শাহজাদপুর সংবাদ

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী

৮ নভেম্বর, ২০২৬ এ ৫:৪১ PM

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে গবেষণায় গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী

বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে শিক্ষাক্ষেত্রে গবেষণার ওপর আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একইসঙ্গে শিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ানো এবং এর অপব্যবহার রোধে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। এছাড়া শিক্ষকদের গবেষণা ও প্রশিক্ষণ কারিকুলাম যুগোপযোগী করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

রবিবার (৮ নভেম্বর) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) আয়োজিত ৪৫তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা এখন গ্লোবাল ভিলেজে বসবাস করি। প্রতিনিয়ত আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা করতে হচ্ছে। এই বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে গবেষণায় আরও গুরুত্ব দিতে হবে। এ সময় শিক্ষকদের উন্নত মানের গবেষণায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

আগামী দিনের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষায় এআইয়ের ব্যবহার বাড়াতে হবে। তবে এআইয়ের যেন অপব্যবহার না হয়, সে বিষয়েও সতর্ক থাকতে হবে।

শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার শিক্ষাকে আনন্দময় করে তুলতে কাজ করছে জানিয়ে মন্ত্রী বলেন, শিক্ষকদেরও আনন্দময় পরিবেশে পাঠদান করতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ কারিকুলাম যুগোপযোগী করতে এআই ও তথ্যপ্রযুক্তির ব্যবহার আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং আগামীর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, আরডিএর ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক এবং নায়েমের পরিচালক অধ্যাপক মো. শাহজাহান।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ