‘পায়রার গতিতে’ পৌঁছাবে মেসেজ, আলোচনায় নতুন অ্যাপ ‘ক্যারিয়ার পিজ’
১৮ আগস্ট, ২০২৬ এ ৯:২৫ AM

তাৎক্ষণিক মেসেজ, ঘন ঘন নোটিফিকেশন আর দ্রুত রিপ্লাইয়ের সোশ্যাল মিডিয়ার ধারার বিপরীতে ‘স্লো-শ্যাল’ বা ধীরগতির সোশ্যাল মিডিয়ার ভিন্নধর্মী ধারণা নিয়ে সম্প্রতি জনপ্রিয়তা পাচ্ছে নতুন মেসেজিং অ্যাপ ‘ক্যারিয়ার পিজ’। সফটওয়্যার প্রকৌশলী নোওয়াহ ইয়ারোবিনো তৈরি এই আইওএসভিত্তিক অ্যাপে বার্তা আদান-প্রদান হয় ভার্চুয়াল ক্যারিয়ার বা বাহক পায়রার মাধ্যমে।
অ্যাপটিতে প্রেরকের পাঠানো বার্তা তাৎক্ষণিকভাবে প্রাপকের কাছে পৌঁছায় না। একটি ভার্চুয়াল পায়রা গন্তব্যের উদ্দেশে যাত্রা করে এবং তার যাত্রার সময়সীমা শেষ হলে প্রাপক বার্তাটি পান।
ক্যারিয়ার পিজ অ্যাপে প্রেরক ও প্রাপকের অবস্থানের মধ্যকার দূরত্ব জিপিএসের মাধ্যমে হিসাব করে ভার্চুয়াল পায়রার যাত্রার সময় নির্ধারণ করা হয়। অ্যাপটিতে থাকা ভার্চুয়াল পায়রাটি ঘণ্টায় প্রায় ১১০ মাইল বা ১৭৭ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম। তবে বিভিন্ন কারণে এর গতিবেগ প্রায় ২৫ শতাংশ পর্যন্ত কমবেশি হতে পারে।
দূরত্বভেদে ডেলিভারির সময়ও পরিবর্তিত হয়। স্বল্প দূরত্বে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের মধ্যে বার্তা পৌঁছে গেলেও গন্তব্যের দূরত্ব বাড়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় সময় বেড়ে কয়েক দিন থেকে মাস পর্যন্তও যেতে পারে। ব্যবহারকারীরা অ্যাপের ম্যাপে পায়রাটির চলার পথ ও গতিবিধি রিয়েল-টাইমে অনুসরণ করতে পারেন।
অ্যাপটিকে আরও বাস্তবধর্মী করে তুলতে ডেভেলপার ভার্চুয়াল পায়রার যাত্রাপথে অপ্রত্যাশিত ঝুঁকির সম্ভাবনাও রেখেছেন। প্রতিটি ভার্চুয়াল পায়রার মাঝপথে হারিয়ে যাওয়া বা মারা যাওয়ার ০.২ শতাংশ সম্ভাবনা রয়েছে। এমনটি হলে পায়রার সঙ্গে বহন করা মেসেজও প্রাপকের কাছে পৌঁছাবে না। ফলে ক্যারিয়ার পিজে সাধারণ মেসেজিং অ্যাপের মতো ‘সেন্ট’ বা ‘ডেলিভার্ড’ স্ট্যাটাস দেখে নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই। বার্তা আদৌ প্রাপকের কাছে পৌঁছাবে কি না, সেটিও নির্ভর করে পায়রাটির সফল যাত্রার ওপর।
অ্যাপটির নকশাতেও পুরোনো দিনের চিঠিপত্রের আবহ রাখা হয়েছে। অ্যাপলের অ্যাপ স্টোরে থাকা অ্যাপটির থিম বা ডিজাইন করা হয়েছে পুরোনো চিঠির কাগজের রঙের আদলে। প্রচলিত অ্যাপগুলোর ফ্রেন্ডলিস্টের মতো বন্ধুদের নিজস্ব ‘ফ্লক’ বা পাখির দলে যুক্ত করার সুবিধাও রয়েছে। অ্যাপটি অ্যাপলের অ্যাপ স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করা গেলেও এতে ইন-অ্যাপ পারচেসের সুবিধা রয়েছে।
নির্মাতা ইয়ারোবিনো অ্যাপটি মজার ছলে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে তৈরি করলেও সম্প্রতি তার পোস্ট ও ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ায় নেটিজেনদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। বর্তমানে অ্যাপটি ৪.৩ রেটিং নিয়ে অ্যাপল অ্যাপ স্টোরের সোশ্যাল নেটওয়ার্কিং বিভাগের শীর্ষ তালিকায় ২৩ নম্বরে অবস্থান করছে।
এ ধরনের মেসেজিং অ্যাপ এর আগেও নেটিজেনদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। এর আগে ‘রুস্ট’ নামের আরেকটি স্লো-শ্যাল অ্যাপও ভার্চুয়াল পাখির গতিতে বার্তা পাঠানোর ধারণা নিয়ে আলোচনায় আসে। তবে রুস্টে শুধু পায়রা নয়, বিভিন্ন পাখি, এমনকি শামুক বা কচ্ছপকেও বার্তাবাহক হিসেবে ব্যবহার করা যায়।
ভাইরাল হওয়ার পর অ্যাপটির ব্যবহারকারী সংখ্যা তিন দিনে ১০ হাজার থেকে ১ লাখে এবং প্রায় পাঁচ সপ্তাহে ৩ লাখের কাছাকাছি পৌঁছেছিল। বাস্তব যোগাযোগের ক্ষেত্রে এমন মেসেজিং অ্যাপ কতটা কার্যকর, তা নিয়ে প্রশ্ন থাকলেও ব্যতিক্রমী ধারণা ও বিনোদনমূলক অভিজ্ঞতার কারণে এগুলো অনলাইনে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
স্টার্টআপ বাংলাদেশের ৪০০ কোটি টাকার তহবিল ঘোষণা, কারা পাবে তহবিল
১৮ আগস্ট, ২০২৬ এ ১১:৪১ AM · প্রথম আলো
চীনের সঙ্গে এআই প্রতিযোগিতা: দেশগুলোকে পক্ষ বেছে নিতে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র
১৮ আগস্ট, ২০২৬ এ ৮:৩০ AM · বাংলা ট্রিবিউন
অ্যান্ড্রয়েড ফোনে এয়ারড্রপের মতো ‘ট্যাপ টু শেয়ার’ আনল গুগল
১৭ আগস্ট, ২০২৬ এ ৪:২০ PM · প্রথম আলো
আপনার এআই অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে কি না, বুঝবেন যেভাবে
১৭ আগস্ট, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
বেশি ওয়াটের চার্জার দিয়ে কম ওয়াট-সমর্থিত ফোনে চার্জ দিলে কি ক্ষতি হয়?
১৭ আগস্ট, ২০২৬ এ ১০:২৫ AM · বাংলা ট্রিবিউন
এআই কনটেন্টে ওয়াটারমার্ক সরানোর সুযোগ দিতে যাচ্ছে গুগল
১৭ আগস্ট, ২০২৬ এ ৯:২৫ AM · বাংলা ট্রিবিউন
