শাহজাদপুর সংবাদ

ফোনে কথা বলার সময় অপর প্রান্তের শব্দ কম শোনা গেলে যা করবেন

১১ নভেম্বর, ২০২৬ এ ৯:২৯ AM

ফোনে কথা বলার সময় অপর প্রান্তের শব্দ কম শোনা গেলে যা করবেন

ফোনে কথা বলার সময় অপর প্রান্তের ব্যক্তির কণ্ঠস্বর কম বা অস্পষ্ট শোনা গেলেঅনেকেই নেটওয়ার্কের সমস্যা মনে করেন। তবে নেটওয়ার্কের দুর্বলতা ছাড়াও ফোনের ওপরের ইয়ারপিসে ধুলো-ময়লা জমা, স্ক্রিন প্রটেক্টরের অবস্থান কিংবা কল চলাকালে ভলিউম কমে যাওয়ার মতো সাধারণ কারণেও এ সমস্যা হতে পারে। নতুন কোনো অ্যাপ ইনস্টল বা ফোনের সেটিংস পরিবর্তনের আগে কয়েকটি বিষয় পরীক্ষা করেই এই সমস্যার সমাধান করা সম্ভব।

স্মার্টফোনের পর্দার একেবারে ওপরের দিকে, সাধারণত সামনের ক্যামেরা ও সেন্সরের কাছাকাছি সরু যে স্পিকারটি থাকে, সেটিই ইয়ারপিস। দীর্ঘদিন ব্যবহারের ফলে এর জালের ভেতরে ধুলো, ত্বকের তেল ও অন্যান্য ময়লা জমতে পারে। এতে শব্দ চলাচলের পথ বাধাগ্রস্ত হয়ে কলের সময় কণ্ঠস্বর অস্পষ্ট বা কম শোনা যায়।

এ সমস্যা সমাধানে ফোন বন্ধ করে পরিষ্কার ও শুকনো নরম ব্রাশ দিয়ে ইয়ারপিসের ওপরের অংশটি আলতোভাবে পরিষ্কার করতে হবে। ব্রাশের সাহায্যে ময়লা বের করার সময় বেশি চাপ দেওয়া যাবে না। সূচ, পিন বা সিম কার্ড বের করার সরঞ্জাম দিয়ে ইয়ারপিসের ছিদ্র পরিষ্কার করা কিংবা সেখানে পানি ও পরিষ্কারক স্প্রে ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। এতে ভেতরের সূক্ষ্ম অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

নতুন স্ক্রিন প্রটেক্টর লাগানোর পর কলের শব্দ কমে গেলে সেটির অবস্থান পরীক্ষা করা প্রয়োজন। প্রটেক্টরটি ঠিকভাবে না বসলে ইয়ারপিসের সরু অংশ আংশিক বা পুরোপুরি ঢেকে যেতে পারে। নির্দিষ্ট ফোনের মডেলের সাথে মিল রেখে প্রটেক্টর না ব্যবহার করে, অন্য প্রটেক্টর লাগালে এই সমস্যা হতে পারে। সাময়িকভাবে প্রটেক্টর ও ফোনের কভার খুলে একটি কল করে দেখুন। শব্দ স্বাভাবিক হলে সঠিক মাপের প্রটেক্টর ব্যবহার করতে হবে।

ফোনের হোম স্ক্রিনে থাকা অবস্থায় ভলিউম বাটন চাপলে সাধারণত রিংটোন বা মিডিয়ার শব্দের মাত্রা পরিবর্তিত হয়। কলের সময় শোনা শব্দের মাত্রা আলাদাভাবে নিয়ন্ত্রণ করা হয়। তাই কাউকে ফোন করে কথা বলার সময় ভলিউম বাড়ানোর বাটন কয়েকবার চাপুন। পর্দায় কল ভলিউমের নির্দেশক দেখা যাচ্ছে কি না, সেটিও খেয়াল করুন।

কখনো কখনো ফোনের শব্দ ব্লুটুথে যুক্ত হেডফোন বা অন্য কোনো ডিভাইসে চলে যেতে পারে। কলের সময় অডিও আউটপুট হিসেবে ফোন নির্বাচন করুন। প্রয়োজনে সাময়িকভাবে ব্লুটুথ বন্ধ করে আবার কল করুন।

আইফোনে সেটিংসে গিয়ে অ্যাক্সেসিবিলিটি মেনু থেকে ও অডিও এন্ড ভিজুয়াল অপশনে গিয়ে বাম ও ডান চ্যানেলের ব্যালান্স মাঝামাঝি আছে কি না পরীক্ষা করা যায়। স্যামসাং ফোনে সেটিংসে গিয়ে অ্যাক্সেসিবিলিটি বিভাগের হেয়ারিং এনহ্যান্সমেন্ট অপশনে মনো অডিও ও সাউন্ড ব্যালান্সের সেটিংস পাওয়া যায়। মডেলভেদে মেনুর নাম ও অবস্থান আলাদা হতে পারে।

স্পিকারফোনে কথা বলার সময় শব্দ পরিষ্কার শোনা গেলেও সাধারণ কলে ইয়ারপিস থেকে শব্দ কম আসতে পারে। অন্য জায়গা থেকে কল করে বা ওয়াই-ফাই কলিং সুবিধা থাকলে সেটি ব্যবহার করেও পরীক্ষা করা যায়। সব পরীক্ষা করার পরও শব্দ কম থাকলে, কড়কড় শব্দ হলে কিংবা কণ্ঠস্বর বারবার কেটে গেলে ইয়ারপিসে হার্ডওয়্যার সমস্যা থাকতে পারে। সে ক্ষেত্রে ফোনের অনুমোদিত সার্ভিস সেন্টারে পরীক্ষা করানো উচিত।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ