াদেশ কমে যাবে। তা ছাড়া যুক্তরাষ্ট্রের আমদানিকারকেরা এই শুল্কের ভাগ নিতে উৎপাদকদের চাপ দিতে পারেন। গত বছর পাল্টা শুল্ক কার্যকর হওয়ার পর এমন পরিস্থিতি তৈরি হয়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, যুক্তরাষ্ট্রের বাণিজ্য আইনের ৩০১ ধারা অনুযায়ী অন্য কোনো দেশের বাণিজ্যনীতি, আইন বা কার্যক্রমকে যুক্তরাষ্ট্রের জন্য অন্যায্য, বৈষম্যমূলক বা বাণিজ্যে বাধা সৃষ্টিকারী মনে করলে তদন্ত ও ব্যবস্থা নিতে পারে ইউএসটিআর। বাংলাদেশসহ বিভিন্ন দেশের ওপর এবারও সেটাই করেছে। এ নিয়ে দুশ্চিন্তা করার তেমন কিছু নেই। বুধবার বাংলাদেশ যে শুল্ক দিয়ে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করেছে, আজও (বৃহস্পতিবার) সে শুল্ক দিয়েই করেছে।
বাণিজ্যমন্ত্রী জোর দিয়ে বলেন, বাংলাদেশ কোনো পণ্য বিদেশের বাজারে অস্বাভাবিক কম দামে বিক্রি (ডাম্পিং) করে না, যাতে অন্য দেশের স্থানীয় উৎপাদকেরা ক্ষতিগ্রস্ত হন। সেই সক্ষমতাই নেই বাংলাদেশের।
বাণিজ্যমন্ত্রীর কথার সমর্থনে একজন বাংলাদেশি রপ্তানিকারক প্রথম আলোকে বিষয়টি এভাবে ব্যাখ্যা করেন, ‘ধরুন, দেশে একটি শার্টের দাম ১০ মার্কিন ডলার। কিন্তু যুক্তরাষ্ট্রের বাজারে তা বিক্রি হচ্ছে ৭ ডলারে। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অভিযোগ হতে পারে যে বাংলাদেশ ডাম্পিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ক্ষতি করছে। কিন্তু বাংলাদেশ তা করছে না।’
ইউএসটিআরের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রপ্তানিমুখী উৎপাদন খাত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন পদক্ষেপ, নীতি ও চর্চা থেকে সুবিধা পায়। উৎপাদনের জন্য বাংলাদেশ বিপুল পরিমাণে প্রয়োজনীয় যন্ত্রপাতি, সুতা, কাপড় ও কৃত্রিম তন্তু আমদানি করে। এগুলোর বড় অংশই আসে চীন, ভারতসহ অন্যান্য দেশ থেকে। অথচ এসব পণ্য উৎপাদন ও রপ্তানির যথেষ্ট সক্ষমতা যুক্তরাষ্ট্রেরও রয়েছে। বাংলাদেশের কারণে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর উৎপাদিত পণ্য রপ্তানির সুযোগ কমে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের আয়, মুনাফা ও কর্মসংস্থান। আর এর প্রভাব পড়ছে গিয়ে নির্দিষ্ট শিল্প খাত, অঞ্চল এমনকি সামগ্রিক অর্থনীতিতে।
ইউএসটিআরের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের তৈরি পোশাক আমদানির পরিমাণ ছিল প্রায় ৮৬০ কোটি ডলার। ওই বছর এ ধরনের পণ্যের মোট মার্কিন আমদানির প্রায় ৮ শতাংশই ছিল বাংলাদেশের তৈরি পোশাক।
২০২১-২৫ সময়ে বাংলাদেশের সামগ্রিক বাণিজ্যে ১৫ বিলিয়ন থেকে ৩২ বিলিয়ন ডলারের ঘাটতি থাকলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের পণ্য বাণিজ্যে উদ্বৃত্ত ছিল—এমন তথ্য উল্লেখ করে বলা হয়, এই উদ্বৃত্ত ২০২১ সালের ৫ দশমিক ৯ বিলিয়ন ডলার থেকে বেড়ে ২০২৫ সালে প্রায় সাত বিলিয়ন ডলারে পৌঁছায়।
তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, ‘এ নিয়ে আমাদের মাথাব্যথা কম। কারণ, ৯৫-৯৬ শতাংশ শুল্ক দেন ক্রেতারা। অন্যদিকে প্রতিযোগী দেশগুলোর শুল্ক হার আমাদের চেয়ে বেশি।’ তিনি আরও বলেন, ‘স্বস্তির বিষয় হচ্ছে ট্রাম্প প্রশাসন শুল্ক নিয়ে যত উদ্যোগ নিয়েছে, সবই বাতিল হয়েছে। ইউএসটিআরের এবারের সুপারিশ নিয়ে শুনানি হবে জানুয়ারির শেষ দিকে। ফলে দেনদরবার (লবি) করার জন্য সরকারের হাতে এখনো দুই মাস সময় আছে।’
অবশ্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে দুশ্চিন্তা দেখছেন পোশাকশিল্পের কেউ কেউ। নিট পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান প্রথম আলোকে বলেন, ‘বাড়তি শুল্ক কার্যকর হলে শেষ পর্যন্ত সেটি মার্কিন ক্রেতাদের ওপর পড়বে। তাদের ক্রয়ক্ষমতা কমবে। এতে আমাদের ক্রয়াদেশ কমে যেতে পারে। এমন পরিস্থিতি গত বছর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের পর তৈরি হয়েছিল।’ তিনি আরও বলেন, ‘প্রতিযোগী দেশগুলোর মধ্যে পাকিস্তানের ওপর এই শুল্ক আরোপের প্রস্তাব নেই। তাই আমাদের কিছু ক্রয়াদেশ পাকিস্তানে স্থানান্তরিত হওয়ার ঝুঁকি থাকবে।’
যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক যেন আরোপ না হয়, সে জন্য জরুরি ভিত্তিতে দর-কষাকষি করা উচিত বলে মনে করেন বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ। তিনি প্রথম আলোকে বলেন, আগামী জানুয়ারি মাসে শুল্ক আরোপের বিষয়টি চূড়ান্ত হবে। এর আগে যুক্তরাষ্ট্র প্রশাসনকে বোঝাতে হবে যে বাংলাদেশ শিল্প খাতে কর, নগদ সহায়তাসহ যেসব সুবিধা দেয়, তা আসলে বাংলাদেশের শিল্প উদ্যোক্তাদের সুরক্ষা দেওয়ার জন্য, অভ্যন্তরীণ অর্থনীতি চাঙা রাখার জন্য। এ ধরনের সুবিধা নির্দিষ্ট কোনো দেশে বাজারসুবিধা বা রপ্তানি সক্ষমতা ধরে রাখার জন্য নয়।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
মজুরি বেড়েছে, এখন ব্যবসার খরচ কমাতে সরকারি উদ্যোগ চাই
২৬ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৫ PM · প্রথম আলো
