দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানে মাইক্রোবাসের ধাক্কা, যেভাবে উদ্ধার হলেন আটকে পড়া চালক
৭ নভেম্বর, ২০২৬ এ ১২:০২ PM

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। এ ঘটনায় মাইক্রোবাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ভেতরে আটকা পড়েন চালক মো. ইব্রাহিম (৩৬)। ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে তাঁকে উদ্ধার করে।
আজ শনিবার ভোর চারটার দিকে শ্রীনগরের ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালকসহ নয়জন আহত হয়েছেন।
আহত অন্য আটজন হলেন রুম্পা খাতুন (৩৫), মিম আক্তার (১৮), খাদিজা আক্তার (১৮), ইতালিপ্রবাসী রাসেল মাতব্বর (৩০), সিরাজ মাতব্বর (৭০), রনি মাতব্বর (২৮), মেহেদী (৩৫) ও আল-আমিন (৩০)। তাঁদের মধ্যে প্রথম সাতজন মাদারীপুর সদর উপজেলার বলসা এলাকার বাসিন্দা। আল-আমিনের বাড়ি ময়মনসিংহে। চালক ইব্রাহিমের বাড়ি ঢাকার খিলগাঁওয়ের গোড়ান এলাকায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চালকসহ নয়জন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাদারীপুরের দিকে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি মাওয়ামুখী লেনে শ্রীনগর ফেরিঘাট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ ভোর ৪টা ১৮ মিনিটে শ্রীনগর ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী দল পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়। চালক ছাড়া অন্য আহত ব্যক্তিদের দ্রুত ও সতর্কতার সঙ্গে উদ্ধার করা সম্ভব হয়। পরে তাঁদের ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
সফিকুল ইসলাম আরও বলেন, চালক গাড়ির দুমড়েমুচড়ে যাওয়া অংশে এমনভাবে আটকা পড়েছিলেন যে তাঁকে উদ্ধার করা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একটু এদিক-সেদিক হলেই তাঁকে জীবিত উদ্ধার করা সম্ভব হতো না। আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ১৫ মিনিটের চেষ্টায় তাঁকে উদ্ধার করা হয়।
কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছেন বলে জানান হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা। তিনি বলেন, চালক ইব্রাহিমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আটজন শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে উল্টে গেল বাস, শিক্ষকসহ দুজন নিহত
৭ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৪ PM · প্রথম আলো
১২ সফটওয়্যার তৈরি করতে খরচ ৮০ কোটি টাকা, কাজে লেগেছে কতটা
৭ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৪ PM · প্রথম আলো
গাজীপুরে আজ ছুটির দিনে ৭০ শতাংশ কারখানা বন্ধ, পরিস্থিতি স্বাভাবিক
৬ নভেম্বর, ২০২৬ এ ১২:৩৭ PM · প্রথম আলো
