‘ভয়েস’ কমান্ডে তথ্য খোঁজা যাবে জিমেইল, ডকস ও কিপে
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:২৫ AM

ই-মেইল খোঁজা, লেখার খসড়া তৈরি কিংবা নিজের চিন্তাগুলো গুছিয়ে নেওয়া; এখন এসব কাজ শুধু মুখের কথায় করা যাবে। গুগল ওয়ার্কস্পেসের জিমেইল, ডকস ও কিপে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) নতুন ‘লাইভ’ সুবিধা চালু করছে গুগল। এসব সুবিধায় ব্যবহারকারীরা টাইপ না করেও কথোপকথনের মাধ্যমে বিভিন্ন কাজ করতে পারবেন।
গুগলের নতুন এই সুবিধাগুলোর মধ্যে রয়েছে ‘জিমেইল লাইভ’, ‘ডকস লাইভ’ ও ‘কিপ লাইভ’। গুগলের জেমিনাই এআইয়ের অডিও মডেল ব্যবহার করে এসব সুবিধা তৈরি করা হয়েছে। গত ৩ সেপ্টেম্বর গুগল নতুন সুবিধাগুলো আনুষ্ঠানিকভাবে চালুর ঘোষণা দিয়েছে।
‘জিমেইল লাইভ’ সুবিধা কাজে লাগিয়ে মুখের কথায় ইনবক্সে থাকা ই-মেইল থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা যাবে। এ জন্য সার্চ বক্সে কিছু লেখার প্রয়োজন হবে না।
ব্যবহারকারী সরাসরি প্রশ্ন করে জানতে পারবেন, যেমন- কোন ফ্লাইটের গেট নম্বর কত কিংবা সন্তানের স্কুলে চলতি সপ্তাহে কী কী হচ্ছে। জিমেইল লাইভ ইনবক্সের ই-মেইলগুলো বিশ্লেষণ করে প্রয়োজনীয় তথ্য খুঁজে উত্তর দেবে।
অর্থাৎ, অসংখ্য ই–মেইলের মধ্যে আলাদা করে খোঁজাখুঁজি না করে কথোপকথনের মাধ্যমেই প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
‘ডকস লাইভ’ সুবিধাটি মূলত লেখালেখির কাজ সহজ করার জন্য। নতুন কোনও লেখা তৈরির আগে ব্যবহারকারী শুধু নিজের চিন্তা বা প্রয়োজনের কথা জানালেই হবে। সেই কথোপকথনের ভিত্তিতে এআই সহকারী লেখাটিকে গুছিয়ে কাঠামোবদ্ধ করে একটি প্রাথমিক খসড়া তৈরি করতে পারবে।
প্রয়োজনে ব্যবহারকারীর অনুমতি নিয়ে জিমেইল, গুগল ড্রাইভ, চ্যাট এবং ওয়েব থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেও খসড়া তৈরি করতে পারবে ডকস লাইভ। এলোমেলোভাবে চিন্তার কথা বলা কিংবা কোনও বিষয় নিয়ে মস্তিষ্কে ঘুরতে থাকা ধারণাগুলোও এটি গুছিয়ে লেখার কাঠামো তৈরি করতে পারবে।
শুধু খসড়া তৈরি নয়, লেখার ধরন ও ভাষাও পরিমার্জনে সহায়তা করবে ডকস লাইভ। ফলে এটি অনেকটা ব্যবহারকারীর ‘চিন্তার সঙ্গী’ ও সহলেখকের মতো কাজ করবে।
গুগল কিপে যুক্ত হয়েছে ‘কিপ লাইভ’ সুবিধা। সাধারণত দ্রুত কোনও ধারণা বা প্রয়োজনীয় কথা মনে এলে কিপে তা লিখে রাখা হয়। নতুন সুবিধায় টাইপ করার বদলে মুখের কথায় নিজের চিন্তা বা প্রয়োজনীয় তথ্য বলা যাবে।
ব্যবহারকারী একসঙ্গে অনেক বিষয় নিয়ে এলোমেলোভাবে কথা বললেও কিপ লাইভ সেগুলো বুঝে গুছিয়ে বিভিন্ন নোট ও তালিকায় সাজিয়ে দিতে পারবে। প্রয়োজনে নতুন নোট তৈরি কিংবা বিদ্যমান নোটও হালনাগাদ করা যাবে।
জিমেইল ও কিপে এসব নতুন এআইভিত্তিক ভয়েস সুবিধা গুগল এআই প্লাস, প্রো ও আলট্রা গ্রাহকদের জন্য চালু করেছে। ডকস লাইভ ব্যবহারের জন্য প্রয়োজন হবে গুগল এআই প্রো বা আলট্রা সাবস্ক্রিপশন।
নতুন সুবিধাগুলো চলতি সপ্তাহ থেকেই ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে শুরু করেছে। পাশাপাশি গুগল ওয়ার্কস্পেসের ব্যবসায়িক গ্রাহকদের জন্যও শিগগিরই এসব সুবিধা চালু করা হবে।
গুগল গত কয়েক মাসে নিজেদের বিভিন্ন অ্যাপে মুখের কথায় বিভিন্ন কাজ করার সুবিধা যুক্ত করেছে। এরই ধারাবাহিকতায় ওয়ার্কস্পেসের এসব অ্যাপে ভয়েসভিত্তিক এআই সুবিধা যুক্ত করা হলো।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
বিশ্বের ‘সবচেয়ে বুদ্ধিমান’ এআই, কমান্ড ছাড়াই শেষ করবে কাজ
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫৩ AM · বাংলা ট্রিবিউন
কমেন্টে ভয়েস নোট, পোলসহ যেসব নতুন সুবিধা আনলো টিকটক
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:২০ AM · বাংলা ট্রিবিউন
প্রতি ঘণ্টায় আরও নির্ভুল আবহাওয়া পূর্বাভাস দেবে গুগলের নতুন এআই
৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:২০ PM · বাংলা ট্রিবিউন
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া যেসব সাধারণ তথ্যও বিপদের কারণ হতে পারে
৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৪৯ PM · প্রথম আলো
বাজারে ২০ থেকে ৪০ হাজার টাকার স্মার্টফোন জনপ্রিয় বেশি
৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
