ব্রিটেনের রাজার সঙ্গে সাক্ষাতে বাধ্য করা হলো বাদ পড়া পাকিস্তানি ক্রিকেটারদের
৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৫৯ PM

পাকিস্তান ক্রিকেটের এ কী হাল!
ইংল্যান্ড সফরে প্রথম দুই টেস্টে হারের পর সিরিজের মাঝপথে সাত ক্রিকেটারকে স্কোয়াড থেকে বাদ দিয়েছে পাকিস্তান। এ নিয়ে চারদিকে চলছে সমালোচনার ঝড়। এবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, লন্ডনে ব্রিটেনের রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করতে পাকিস্তান দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের বাধ্য করা হয়েছে। গতকাল ক্ল্যারেন্স হাউসে আয়োজিত সেই সাক্ষাৎ পর্বে কম উপস্থিতি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিব্রত হতে পারে—এমন আশঙ্কা থেকেই ক্রিকেটারদের সেখানে উপস্থিত থাকার জন্য বলা হয়েছিল।
টেলিগ্রাফ জানিয়েছে, ক্রিকেটারদের জন্য পরিস্থিতি ছিল বেশ অস্বস্তিকর। বাদ পড়া ক্রিকেটারদের মধ্যে আলী উসমান, আমের জামাল, খুররম শেহজাদ ও আওয়াইস জাফর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সিরিজের মাঝপথে দল থেকে বাদ দেওয়ার প্রতিবাদে আরও এক ক্রিকেটার অনুষ্ঠানে যেতে অস্বীকৃতি জানান। সেই ক্রিকেটারের নাম প্রকাশ করেনি দ্য টেলিগ্রাফ।
দল থেকে বাদ পড়া সাতজনের মধ্যে কয়েকজনকে আগেই দেশে পাঠিয়ে দেওয়া হয়। আর তাদের জায়গায় দলে ডাক পাওয়া খেলোয়াড়দের সবাই এখনো ইংল্যান্ডে পৌঁছাননি। এ কারণে রাজপরিবারের এমন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উপস্থিতির সংখ্যা কম হতে পারে—এমন আশঙ্কা তৈরি হয়।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, অনুষ্ঠানে রাজা চার্লস খেলোয়াড় ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। মাঠে ও মাঠের বাইরে কঠিন সময় পার করা পাকিস্তান দলকে তিনি উৎসাহ দেন। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম রাজাকে স্বাক্ষর করা ব্যাট উপহার দেন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভিও চার্লসকে উপহার দেন।
ইংল্যান্ড সফরে যাওয়া ক্রিকেট দলগুলোকে সাধারণত রাজপরিবারের কোনো সদস্য অথবা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানানো হয়।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
মেসির ইনস্টাগ্রাম রসিদে ‘সর্বকালের সেরা বিতর্কের অবসান’
৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩২ PM · প্রথম আলো
জেলে বসেই এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা সংঘবদ্ধ অপরাধী চক্রের হোতার
৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৫৯ AM · প্রথম আলো
‘আমরা কিছুই করছি না’—ইমরান খানের বিষয়ে কমনওয়েলথের জবাবকে লজ্জাজনক বললেন গোল্ডস্মিথ
৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:০০ AM · প্রথম আলো
চোট নিয়ে ব্যাটিংয়ে না নামায় ইমামের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পাকিস্তান
২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১৪ PM · প্রথম আলো
