শাহজাদপুর সংবাদ

বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার এখন বার্সেলোনার

২০ নভেম্বর, ২০২৬ এ ১১:২৫ AM

বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার এখন বার্সেলোনার

বিশ্ব ফুটবলে সবচেয়ে দামি গোলকিপারের তালিকায় শীর্ষস্থান দখল করেছেন বার্সেলোনার স্প্যানিশ গোলরক্ষক হোয়ান গার্সিয়া। আন্তর্জাতিক ফুটবল গবেষণা প্রতিষ্ঠান সিআইইএস ফুটবল অবজারভেটরির সর্বশেষ মূল্যায়নে তার সম্ভাব্য ট্রান্সফার মূল্য ধরা হয়েছে ৮০ দশমিক ৬ মিলিয়ন ইউরো।

বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত সিআইইএসের ৫৬২তম সাপ্তাহিক প্রতিবেদনে বিশ্বের ১০০ জন গোলকিপারের সম্ভাব্য বাজারমূল্য তুলে ধরা হয়েছে। সেখানে ২৫ বছর বয়সী হোয়ান গার্সিয়া রয়েছেন সবার ওপরে। ২০৩১ সালের জুন পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি রয়েছে তার।

তালিকার দ্বিতীয় স্থানে আছেন ম্যানচেস্টার সিটির ইতালিয়ান গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মা। তার সম্ভাব্য বাজারমূল্য ৭৯ দশমিক ৯ মিলিয়ন ইউরো। অর্থাৎ গার্সিয়ার চেয়ে মাত্র শূন্য দশমিক ৭ মিলিয়ন ইউরো পিছিয়ে তিনি।

তৃতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেডের বেলজিয়ান গোলরক্ষক সেন্নে লামেন্স। তার মূল্য ধরা হয়েছে ৬৪ দশমিক ২ মিলিয়ন ইউরো। চতুর্থ স্থানে অ্যাস্টন ভিলার জাপানি গোলরক্ষক জিওন সুজুকি, তার মূল্য ৫৯ দশমিক ৫ মিলিয়ন ইউরো।

সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন ব্রাইটনের বার্ট ভারব্রুগেন। তার সম্ভাব্য মূল্য ৫৭ দশমিক ৯ মিলিয়ন ইউরো। চেলসির মাইক পেন্ডার্স আছেন ষষ্ঠ স্থানে, মূল্য ৫৭ দশমিক ১ মিলিয়ন ইউরো।

শীর্ষ দশে আরও রয়েছেন নিউক্যাসলের লুকাশ হর্নিচেক (৫৫ দশমিক ৯ মিলিয়ন), সান্ডারল্যান্ডের রবিন রোফস (৫২ দশমিক ৩ মিলিয়ন), পিএসজির মাতভেই সাফোনভ (৫০ দশমিক ৮ মিলিয়ন) এবং বায়ার্ন মিউনিখের ইয়োনাস উরবিগ (৫০ মিলিয়ন ইউরো)।

সিআইইএসের এই মূল্যায়নে খেলোয়াড়দের বয়স, বর্তমান ক্লাবের সঙ্গে চুক্তির মেয়াদসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। ১৬ নভেম্বর পর্যন্ত তথ্যের ভিত্তিতে তৈরি করা হয়েছে তালিকাটি।

উল্লেখ্য, এটি কোনও আনুষ্ঠানিক ট্রান্সফার ফি নয়; বরং সিআইইএসের পরিসংখ্যানভিত্তিক মডেলে নির্ধারিত সম্ভাব্য বাজারমূল্য।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ