পাঁচবার বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক রোনালদোর, ১০০০ গোলও খুব কাছে
৩০ অক্টোবর, ২০২৬ এ ৯:২৭ AM

‘দারুণ জয়। দারুণ দলগত পারফরম্যান্স। হ্যাটট্রিক করে সাহায্য করতে পেরে ভালো লাগছে।’
আল নাসর জিতলে কিংবা গোল পেলে সাধারণত ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেখা যায় ক্রিস্টিয়ানো রোনালদোর। গতকাল রাতে সৌদি প্রো লিগে আল খোলোদের বিপক্ষে আল নাসরের ৫–৩ গোলে জয়ের পর এ পোস্ট করা হয় রোনালদোর সামাজিক যোগাযোগমাধ্যম হ্যান্ডলে।
পোস্টে রোনালদো যে কথাটা বলেননি, সেটা শুধু হ্যাটট্রিক নয়, রীতিমতো ‘পারফেক্ট হ্যাটট্রিক’! প্রথম বাঁ পায়ের টোকায়, তারপর লাফিয়ে হেডে এবং তৃতীয় গোলটি এসেছে ডান পায়ের টোকায়। সবই মাত্র ১৫ মিনিটের মধ্যে! রোনালদো আরও একটি বিষয় বলেননি। অবশ্য সেটা পোস্টে জানানোর মতো ব্যাপারও নয়। রোনালদো জালে বল পাঠিয়েছেন পাঁচবার। অফসাইডে বাতিল হয়েছে দুটি গোল।
সেটা ম্যাচের ১১তম ও প্রথমার্ধের যোগ করা সময়ে। রোনালদো এরপর হ্যাটট্রিক পান স্কোরলাইন ২–২ গোলের সমতায় থাকতে। ৬৬, ৭২ ও ৮২ মিনিটে গোল তিনটি করে ক্যারিয়ারের ৬৭তম হ্যাটট্রিক তুলে নেন। সেই সঙ্গে ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার পথে এগিয়েও গেলেন বেশ খানিকটা। ৯৮৫ গোল করা রোনালদোর চাই আর মাত্র ১৫ গোল। অর্থাৎ তাঁর ১০০০ গোল করার স্বপ্ন এখন বাস্তবে বেশ দৃশ্যমান।
রোনালদোর ম্যাচে জোয়াও ফেলিক্সের অবদানও কম নয়। আল নাসরের চারটি গোলের উৎস পর্তুগিজ এই অ্যাটাকিং মিডফিল্ডার। এর মধ্যে রোনালদোকে বানিয়ে দেন দুটি গোল।
লিওনেল মেসিকে ভোটে হারিয়ে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জেতার পর এটাই ছিল রোনালদোর প্রথম ম্যাচ। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে ভক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এভাবে, ‘ফুটবল সমর্থকদের। সবাইকে ধন্যবাদ। সর্বকালের সেরা ব্যালন ডি’অরও আপনাদেরই।’
বোঝাই যায়, বেশ ফুরফুরে মেজাজেই ম্যাচটা খেলতে নেমেছিলেন রোনালদো। ৪১ বছর বয়সেও কিংবদন্তি ফুরফুরে মেজাজে মাঠে নামলে কী হতে পারে, সেটা তো দেখাই গেল আল নাসরের মাঠ আওয়াল পার্কে। সৌদি ক্লাবটির হয়ে সপ্তম হ্যাটট্রিক পেলেন। সর্বশেষ হ্যাটট্রিক ২০২৪ সালের ৪ মে আল নাসরের হয়েই। অর্থাৎ প্রায় আড়াই বছর পর হ্যাটট্রিকের দেখা পেলেন রোনালদো। মৌসুমে এ নিয়ে ১২ ম্যাচে ৯ গোল হলো তাঁর। সৌদি লিগে এবারের মৌসুমে ১০ ম্যাচে তাঁর গোল ৮টি।
ক্যারিয়ারে ৬৭ হ্যাটট্রিকের মধ্যে রোনালদো রিয়ালের হয়ে ৪৪টি, পর্তুগালের হয়ে ১০টি, আল নাসরের হয়ে ৭টি, ম্যান ইউ ও জুভেন্টাসের হয়ে ৩টি করে হ্যাটট্রিক করেন। ১০০০ গোলের মাইলফলক ছোঁয়ার দৌড়ে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির চেয়ে ৪৯ গোলে এগিয়ে রোনালদো। ক্যারিয়ারে আর্জেন্টাইন কিংবদন্তির গোলসংখ্যা ৯৩৬। হ্যাটট্রিক ৬২টি।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
লাঞ্চের আগে নাঈমের আঘাত, ওয়েস্ট ইন্ডিজ এখনও ৫৯ রানে পিছিয়ে
৩০ অক্টোবর, ২০২৬ এ ১২:১৭ PM · বাংলা ট্রিবিউন
টাকা খরচের ভোটে মেসিকে হারিয়ে ‘ব্যালন ডি’অর অব অলটাইম’ জয় রোনালদোর
২৯ অক্টোবর, ২০২৬ এ ১০:১৭ AM · প্রথম আলো
