প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে মাসে ৩০০, সাধারণে ২২৫ টাকা নির্ধারণ
২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৯:৩০ AM

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫–এর ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য নতুন হারে বৃত্তির অর্থ নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী তিন বছর এই বৃত্তি কার্যকর থাকবে। নতুন এই সিদ্ধান্তের ফলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫–এর ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা ২০২৬ সাল থেকে নির্ধারিত নতুন হারে আগামী তিন বছর বৃত্তির সুবিধা পাবে।
ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা মাসে ২২৫ টাকা করে পাবে। এ ছাড়া উভয় শ্রেণির বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা বছরে এককালীন ২২৫ টাকা করে পাবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারি করা ২৫ আগস্টের প্রজ্ঞাপন অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী তিন বছর মেয়াদে প্রাথমিক শিক্ষা ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি প্রদান করা হবে।
বৃত্তির অর্থ পাওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের কিছু শর্তও মেনে চলতে হবে। প্রজ্ঞাপন অনুযায়ী, বৃত্তিধারী শিক্ষার্থীর সদাচরণ, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি ও সন্তোষজনক পাঠোন্নতির ভিত্তিতে বৃত্তির অর্থ প্রদান করা হবে। এ ছাড়া বৃত্তি পাওয়া শিক্ষার্থীরা দেশের যেকোনো সরকারি অথবা স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে বিনা বেতনে ভর্তি হয়ে পড়াশোনার সুযোগ পাবে।
বৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। এ জন্য সরকার থেকে ব্যক্তি বা জি–টু–পি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে অর্থ প্রদান করা হবে। এ ক্ষেত্রে শিক্ষার্থীদের অভিভাবকদের অনলাইন সুবিধাসম্পন্ন তফসিলভুক্ত ব্যাংকে হিসাব খুলতে হবে।
বৃত্তির জন্য বরাদ্দ করা অর্থের বিল সংশ্লিষ্ট অর্থবছরের শেষ দিন অর্থাৎ প্রতিবছরের ৩০ জুনের মধ্যে উত্তোলন করতে হবে। প্রকাশিত বৃত্তির ফলাফল বা তালিকায় কোনো ধরনের ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন, বাতিল অথবা পুনর্বণ্টনের ক্ষমতা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সংরক্ষণ করবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ইংরেজির ৪টি Short Composition: প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৬
২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:০৩ PM · প্রথম আলো
বেতনকাঠামোয় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক পর্যায়ের বেতন কত হবে
২ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৪৫ AM · প্রথম আলো
তিন চাকার ব্যাটারিচালিত রিকশার বিকল্প খুঁজতে এআইইউবির শিক্ষার্থীদের গবেষণা
১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩৫ PM · প্রথম আলো
একাদশে ভর্তি: শিক্ষা ও মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা
১ সেপ্টেম্বর, ২০২৬ এ ৪:৪৯ PM · প্রথম আলো
