শাহজাদপুর সংবাদ

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেবে সরকার

১৮ নভেম্বর, ২০২৬ এ ৫:৩১ PM

প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেবে সরকার

দেশের প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিগগিরই নিরাপত্তাকর্মী ও পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বুধবার (১৮ নভেম্বর) গাজীপুর পিটিআইয়ে আয়োজিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ববি হাজ্জাজ বলেন, বিদ্যালয়কে শিশুদের জন্য আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব করে গড়ে তুলতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে।

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও খোলা পরিবেশে সময় কাটানোর সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, সারাক্ষণ বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলেই শিশুদের মেধার বিকাশ ঘটে না। বরং খেলাধুলা, শরীরচর্চা ও পারস্পরিক মিথস্ক্রিয়া তাদের শারীরিক সক্ষমতা, মানসিক বিকাশ ও চিন্তাশক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের পড়াশোনার প্রতি যত্নবান হওয়ার পাশাপাশি খেলাধুলা ও শারীরিক কার্যক্রমের সুযোগ দিতে হবে। তবে খেলার পরিবেশ অবশ্যই নিরাপদ ও পরিচ্ছন্ন হতে হবে। শিশুদের আশপাশের অপরিচ্ছন্ন ও ঝুঁকিপূর্ণ স্থান সম্পর্কেও সচেতন রাখার আহ্বান জানান তিনি।

প্রাথমিক শিক্ষা প্রশাসনে সংস্কার উদ্যোগের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালকের নেতৃত্বে নতুন প্রশাসনিক নীতিমালা প্রণয়নের কাজ চলছে। এতে কর্মকর্তাদের পদ-পদায়নসহ প্রশাসনিক কাঠামোর বিভিন্ন বিষয় নতুনভাবে বিশ্লেষণ ও পর্যালোচনা করা হচ্ছে। প্রাথমিক শিক্ষা প্রশাসনকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ধরনের সংস্কার উদ্যোগ গ্রহণে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রয়োজনীয় সাহস ও সহযোগিতা জুগিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

গাজীপুর পিটিআই সুপারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী, গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এবং গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা।

এ ছাড়া গাজীপুর জেলার সব উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা সভায় উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ