শাহজাদপুর সংবাদ

পাহাড়ি বনে মিলল তালিকায় না থাকা চার প্রজাতির সাপ, তিনটি নির্বিষ, একটি মৃদু বিষধর

২১ নভেম্বর, ২০২৬ এ ১২:৩৭ PM

পাহাড়ি বনে মিলল তালিকায় না থাকা চার প্রজাতির সাপ, তিনটি নির্বিষ, একটি মৃদু বিষধর

পাহাড়ি বনের ঝিরি, জলাশয় আর সড়কের পাশের ঝোপঝাড়ে মিলেছে চার প্রজাতির সাপ। পার্বত্য চট্টগ্রামের দুটি রক্ষিত বনে ৭৫ দিন ধরে জরিপ চালিয়ে সাপগুলোর সন্ধান পেয়েছেন গবেষকেরা। এর মধ্যে তিনটি প্রজাতি নির্বিষ, অন্যটি মৃদু বিষধর। এই চার প্রজাতির কোনোটিই আগে বাংলাদেশের সাপের তালিকায় নথিভুক্ত ছিল না।

বন দুটি হলো কাপ্তাই জাতীয় উদ্যান এবং দুধপুকুরিয়া-ধোপাছড়ি বন্য প্রাণী অভয়ারণ্য। চারটি নতুন প্রজাতিসহ এই দুই বনে মোট ৩৬ প্রজাতির সাপের অস্তিত্ব শনাক্ত করেছেন গবেষকেরা।

গবেষকদের পর্যবেক্ষণে উঠে এসেছে, পাহাড়ি ঝিরি, আর্দ্র বনভূমি ও বনসংলগ্ন উদ্ভিদসমৃদ্ধ এলাকা সাপের গুরুত্বপূর্ণ আবাসস্থল। একই সঙ্গে বন উজাড়, আগুন, কৃষিকাজে কীটনাশকের ব্যবহার এবং সড়কে গাড়ির চাকায় পিষ্ট হয়ে সাপের মৃত্যু তাদের অস্তিত্বের জন্য বড় হুমকি হয়ে উঠছে।

দেশে সাপের প্রজাতির সংখ্যা নিয়ে এখনো মতভিন্নতা আছে। ২০২৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের এক গবেষণায় বাংলাদেশে ৮৯ প্রজাতির সাপের অস্তিত্ব পাওয়া যায়। এর বাইরে আরও ৩৩ প্রজাতির সাপ থাকার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়। নতুন এই গবেষণা দেশের সাপের প্রজাতিবৈচিত্র্য সম্পর্কে তথ্যভান্ডারকে আরও সমৃদ্ধ করল।

১৮ নভেম্বর গবেষণাটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘ইকোলজি অ্যান্ড ইভোল্যুশন’-এ প্রকাশিত হয়েছে। ‘এক্সপ্লোরিং স্নেকস স্পিসিজ ডাইভারসিটি, হ্যাবিটেট সুইটেবিলিটি অ্যান্ড থ্রেটস ইন টু প্রটেক্টেড ফরেস্ট অব সাউদার্ন বাংলাদেশ ইউজিং ফিল্ড অবজার্ভেশন অ্যান্ড এনসেম্বল লার্নিং’ শিরোনামের গবেষণায় সরাসরি মাঠপর্যায়ের পর্যবেক্ষণের পাশাপাশি বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয়েছে।

গবেষক দলের সদস্য ছিলেন বন অধিদপ্তরের বাংলাদেশ ওয়াইল্ডলাইফ সেন্টারের সর্পবিদ মো. সোহেল রানা, চীনের নানজিং ফরেস্ট্রি ইউনিভার্সিটির ল্যাবরেটরি অব অ্যানিমেল বিহেভিয়ার অ্যান্ড কনজারভেশনের গবেষক সজীব বিশ্বাস, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব আলাবামার স্টোকস স্কুল অব মেরিন অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের মাহি ওয়াসিম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আশীষ দত্ত।

৭৫ দিনের জরিপে ৩৬ প্রজাতির সন্ধান

২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত চলে গবেষণার মাঠপর্যায়ের কাজ। এ সময় দুই বনাঞ্চলে মোট ৭৫ দিন অনুসন্ধান চালান গবেষকেরা। পায়ে হেঁটে অতিক্রম করেন ৪৮৮ দশমিক ৩ কিলোমিটার পথ। দিনের পাশাপাশি রাতেও চলে সাপের খোঁজ। বনাঞ্চল, পাহাড়ি ঝিরি, জলাশয়, বনের প্রান্তবর্তী এলাকা এবং মানুষের বসতির আশপাশে অনুসন্ধান করেন তাঁরা।

জরিপে কাপ্তাই জাতীয় উদ্যানে ২৬ প্রজাতি এবং দুধপুকুরিয়া-ধোপাছড়ি বন্য প্রাণী অভয়ারণ্যে ২৩ প্রজাতির সাপের উপস্থিতি শনাক্ত হয়। দুই বনাঞ্চলের কিছু প্রজাতির মধ্যে মিল থাকায় সব মিলিয়ে পাওয়া গেছে ৩৬ প্রজাতি।

বাংলাদেশ ওয়াইল্ডলাইফ সেন্টারের সর্পবিদ মো. সোহেল রানা প্রথম আলোকে বলেন, নতুন পাওয়া চার প্রজাতির মধ্যে বিন্দি কিলব্যাক মৃদু বিষধর। তবে এটি মানুষের জন্য ক্ষতিকর নয়। বাকি তিনটি প্রজাতি নির্বিষ।

সোহেল রানা বলেন, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বনগুলো জীববৈচিত্র্যে সমৃদ্ধ। কিন্তু সাপের মতো নিশাচর ও লাজুক প্রাণী সম্পর্কে বৈজ্ঞানিক তথ্যের অভাব রয়েছে। প্রতিবেশী দেশগুলো এ ক্ষেত্রে বাংলাদেশের তুলনায় অনেক এগিয়ে। কাপ্তাই জাতীয় উদ্যান ও দুধপুকুরিয়া-ধোপাছড়ি বনে এর আগে সাপ নিয়ে পূর্ণাঙ্গ জরিপ হয়নি। নতুন গবেষণায় এসব বনের সাপের প্রজাতিবৈচিত্র্য সম্পর্কে ধারণা পাওয়া গেছে।

বাংলাদেশের তালিকায় নতুন চার প্রজাতি

গবেষণায় বাংলাদেশের সাপের তালিকায় নতুন করে যুক্ত হয়েছে চারটি প্রজাতি। এগুলো হলো স্ট্রাইপড কিলব্যাক, বিন্দি কিলব্যাক, হ্যাসের ব্রোঞ্জব্যাক ট্রি স্নেক ও ওয়ালস ব্রোঞ্জব্যাক।

এর মধ্যে স্ট্রাইপড কিলব্যাকের সন্ধান মিলেছে কাপ্তাই জাতীয় উদ্যানে। অন্য তিনটি প্রজাতি পাওয়া গেছে দুধপুকুরিয়া-ধোপাছড়ি বন্য প্রাণী অভয়ারণ্যে।

কোন ধরনের পরিবেশে সাপের উপস্থিতি বেশি, সেটিও উঠে এসেছে গবেষণায়। দেখা গেছে, বনাঞ্চলের প্রান্তবর্তী এলাকা এবং সড়কের আশপাশের উদ্ভিদসমৃদ্ধ স্থানে সাপের উপস্থিতি উল্লেখযোগ্য। কাপ্তাই জাতীয় উদ্যানে এসব এলাকায় ১২ প্রজাতির সাপ পাওয়া গেছে। পাহাড়ি ঝিরি ও জলাবদ্ধ এলাকায় পাওয়া গেছে ১০ প্রজাতি।

দুধপুকুরিয়া-ধোপাছড়ি অভয়ারণ্যের চিত্র কিছুটা ভিন্ন। সেখানে পাহাড়ি ঝিরি ও জলাবদ্ধ এলাকায় ১৫ প্রজাতির সাপের সন্ধান মিলেছে। বনাঞ্চলের প্রান্তবর্তী এলাকা ও সড়কের পাশে পাওয়া গেছে আট প্রজাতি।

গবেষকদের পর্যবেক্ষণ অনুযায়ী, পাহাড়ি ঝিরি, আর্দ্র বনভূমি এবং নদী-ছড়ার পাশের উদ্ভিদসমৃদ্ধ এলাকা সাপের জন্য গুরুত্বপূর্ণ আবাসস্থল। এসব স্থানে আর্দ্রতা বেশি থাকে ও তাপমাত্রার ওঠানামা তুলনামূলক কম। ফলে সাপের চলাচল, খাদ্য সংগ্রহ ও বেঁচে থাকার জন্য অনুকূল পরিবেশ তৈরি হয়।

দুই বনাঞ্চলে পাওয়া সাপের প্রজাতির মধ্যেও রয়েছে বৈচিত্র্য। কাপ্তাই জাতীয় উদ্যানে সবচেয়ে বেশি পাওয়া গেছে রেডটেইল বা বাঁশপাতি সবুজ পিট ভাইপার। সেখানে শনাক্ত হওয়া সাপের ৩৪ দশমিক ৪৮ শতাংশই এই প্রজাতির। অন্যদিকে দুধপুকুরিয়া-ধোপাছড়ি অভয়ারণ্যে সবচেয়ে বেশি পাওয়া গেছে পেইন্টেড ব্রোঞ্জব্যাক ট্রি স্নেক। সেখানে পাওয়া সাপের ৩৬ শতাংশ এই প্রজাতির।

গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছে ২৫ সাপ

সাপের প্রজাতিবৈচিত্র্য ও আবাসস্থলের জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বন উজাড়, আবাসস্থল ধ্বংস এবং বনে আগুন দেওয়ার বিষয়গুলো উঠে এসেছে গবেষণায়। দুই বনাঞ্চলে এসব হুমকির সম্মিলিত প্রভাব ৪০ শতাংশ বলে উল্লেখ করেছেন গবেষকেরা। তবে দুই বনে হুমকির ধরন ও মাত্রায় কিছু পার্থক্য রয়েছে।

কাপ্তাই জাতীয় উদ্যানে সড়কে গাড়ির চাকায় পিষ্ট হয়ে সাপের মৃত্যু বড় সমস্যা হিসেবে চিহ্নিত হয়েছে। জরিপ চলাকালে সেখানে এভাবে ১৮টি সাপের মৃত্যুর ঘটনা নথিভুক্ত করেন গবেষকেরা। দুধপুকুরিয়া-ধোপাছড়ি অভয়ারণ্যে এ সংখ্যা সাত। অর্থাৎ দুই বনাঞ্চলে জরিপ চলাকালে সড়কে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মারা গেছে অন্তত ২৫টি সাপ।

গবেষণার করেসপন্ডিং অথর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক আশীষ কুমার দত্ত প্রথম আলোকে বলেন, দুটি রক্ষিত বনে সাপের জন্য ছয় ধরনের হুমকি চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে বন উজাড়, আগুন দেওয়া এবং গাড়ির চাকায় পিষ্ট হয়ে সাপের মৃত্যু অন্যতম।

দুধপুকুরিয়া-ধোপাছড়ি অভয়ারণ্যে কৃষিজমির সম্প্রসারণ ও কীটনাশকের ব্যবহার তুলনামূলক বেশি হুমকি তৈরি করছে। গবেষণায় এ ধরনের হুমকির মাত্রা ২৫ শতাংশ পাওয়া গেছে। কাপ্তাই জাতীয় উদ্যানে তা ১০ শতাংশ।

কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক পদার্থ মাটি ও পানিদূষণের পাশাপাশি সাপের খাদ্য হিসেবে ব্যবহৃত প্রাণীদের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। ফলে খাদ্যশৃঙ্খলের মধ্য দিয়ে সাপের অস্তিত্বও ঝুঁকিতে পড়ে।

এ ছাড়া মানুষের ভয় থেকে সাপ মেরে ফেলা, অবৈধভাবে গাছ কাটা, জ্বালানি কাঠ সংগ্রহ এবং জলাশয়ে বিষাক্ত পদার্থ ব্যবহারকেও সাপের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছেন গবেষকেরা।

সাপের আবাসস্থল রক্ষার তাগিদ

সাপের প্রজাতি শনাক্তের ক্ষেত্রে গবেষণায় ডিএনএ বারকোডিং পদ্ধতির সহায়তা নেওয়া হয়েছে। এ কাজে সহযোগিতা করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান।

কামরুল হাসান প্রথম আলোকে বলেন, বাংলাদেশে সাপ নিয়ে গবেষণা খুবই কম হয়েছে। আরও গবেষণা হলে দেশের সাপের তালিকায় নতুন নতুন প্রজাতির সন্ধান পাওয়ার সম্ভাবনা আছে।

ডিএনএ বারকোডিংয়ের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে অধ্যাপক কামরুল হাসান বলেন, কাছাকাছি বৈশিষ্ট্যের দুটি সাপের প্রজাতি শুধু বাহ্যিক গঠন দেখে শনাক্ত করা কঠিন হতে পারে। এ ক্ষেত্রে ডিএনএ বারকোডিংয়ের মাধ্যমে প্রজাতি নির্ধারণে সহায়তা পাওয়া যায়। প্রতিটি জীবের ডিএনএতে নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে, যা বিশ্লেষণ করে প্রজাতি শনাক্ত করা সম্ভব।

সাপের অস্তিত্ব রক্ষায় তাদের আবাসস্থল সংরক্ষণের ওপর গুরুত্ব দেন এই গবেষক। তিনি বলেন, বাস্তুতন্ত্রে সাপের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই সাপ সংরক্ষণ করতে হলে সড়কের পাশের উদ্ভিদ, পাহাড়ি ঝিরি, নদী ও ছড়া রক্ষা করতে হবে।

প্রকৃতি সংরক্ষণের আন্তর্জাতিক জোট আইইউসিএনের তথ্য অনুযায়ী, বাংলাদেশের বিপন্ন সাপের বড় একটি অংশের আবাস পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে। এসব সাপের অস্তিত্বের জন্য আবাসস্থল ধ্বংসকে অন্যতম বড় কারণ হিসেবে চিহ্নিত করেছে সংস্থাটি।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ