মায়ামিকে প্লে–অফে তোলায়ও অবদান রাখলেন মেসি
১৫ অক্টোবর, ২০২৬ এ ৯:৫০ AM

নিউইয়র্ক সিটি এফসিকে ২–০ গোলে হারিয়ে ২০২৬ মেজর লিগ সকারে (এমএলএস) প্লে–অফ নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। আজ সকালে অনুষ্ঠিত এ ম্যাচে ইন্টারের হয়ে জেরমান বেরতেরেম ও রদ্রিগো দি পল গোল করেন।
নু স্টেডিয়ামে ২০ মিনিটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন আর্জেন্টাইন স্ট্রাইকার বেরতেরেম। বক্সের ভেতরে লুইস সুয়ারেজের পাস থেকে গোলটি করেন। প্রথমার্ধে যোগ করা সময়ে দি পলের গোলের উৎস ছিলেন মেসি। বক্সের সামনে থেকে দারুণ শটে গোলের আগে ডান প্রান্ত থেকে মেসির পাস পান দি পল। ক্যারিয়ারে এটা মেসির ৪২৭তম অ্যাসিস্ট।
এমএলএসে গোল্ডেন বুট জয়ের দৌড়ে মেসি এখন সবার ওপরে। ২৫ ম্যাচে করেছেন ২৩ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে সেটা ৩১ ম্যাচে ২৭ গোল। এমএলসে চলতি মৌসুমে গোল বানানোতেও সান ডিয়েগো উইঙ্গার আন্দেয়ার্স দ্রেয়ারের সঙ্গে যৌথভাবে শীর্ষে (১৪) মেসি। সব মিলিয়ে এ মৌসুমে ৩১ ম্যাচে ৪১ গোলে অবদান রেখে ৩৯ বছর বয়সের ভারটা ভুল প্রমাণ করে চলেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।
প্লে–অফ অঞ্চলের বাইরে থাকা নিউইয়র্ক সিটি এফসি ম্যাচে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করার সুযোগ পেয়েছিল। মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার চমৎকারভাবে সেটি সেভ করেন।
২৯ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে এমএলএস ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট তালিকার দুইয়ে মায়ামি। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল। হাতে পাঁচ ম্যাচ রেখেই প্লে–অফের রাউন্ড নিশ্চিত করল মায়ামি। ২০২৩ সালে মেসির যোগদানের বছর প্লে–অফে খেলতে পারেনি ক্লাবটি। কিন্তু এরপর গত মৌসুমের প্রতিটিতেই তারা সেই যোগ্যতা অর্জন করেছে।
গত মাসে মায়ামি কোচের দায়িত্ব নেওয়ার পর টানা দুই ম্যাচ জিতলেন কিলি গঞ্জালেস। আর্জেন্টাইন এ কোচ জয়ের পর বলেন, ‘সন্তুষ্টচিত্তে মাঠ ছাড়ছি। অবশ্যই উন্নতির অনেক জায়গা আছে, তবে আমরা ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছি।’
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ভিনির নিষেধাজ্ঞা নিয়ে মরিনিও—‘তারা নির্লজ্জভাবে এসব কাজ করে’
১৫ অক্টোবর, ২০২৬ এ ১২:১৩ PM · প্রথম আলো
এনদ্রিক ‘ঈশ্বরের সঙ্গে কথা বলা’র পরই ৭ মিনিট ৪৩ সেকেন্ডের ঝড় তোলে রিয়াল
১৫ অক্টোবর, ২০২৬ এ ১০:৩১ AM · প্রথম আলো
এ বছর বিশের খেলায় চার–ছক্কায় বোলারদের জীবন বিষিয়ে তুলেছেন কারা
১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:২৩ PM · প্রথম আলো
