ভৈরব বন্ধুসভার মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ
৩০ অক্টোবর, ২০২৬ এ ১১:০০ AM

ভৈরবে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে ভৈরব বন্ধুসভা। ম্যাচে সবুজ দলকে ৫–২ গোলে হারিয়েছে লাল দল।
মাদক থেকে দূরে থাকা এবং পড়াশোনার পাশাপাশি খেলাধুলার চর্চায় তরুণদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে ২১ অক্টোবর ভৈরব পৌর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ‘মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ–২০২৬’। ভৈরব বন্ধুসভার আয়োজনে ম্যাচে অংশ নেয় লাল ও সবুজ দল। বাংলাদেশের জাতীয় পতাকার লাল ও সবুজ রং থেকে অনুপ্রাণিত হয়ে দল দুটির নাম ও রং নির্ধারণ করা হয়।
ম্যাচের প্রথমার্ধে দুই দলই সমানতালে লড়াই করে। ২–২ গোলে সমতা নিয়ে বিরতিতে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে ব্যবধান বাড়িয়ে নেয় লাল দল। শেষ পর্যন্ত ৫–২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। ম্যাচে হ্যাটট্রিক করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন লাল দলের রাইট উইঙ্গার হান্নান আহমেদ। ম্যাচে লাল দলকে দুটি লাল কার্ডের মুখোমুখি হতে হয়। অন্যদিকে সবুজ দলের একজন খেলোয়াড় হলুদ কার্ড দেখেন। মাঠে প্রায় শতাধিক দর্শকের উপস্থিতি খেলাটিতে বাড়তি প্রাণ সঞ্চার করে।
খেলা শেষে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও বন্ধুসভার উপদেষ্টা সুমন মোল্লা বলেন, ‘বর্তমান সময়ে সমাজ ও দেশের জন্য মাদক একটি অদৃশ্য মহামারি। এটি একটি সমাজ ও প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে। তাই তরুণদের পড়াশোনার পাশাপাশি অবসর সময় অবশ্যই খেলার মাঠে কাটাতে হবে এবং ভালো সঙ্গ বেছে নিতে হবে।’
ম্যাচ নিয়ে নিজের অনুভূতি জানিয়ে ভৈরব বন্ধুসভার সাবেক সভাপতি প্রিয়াঙ্কা বলেন, ‘খেলাটি চমৎকার ছিল। প্রথমার্ধ বেশি ভালো লেগেছে। কারণ, তখন দুই দলই খুব ভালো খেলছিল। পুরো সময়জুড়ে টান টান উত্তেজনা ছিল।’
ম্যাচের ছবি ধারণ করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক স্নেহা আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন সভাপতি জান্নাতুল মিশু, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মহিমা মেধা, সংস্কৃতি সম্পাদক মোশাররফ রাব্বি, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক ভুবন আহমেদসহ বন্ধুসভার অন্য বন্ধুরা।
মাদকবিরোধী এ আয়োজনের মধ্য দিয়ে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো, সুস্থ বিনোদনের সুযোগ তৈরি এবং মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা ছড়িয়ে দিতে চায় ভৈরব বন্ধুসভা।
স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক, ভৈরব বন্ধুসভা
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
লাঞ্চের আগে নাঈমের আঘাত, ওয়েস্ট ইন্ডিজ এখনও ৫৯ রানে পিছিয়ে
৩০ অক্টোবর, ২০২৬ এ ১২:১৭ PM · বাংলা ট্রিবিউন
পাঁচবার বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক রোনালদোর, ১০০০ গোলও খুব কাছে
৩০ অক্টোবর, ২০২৬ এ ৯:২৭ AM · প্রথম আলো
টাকা খরচের ভোটে মেসিকে হারিয়ে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জয় রোনালদোর
২৯ অক্টোবর, ২০২৬ এ ১০:১৭ AM · প্রথম আলো
