ভ্যাট আদায় কমেছে, প্রতি মাসে ভ্যাট রিটার্নে ফিরছে এনবিআর
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩০ AM

চলতি অর্থবছরের বাজেটে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট রিটার্ন দেওয়ার সময় পরিবর্তন করা হয়েছে। আগে প্রতি মাসে ভ্যাট রিটার্ন দিতে হতো ব্যবসায়ীদের। বাজেটে তা পরিবর্তন করা হয়েছে। তিন মাস পরপর রিটার্ন দেওয়ার বিধান করা হয়। কারণ, ছোট ব্যবসায়ীদের প্রতি মাসে কাগজপত্র জোগাড় করে হিসাব–নিকাশ করে ভ্যাট রিটার্ন দেওয়া কঠিন হয়।
বাজেট ঘোষণার পর ব্যবসায়ী মহলের কাছে উদ্যোগটি প্রশংসিত হয়। কারণ, এতে ব্যবসাপ্রতিষ্ঠানে ‘ক্যাশ ফ্লো’ বাড়ে। প্রতি মাসে রিটার্ন দেওয়ার ঝামেলা থাকে না।
কিন্তু বিপত্তি বাধে অন্য জায়গায়। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি মাসের ভ্যাট আদায়ে জটিলতা তৈরি হয়। প্রতি মাসে ভ্যাট রিটার্ন দিলে এনবিআরের হিসাবে রাজস্ব জমা পড়ে। তিন মাস পরপর রিটার্ন দেওয়ার বিধান করায় চলতি অর্থবছরের প্রথম তিন মাস শেষ না হওয়ায় এখনো ভ্যাট রিটার্ন থেকে ভ্যাট জমার পুরো অর্থ সরকারি কোষাগারে জমা পড়েনি। ফলে এনবিআরের ভ্যাট আদায় কমেছে বলে ভ্যাট বিভাগ সূত্রে জানা গেছে।
সার্বিকভাবে নতুন নিয়মে মাসিক ভ্যাট আদায় কমে এসেছে। এতে সরকারের রাজস্বের জোগানে টান পড়েছে। তাই নতুন নিয়মের বদলে আবার পুরোনো মাসিক রিটার্নে ফিরতে যাচ্ছে এনবিআর। প্রতি মাসেই রিটার্ন দেওয়ার পুরো নিয়ম বহাল রাখতে শিগগিরই আদেশ জারি করবে এনবিআর।
জ্বালানিসহ নানা ধরনের বাড়তি খরচ মেটাতে হচ্ছে সরকারকে। কিন্তু সরকারের বিদ্যমান রাজস্ব আদায় পরিস্থিতি দিয়ে সেই বাড়তি চাহিদা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। তাই এখন তড়িঘড়ি নিয়ম বদলাতে যাচ্ছে সংস্থাটি। প্রতি মাসে ভ্যাট রিটার্নের পুরোনো ব্যবস্থায় ফিরে যেতে সংসদে সংশোধনী পাস করা হবে নাকি অধ্যাদেশ জারি হবে—তা নিয়ে যাচাই–বাছাই করা হচ্ছে। কোনো কোনো ভ্যাট কর্মকর্তা মত দিয়েছেন যে তিন মাস না গেলে নতুন নিয়ম বদলানো যাবে না।
এনবিআরের ভ্যাট বিভাগের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা বলেন, অর্থমন্ত্রী এবং সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ইতিবাচক সংকেত পাওয়া গছে। তাই আগামী মাসে অধ্যাদেশ জারির মাধ্যমে আগের মাসিক নিয়মে ফিরে যাওয়ার বিষয়টি চূড়ান্ত হতে পারে।
এনবিআর চলতি অর্থবছরের কোনো মাসের রাজস্ব আদায়ের চূড়ান্ত হিসাব প্রকাশ করেনি। তবে এনবিআরের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, তিন মাস পরপর ভ্যাট রিটার্ন জমার নতুন নিয়মের কারণে চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই–আগস্ট) ভ্যাট আদায় গত অর্থবছরের তুলনায় কমেছে। ওই দুই মাসে ভ্যাট আদায় হয়েছে ১৭ হাজার ৬৬৪ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে আদায় হয়েছিল ২২ হাজার ৪৮৮ কোটি টাকা। অর্থাৎ, গত বছরের তুলনায় ভ্যাট আদায় কমেছে ৪ হাজার ৮২৪ কোটি টাকা।
তবে তৃতীয় মাস শেষে ব্যবসায়ীরা যখন ভ্যাট রিটার্ন দেবেন, তখন এই ঘাটতি অনেকটাই পূরণ হয়ে যাবে বলে মনে করছেন ভ্যাট কর্মকর্তারা। তাঁরা বলছেন, তিন মাস না গেলে আদায় কমেছে বলা যাবে না। কারণ, তিন মাস গেলে আদায় আগের বছরের তুলনায় বেড়ে যাবে বলে আশা করছেন তাঁরা।
এদিকে ভ্যাট আদায় বাড়াতে নতুন করে নিম্নস্তরের সিগারেটের দামও কিছুটা বাড়ানো হয়েছে। প্রতি ১০ শলাকা প্যাকেটের দাম ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা করা হয়। এ ছাড়া আদায় বাড়াতে ভ্যাট ফাঁকির বিরুদ্ধে অভিযান কার্যক্রমও বাড়িয়েছে এনবিআর।
এদিকে ছয় মাস অপেক্ষা না করে ঘন ঘন নীতি পরিবর্তনের সমালোচনা করছেন ব্যবসায়ী নেতারা।
এ বিষয়ে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী প্রথম আলোকে বলেন, কমপক্ষে ছয় মাস দেখার দরকার ছিল। কেন ভ্যাট আদায় কমছে, তা সমীক্ষা করে দেখা দরকার। জ্বালানিসহ নানা সংকটে ব্যবসায় প্রবৃদ্ধি ও কেনাবেচা কমছে। এমন পরিস্থিতিতে ভ্যাট আদায় কমাটা স্বাভাবিক।
তাই ঠিক কী কারণে ভ্যাট কমছে, সেটা খতিয়ে দেখার আহ্বান জানান এই ব্যবসায়ী নেতা। আর ভ্যাটের আওতা বাড়াতে হলেও নতুন ব্যবসায়ীদের আস্থায় আনার কথা বলেন তিনি। নয়তো নতুনেরাও এ প্রক্রিয়ায় যুক্ত হবে না বলে মনে করেন আনোয়ার-উল আলম চৌধুরী।
এনবিআরকে চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৬ লাখ ৪ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করতে হবে। এর মধ্যে ভ্যাট থেকে আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৫৭ হাজার কোটি টাকা। ভ্যাটের লক্ষ্যমাত্রা অর্জন নিশ্চিত করতে ভ্যাট নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধির পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের ভ্যাটের আওতায় আনার উদ্যোগ নিয়েছে এনবিআর।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১:৫৮ AM · বাংলা ট্রিবিউন
