শাহজাদপুর সংবাদ

মঞ্জুর গাড়িতে আওয়ামী দুস্কৃতকারীদের অগ্নিসংযোগ কাপুরুষোচিত: রিজভী

২০ নভেম্বর, ২০২৬ এ ১:৪৫ PM

মঞ্জুর গাড়িতে আওয়ামী দুস্কৃতকারীদের অগ্নিসংযোগ কাপুরুষোচিত: রিজভী

‘আমার বাংলাদেশ পাটি’ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে আগুন দেওয়ার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই ন্যাক্কারজনক ঘটনা আওয়ামী দুস্কৃতকারীদের দ্বারা সংঘটিত ও কাপুরুষোচিত। তিনি অবিলম্বে দুষ্কৃতকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান।

শুক্রবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে রিজভী বলেন, ২০২৪ এর ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠী আবারও দুর্নীতি ও দুঃশাসনের স্বর্গরাজ্য ফিরে পাবার আশায় দেশব্যাপী বিরোধী নেতাকর্মীসহ সাধারণ জনগণের মধ্যে ভীতি সঞ্চারের লক্ষে হামলা ও খুন-জখমের মাধ্যমে ত্রাস সৃষ্টি শুরু করেছে।

তিনি বলেন, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসংযোগের ঘটনা তাদের সেই অপতৎপরতারই অংশ। একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের গাড়িতে অগ্নিসংযোগ কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি রাজনৈতিক ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এ ধরনের অগ্নিসংযোগ, হামলা, মানুষ হত্যা ও নির্যাতনের মাধ্যমে দেশের অকুতোভয় জনতাকে ভীত করা যাবে না। জনগণ আওয়ামী স্বৈরাচারকে দেশ থেকে পালিয়ে যেতে যেমন বাধ্য করেছে, একইভাবে সন্ত্রাসীদের বর্তমান নানা অরাজকতা-অপতৎপরতা রুখে দেবে।

তিনি বলেন, আগুন সন্ত্রাস ও খুন-জখম চালিয়ে ফ্যাসিস্টরা আরও বেশি জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে। দেশের গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরণের ন্যাক্কারজনক ও বর্বরোচিত ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সে জন্য এসব দুস্কৃতিকারিদের চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে কঠোর শাস্তি দেওয়ার বিকল্প নেই। তা না হলে তারা আরও বড় ধরনের নাশকতা ঘটাতে পারে।

উল্লেখ্য, বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে রাজধানীর বিজয়নগরে অবস্থিত এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ