পাসওয়ার্ড চুরি হলেও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবে গুগল অথেনটিকেটর, ব্যবহার করবেন যেভাবে
১০ নভেম্বর, ২০২৬ এ ৯:৫৩ PM

সাম্প্রতিক সময়ে সাইবার হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বাড়ায় অনলাইনে বিভিন্ন অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করতে শুধু পাসওয়ার্ড ব্যবহার করাই যথেষ্ট নয়। পাসওয়ার্ড অন্যের হাতে চলে গেলে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের অ্যাক্সেসের পাশাপাশি ঝুঁকির মুখে পড়তে পারে ভুক্তভোগীর সকল গুরুত্বপূর্ণ ডেটা। এ ধরনের ঝুঁকি কমাতে সাধারণত টু-স্টেপ ভেরিফিকেশন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে, যেখানে পাসওয়ার্ডের পাশাপাশি পরিচয় নিশ্চিত করতে অতিরিক্ত একটি কোড প্রয়োজন হয়। এসএমএসের মাধ্যমে কোড নেওয়ার পাশাপাশি গুগল অথেনটিকেটরের মতো বিশেষ অ্যাপ ব্যবহার করেও যাচাইকরণ কোড তৈরি করা যায়। জনপ্রিয় এই অ্যাপের মাধ্যমে ফেসবুক, অ্যামাজন, স্ল্যাকসহ বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টে দুই স্তরের যাচাইকরণ সুবিধা ব্যবহার করা সম্ভব।
প্রথমে স্মার্টফোনে প্লে স্টোর থেকে গুগল অথেনটিকেটর অ্যাপ ইনস্টল করতে হবে। এরপর যে অনলাইন অ্যাকাউন্টে সুবিধাটি চালু করতে চান, সেটির নিরাপত্তা বা সিকিউরিটি সেটিংসে গিয়ে টু-স্টেপ ভেরিফিকেশন চালু করতে হবে। অ্যাকাউন্টভেদে সেটিংসের অবস্থান আলাদা হতে পারে। সাধারণত এ প্রক্রিয়ায় একটি কিউআর কোড অথবা অক্ষর ও সংখ্যার সমন্বয়ে তৈরি একটি সেটআপ কি দেওয়া হয়।
এরপর গুগল অথেনটিকেটর অ্যাপ খুলে প্লাস (+) চিহ্নে ট্যাপ করতে হবে। প্রথমবার অ্যাপ ব্যবহারের সময় গুগল অ্যাকাউন্টে সাইন ইন করা অথবা অ্যাকাউন্ট ছাড়াই অ্যাপ ব্যবহারের অপশন আসবে। গুগল অ্যাকাউন্টে সাইন ইন করলে কোডগুলো সেখানে ব্যাকআপ রাখা যায়।
পরের ধাপে কিউআর কোড থাকলে ‘স্ক্যান আ কিউআর কোড’ এবং সেটআপ কি থাকলে ‘এন্টার আ সেটআপ কি’ নির্বাচন করতে হবে। কিউআর কোড স্ক্যান অথবা সেটআপ কি যুক্ত করার পর সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি অ্যাপে যুক্ত হবে। সেটআপ সম্পন্ন করতে অ্যাপ থেকে পাওয়া কোডটি সংশ্লিষ্ট ওয়েবসাইট বা সেবার নির্ধারিত স্থানে লিখে যাচাই করতে হবে।
অ্যাকাউন্টে টু-স্টেপ ভেরিফিকেশন চালু করার পর স্বাভাবিক নিয়মে ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর অতিরিক্ত যাচাইকরণের জন্য কোড চাওয়া হলে স্মার্টফোনে গুগল অথেনটিকেটর অ্যাপ খুলতে হবে। সেখানে সংশ্লিষ্ট অ্যাকাউন্টের পাশে ছয় সংখ্যার একটি কোড দেখা যাবে। কোডটি লগইন পেজে লিখলেই প্রবেশ প্রক্রিয়া সম্পন্ন হবে।
কোডটির মেয়াদ প্রায় এক মিনিট। এই এক মিনিটের মধ্যেই কোডটি সংশ্লিষ্ট অ্যাপের লগইন পেজে লেখতে হবে, তবে দেরি হয়ে গেলে পুনরায় কোড পাঠানোর ব্যবস্থাও রয়েছে।
সাধারণত টু-স্টেপ ভেরিফিকেশনের জন্য প্রয়োজনীয় কোড এসএমএসের মাধ্যমে পাঠানো হয়। গুগল অথেনটিকেটর এ ক্ষেত্রে স্মার্টফোনেই যাচাইকরণ কোড তৈরি করে, ফলে কোড পেতে মোবাইল নেটওয়ার্কের ওপর নির্ভর করতে হয় না। এতে পাসওয়ার্ড অন্য কারও হাতে চলে গেলেও শুধু সেটি ব্যবহার করে অ্যাকাউন্টে প্রবেশ করা সম্ভব হয় না। লগইন সম্পন্ন করতে সংশ্লিষ্ট অথেনটিকেটর অ্যাপে তৈরি কোডেরও প্রয়োজন হয়, যা অ্যাকাউন্টের সুরক্ষা-ব্যবস্থায় একটি অতিরিক্ত নিরাপত্তা স্তর যুক্ত করে।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
বয়স লুকিয়েও এড়ানো যাবে না ইনস্টাগ্রামের টিন অ্যাকাউন্ট
১১ নভেম্বর, ২০২৬ এ ১০:২৮ AM · বাংলা ট্রিবিউন
ফোনে কথা বলার সময় অপর প্রান্তের শব্দ কম শোনা গেলে যা করবেন
১১ নভেম্বর, ২০২৬ এ ৯:২৯ AM · বাংলা ট্রিবিউন
৩ বছরে বিয়ে না হলে পুরো টাকা ফেরতের প্রতিশ্রুতি ডেটিং অ্যাপের
১০ নভেম্বর, ২০২৬ এ ১১:১৯ PM · বাংলা ট্রিবিউন
গুপ্তচরবৃত্তির বিতর্কে কেন আলোচনার কেন্দ্রে এনভিডিয়া ও জেনসেন হুয়াং
১০ নভেম্বর, ২০২৬ এ ৪:৪৯ PM · প্রথম আলো
