শাহজাদপুর সংবাদ

ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু

২৯ অক্টোবর, ২০২৬ এ ১০:০৯ AM

ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। তা সত্ত্বেও ইহুদি ভোটারদের বিপুল সমর্থন পাওয়া নেতানিয়াহুকে প্রতিপক্ষরা এখনই ক্ষমতাচ্যুত করার তেমন কোনো সুযোগ পাচ্ছেন না। ফলে তিনিই দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে বহাল থাকছেন বলে আভাস পাওয়া যাচ্ছে।

গতকাল বুধবার পর্যন্ত প্রায় ৮৬ শতাংশ (কোনো কোনো খবরে ৯০ শতাংশ) ভোট গণনা শেষে ইসরায়েলের প্রধান তিনটি সম্প্রচারমাধ্যম এক পূর্বাভাসে জানিয়েছে, ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুর জোট ৫৩ আসন পেতে পারে। এ জোটে রয়েছে ডানপন্থী, কট্টর ডানপন্থী ও অতি কট্টর রক্ষণশীল (আল্ট্রা-অর্থোডক্স) দলগুলো।

অন্যদিকে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী ও ইসরায়েলের সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটের ঝুলিতে যাচ্ছে ৪৮টি আসন। ফলে আসনের দিক থেকে এগিয়ে রয়েছেন নেতানিয়াহু।

তবে নির্বাচনে আরব ইসরায়েলিদের প্রতিনিধিত্বকারী দলগুলো নজিরবিহীনভাবে ১৯টি আসন পেতে যাচ্ছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আরব দলগুলোর ব্যাপক সমর্থন ছাড়া আইজেনকটের পক্ষে সরকার গঠন করা কার্যত অসম্ভব। তবে ইসরায়েলের অনেক ইহুদি রাজনৈতিক নেতাই আরব দলগুলোর সঙ্গে এমন সমীকরণ মেনে নিতে নারাজ।

ভোট গণনা এখনো চলায় বর্তমান ফলাফলে পরিবর্তন আসার সুযোগ রয়েছে। তবে মধ্যবাম থেকে শুরু করে কট্টর ডানপন্থী দলগুলোর সমন্বয়ে গঠিত আইজেনকটের নেতানিয়াহুবিরোধী জোট (চেঞ্জ ব্লক) প্রাক্‌-নির্বাচনী জনমত জরিপের পূর্বাভাস ছুঁতে পারেনি। নির্বাচনের আগে জরিপগুলোয় প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দেওয়া হয়েছিল।

নতুন জোট সরকার গঠনের আলোচনা চলাকালে এবং পরিস্থিতি অনুযায়ী আগামী বছর নতুন কোনো নির্বাচন হওয়া পর্যন্ত নেতানিয়াহুই অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বলে মনে করা হচ্ছে।

অন্তর্বর্তী সরকারের কাজের ক্ষেত্রে কিছু আইনি সীমাবদ্ধতা থাকলেও বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা এ সরকারের থাকবে।

ইসরায়েল ডেমোক্রেসি ইনস্টিটিউটের রিসার্চ ফেলো গাই লুরি এ প্রসঙ্গে বলেন, একটি অন্তর্বর্তী সরকার আনুষ্ঠানিকভাবে নিয়মিত সরকারের মতোই সমান ক্ষমতা ভোগ করে। তবে কিছু ক্ষেত্রে তাদের ‘সংযম বজায় রাখার বাধ্যবাধকতা’ থাকে এবং সিদ্ধান্ত নেওয়ার পরিধি কিছুটা সীমিত হয়ে আসে।

আইজেনকট স্বীকার করেছেন, নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকছেন। তবে তিনি সতর্ক করে বলেছেন, নেতানিয়াহু রাজনৈতিক স্বার্থে দেশের নিরাপত্তার বিষয়টি ব্যবহার করতে পারেন।

আইজেনকট বলেন, ‘নিরাপত্তা সংস্থাগুলোর প্রধান ও সরকারি কর্মকর্তাদের প্রতি আমার আহ্বান, নেতানিয়াহু একজন তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী। তাঁর কোনো ম্যান্ডেট (জনগণের রায়) নেই, জনগণের আস্থাও নেই। আপনাদের চ্যালেঞ্জ করার যেকোনো প্রচেষ্টার মুখে দৃঢ় থাকুন।’

ইসরায়েলে ভোট পড়েছে ৭৭ দশমিক ৭ শতাংশ, যা দুই দশকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরায়েলিদের মধ্যে ভোট দেওয়ার হার ছিল বিশেষভাবে বেশি। দেশটির মোট জনসংখ্যার এক-পঞ্চমাংশের বেশি এই জনগোষ্ঠীর মানুষ।

বুথফেরত জরিপের ফলাফল প্রকাশের পর কয়েকটি আরব দলের জোট জয়েন্ট লিস্টের সদর দপ্তরে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সেখানে উপস্থিত লোকজন হাততালি দিয়ে প্রতিক্রিয়া জানান। জয়েন্ট লিস্টের প্রার্থী ফাতেন গাত্তাস বলেন, ‘আমরা দখলদারত্ব ও বর্ণবাদ প্রত্যাখ্যান করি। আমরা এখানেই থাকব।’

সর্বশেষ যে জোট নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়েছিল, সেটি একটি ছোট আরব দলের সমর্থনের ওপর নির্ভর করেছিল। কিন্তু আইজেনকটের জোট প্রত্যাশার চেয়ে কম আসন পাওয়ায় এবার বিরোধীদের ক্ষমতায় যেতে হলে জয়েন্ট লিস্টের সমর্থন প্রয়োজন হবে। ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে দেশটির অধিকাংশ ইহুদি নেতা আরব দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক জোট গঠন এড়িয়ে চলেছেন।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ

ভোটে অমীমাংসিত ফলাফল: ইসরায়েলের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু | শাহজাদপুর সংবাদ