ভিক্ষুকের কাছে পাওয়া গেল ৫৫ লাখ টাকা
১৪ আগস্ট, ২০২৬ এ ১০:১৫ AM

জর্ডানের রাজধানী আম্মানে ভিক্ষা করছিলেন এক নারী। তাঁকে আটক করে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ নগদ অর্থ। তাঁর কাছে পাওয়া গেছে প্রায় ৪৬ হাজার ৬০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৫ লাখ টাকা।
গত বুধবার জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেত্রার প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর বাণিজ্যিক এলাকায় ভিক্ষা করার সময় ওই নারীকে গ্রেপ্তার করা হয়। সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ের ভিক্ষাবিরোধী দল ও জননিরাপত্তা অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেন।
কর্তৃপক্ষের ভাষ্যমতে, ওই নারী আগে থেকেই নিয়মিত ভিক্ষা করতেন। প্রতিদিন ভিক্ষা করে পাওয়া অর্থ তিনি জমিয়ে রাখার পাশাপাশি বিভিন্ন বিদেশি মুদ্রায় তা রূপান্তর করতেন। এভাবে তাঁর কাছে বিপুল অর্থ জমা হয়েছিল।
তবে ওই নারী ঠিক কত দিন ধরে ভিক্ষা করে আসছিলেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। তা ছাড়া ওই নারীর জাতীয়তা সম্পর্কেও তারা কিছু বলেনি। আইনি ব্যবস্থা নিতে ওই ভিক্ষুককে সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
এই ঘটনার পর জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয় রাস্তায় ভিক্ষা করা ব্যক্তিদের সরাসরি অর্থ না দেওয়ার আহ্বান জানিয়েছে। মন্ত্রণালয় নাগরিকদের সতর্ক করে বলেছে, ভিক্ষুকদের কেউ কেউ অসুস্থতা বা চরম আর্থিক সংকটে থাকার কথা বলে মানুষের সহানুভূতি আদায় করেন।
অসহায় মানুষকে সাহায্য করতে চাইলে অনুমোদিত দাতব্য সংস্থার মাধ্যমে অর্থ দেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি সন্দেহজনক ভিক্ষাবৃত্তির ঘটনা কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। দেশজুড়ে ভিক্ষাবৃত্তি বন্ধে ভিক্ষাবিরোধী দলগুলো নিয়মিত অভিযান চালাচ্ছে বলেও জানিয়েছে জর্ডানের সমাজ উন্নয়ন মন্ত্রণালয়।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
৯ নভেম্বর, ২০২৬ এ ১২:২০ PM · বাংলা ট্রিবিউন
জার্মানি প্রথমবারের মতো একজন নারী প্রেসিডেন্ট পেতে পারে
৯ নভেম্বর, ২০২৬ এ ১০:৪৮ AM · প্রথম আলো
নেতানিয়াহু ইসরায়েলের নতুন জোট সরকারেও থাকছেন, কী ইঙ্গিত দিলেন আইজেনকট
৯ নভেম্বর, ২০২৬ এ ৯:৪১ AM · প্রথম আলো
চীনা গুপ্তচরের সঙ্গে এনভিডিয়া প্রধানের প্রেমের সম্পর্ক ছিল, দাবি মার্কিন গোয়েন্দাদের
৯ নভেম্বর, ২০২৬ এ ৮:৫৭ AM · প্রথম আলো
ইরানের অস্ত্র সরবরাহ বন্ধে যুক্তরাষ্ট্রের নতুন টাস্কফোর্স, এবার স্থলসীমান্ত ও কাস্পিয়ান সাগরে নজর
৯ নভেম্বর, ২০২৬ এ ৩:০১ AM · প্রথম আলো
