যশোরে ভাইয়ের ‘অসুস্থতার খবর শুনে’ বড় বোনের মৃত্যু
১৯ আগস্ট, ২০২৬ এ ১১:০৭ AM

ভাই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি—এ খবর শুনে অসুস্থ হয়ে পড়েন বোন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার রাতে যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত নারীর নাম সাইফুন্নেসা (৬৫)। তিনি একই গ্রামের আবদুল গফুরের (৬০) বড় বোন। আবদুল গফুর বর্তমানে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বমি ও শারীরিক দুর্বলতা নিয়ে আবদুল গফুরকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ভাইয়ের অসুস্থতার খবর পেয়ে সাইফুন্নেসা মানসিকভাবে ভেঙে পড়েন। একপর্যায়ে তিনি বাড়িতে অসুস্থ হয়ে পড়ে যান।
পরিবারের সদস্যরা সাইফুন্নেসাকে প্রথমে গতকাল রাত পৌনে ১১টার দিকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে খুলনায় স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসক। তবে খুলনায় নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জিহাদুর রহমান বলেন, হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অথবা মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে সাইফুন্নেসার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে পরীক্ষা ছাড়া মৃত্যুর সুনির্দিষ্ট কারণ বলা সম্ভব নয়। আবদুল গফুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
পাতে আস্ত খাসি নিয়ে আরেক কনেকে বিয়ে করলেন ব্রাহ্মণবাড়িয়ার সেই প্রবাসী
১৯ আগস্ট, ২০২৬ এ ১১:৩৩ AM · প্রথম আলো
৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে ভবনে গুলি, ৭ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ
১৮ আগস্ট, ২০২৬ এ ১২:৪০ PM · প্রথম আলো
