শাহজাদপুর সংবাদ

টিকটকের ফর ইউ ফিড বদলাতে ইউরোপীয় ইউনিয়নের নির্দেশ, জরিমানার হুমকি

৭ নভেম্বর, ২০২৬ এ ৯:৩৮ AM

টিকটকের ফর ইউ ফিড বদলাতে ইউরোপীয় ইউনিয়নের নির্দেশ, জরিমানার হুমকি

টিকটকের ফর ইউ ফিডের অ্যালগরিদম বদলাতে প্ল্যাটফর্মটিকে নির্দেশ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে বড় অঙ্কের জরিমানার হুমকিও দিয়েছে ব্রাসেলস। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শুক্রবার ব্রাসেলস অভিযোগ করে, ব্যবহারকারীরা আগে যেসব ভিডিও দেখেছেন বা লাইক দিয়েছেন, তার ভিত্তিতে একই ধরনের ক্লিপ দেখিয়ে টিকটক ইইউর ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট লঙ্ঘন করেছে। এতে ক্ষতিকর র‍্যাবিট হোল প্রভাব তৈরি হচ্ছে, এমনকি ক্লিপগুলো ট্রিগার করার মতো হলেও।

প্রযুক্তিগত সার্বভৌমত্বের দায়িত্বে থাকা ইউরোপীয় কমিশনের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হেন্না ভির্কুনেন এক বিবৃতিতে বলেন, ব্যবহারকারী যতবার টিকটকে স্ক্রল করেন বা কোনও ভিডিওতে লাইক দেন, অ্যালগরিদম ততবার আরও একই ধরনের ভিডিও দেখায়। এতে ব্যবহারকারীরা এমন র‍্যাবিট হোলে পড়েন, যা থেকে সহজে বেরোতে পারেন না।

ইইউর ভাষ্য, এ অ্যালগরিদমের ফলে ব্যবহারকারীরা দুঃখ, নিঃসঙ্গতা বা শরীরের গড়ন নিয়ে কনটেন্টের অন্তহীন মুখোমুখি হচ্ছেন। ইইউ জানায়, কমিশনের চিহ্নিত ঝুঁকি কমাতে টিকটক কিছু পরিবর্তন এনেছে, তবে তা যথেষ্ট নয়।

টিকটক ইইউর পর্যবেক্ষণ প্রত্যাখ্যান করেছে। তাদের মতে, এসব মৌলিকভাবে ভুল এবং প্ল্যাটফর্মের কাঠামো ও ব্যবহারকারীর নিরাপত্তার প্রতি আমাদের অঙ্গীকারকে বিকৃত করে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, ব্যবহারকারীদের নিজের কনটেন্ট-অভিজ্ঞতার ওপর সরাসরি ও সহজবোধ্য নিয়ন্ত্রণ দিয়ে সম্প্রদায়কে সুরক্ষার শক্তিশালী ইতিহাস তাদের রয়েছে।

নিয়ন্ত্রকদের মতে, সমস্যার সমাধান না করলে চীনা মালিকানাধীন এ প্ল্যাটফর্মের ওপর ব্রাসেলসের জরিমানা ৬ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার আগে জবাব দেওয়ার সুযোগ পাবে প্রতিষ্ঠানটি।

ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ডের মতো দেশে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রাপ্তবয়স্কদের শিকারি আচরণ, সাইবার বুলিং, মানসিক স্বাস্থ্যের অবনতি ও খাদ্যাভ্যাসজনিত রোগ থেকে সুরক্ষায় উদ্যোগ নেওয়া হয়েছে। বেশ কয়েকটি দেশ ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করেছে।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ