শাহজাদপুর সংবাদ

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম নারী কোচ কে এই সিলভিয়া?

২০ নভেম্বর, ২০২৬ এ ১১:১৪ AM

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রথম নারী কোচ কে এই সিলভিয়া?

ম্যানচেস্টার ইউনাইটেডের দীর্ঘ ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। ক্লাবটির কোচিং স্টাফে প্রথমবারের মতো যুক্ত হতে যাচ্ছেন একজন নারী। স্প্যানিশ ফিটনেস কোচ সিলভিয়া তুইয়া ভিনাস জায়গা পাচ্ছেন নতুন কোচ মরিসিও পচেত্তিনোর কোচিং প্যানেলে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ এর প্রতিবেদন অনুযায়ী, ৪৬ বছর বয়সী সিলভিয়ার নিয়োগ ইউনাইটেডের ইতিহাসে নতুন নজির তৈরি করতে যাচ্ছে। এর আগে আর্জেন্টাইন কোচ পচেত্তিনোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।

২০২৪ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্র জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর পচেত্তিনো সিলভিয়াকে কোচিং স্টাফে যুক্ত করেছিলেন। সে সময় যুক্তরাষ্ট্র জাতীয় দলের কোচিং স্টাফে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত প্রথম নারী ছিলেন তিনি। এবার পচেত্তিনোর সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডেও কাজ করতে যাচ্ছেন এই স্প্যানিশ কোচ।

শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞানে স্নাতক এবং পিএইচডি ডিগ্রিধারী সিলভিয়া মূলত ফুটবলারদের শারীরিক সক্ষমতা ও ফিটনেস উন্নয়নে বিশেষজ্ঞ। ইংরেজি, স্প্যানিশ ও কাতালান ভাষায় দক্ষ হওয়ায় ইউনাইটেডের বহুজাতিক খেলোয়াড়দের সঙ্গে কাজ করতেও সুবিধা হবে তার।

বার্সেলোনার একটি হাই-পারফরম্যান্স সেন্টারে অ্যাথলেটদের ব্যক্তিগত প্রশিক্ষণ পরিকল্পনা তৈরির মধ্য দিয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন সিলভিয়া। ফুটবলে তার অভিষেক হয় ২০১৮-১৯ মৌসুমে স্প্যানিশ ক্লাব এফসি লেভান্তে লাস প্লানাসের কোচিং স্টাফে কাজ করার মাধ্যমে। ২০২৬ সালে তিনি আবারও ক্লাবটিতে স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ হিসেবে যোগ দেন। পরে সেখান থেকে যুক্তরাষ্ট্র জাতীয় দলে কাজের সুযোগ পান।

কোচিংয়ের পাশাপাশি শিক্ষকতাও করেছেন সিলভিয়া। টেকনোক্যাম্পাস মাতারোতে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মাস্টার্স প্রোগ্রামেও পাঠদান করেছেন তিনি।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’র তথ্য অনুযায়ী, চেলসিতে থাকাকালীন পচেত্তিনোর সঙ্গে সিলভিয়ার কাজের সূত্রপাত। সে সময় সিলভিয়া ও তার মেন্টর ড. জেরার্ড মোরাস ফেলিইউ চেলসির ফিজিক্যাল প্রিপারেশন পদ্ধতি নিয়ে অতিথি পরামর্শক হিসেবে কাজ করেছিলেন।

ইউনাইটেডে পচেত্তিনোর কোচিং প্যানেলে সিলভিয়া ছাড়াও থাকছেন তার দীর্ঘদিনের সহযোগী হেসুস পেরেজ, সহকারী কোচ মিগুয়েল ডি’ আগোস্তিনো এবং গোলকিপিং কোচ টনি জিমেনেজ। পচেত্তিনোর ছেলে সেবাস্তিয়ানো পচেত্তিনোও স্পোর্টস সায়েন্টিস্ট হিসেবে কাজ করবেন।

নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পচেত্তিনো। ইউনাইটেডে যোগ দিয়ে তিনি বলেছেন, ‘এখানে আসতে পেরে আমি ভীষণ রোমাঞ্চিত। এমন অসাধারণ একটি ক্লাবে থাকাটা দারুণ সম্মান ও গৌরবের। কাজ শুরু করার জন্য আমি মুখিয়ে আছি।’

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ