জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে তিন ধাপ এগোল বাংলাদেশ
২১ নভেম্বর, ২০২৬ এ ১১:৫৩ AM

জাতিসংঘের ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইনডেক্সে (ইজিডিআই) ১৯৪টি দেশের মধ্যে বাংলাদেশ ৩ ধাপ এগিয়েছে। এ সূচকে বাংলাদেশের অবস্থান এখন ৯৭। এবারই প্রথম এ সূচকে দুই অঙ্কের র্যাঙ্কিং বন্ধনীতে (ডাবল ডিজিট ব্র্যাকেট) ঢুকেছে বাংলাদেশ।
২০২৪ সালের পূর্ববর্তী সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০০তম। আর ২০২৬ সালের সূচকে বাংলাদেশ এখন পর্যন্ত সবচেয়ে বেশি দশমিক ৬৮৯৩ স্কোর অর্জন করেছে। এ ক্ষেত্রে বাংলাদেশ ‘হাই ইজিডিআই’ বা উচ্চ ই-গভর্নমেন্ট গ্রুপে রয়েছে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশ সূচকের দুটি উপাদানে সর্বকালের সর্বোচ্চ নম্বর পেয়েছে। এর অনলাইন সার্ভিস ইনডেক্স (ওএসআই) স্কোর দাঁড়িয়েছে দশমিক ৮১। টেলিযোগাযোগ অবকাঠামো সূচকে (টিআইআই) স্কোর হয়েছে দশমিক ৬৯।
জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক বিষয়াবলি বিভাগের তৈরি করা দ্বিবার্ষিক প্রকাশনা ‘২০২৬ ইউএন ই-গভর্নমেন্ট সার্ভে’ থেকে এসব তথ্য জানা গেছে। এ তালিকায় দক্ষিণ কোরিয়া সবার ওপরে রয়েছে।
ইজিডিআই হলো নাগরিক সেবা দেওয়ার ক্ষেত্রে ই-গভর্নমেন্ট ব্যবহারে একটি দেশের সক্ষমতা, অবকাঠামোগত প্রস্তুতি ও অগ্রগতির একটি যৌথ পরিমাপ। এটি মূলত তিনটি মাত্রার নরমালাইজড স্কোরের একটি ভারযুক্ত গড়: অনলাইন সার্ভিস ইনডেক্স, টেলিকমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার ইনডেক্স এবং হিউম্যান ক্যাপিটাল ইনডেক্স।
২০২৪ সালে বিশ্বব্যাপী গড় ইজিডিআই ছিল দশমিক ৬৩৮২। এ বছর তা ৪ দশমিক ৬ শতাংশ বেড়ে দশমিক ৬৬৭৫-এ দাঁড়িয়েছে। বাংলাদেশের দশমিক ৬৮৯৩ স্কোরটি ২০২৬ সালের বৈশ্বিক গড়ের চেয়েও ওপরে রয়েছে।
মূল্যায়িত ১৯৪টি দেশের মধ্যে ১৫১টি দেশ এখন উচ্চ বা অত্যন্ত উচ্চ ইজিডিআই শ্রেণির অন্তর্ভুক্ত। ২০২৪ সালে তা ছিল ১৩৮টি।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
পাহাড়ি বনে মিলল তালিকায় না থাকা চার প্রজাতির সাপ, তিনটি নির্বিষ, একটি মৃদু বিষধর
২১ নভেম্বর, ২০২৬ এ ১২:৩৭ PM · প্রথম আলো
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বগুড়ায় গান গাইলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী
২১ নভেম্বর, ২০২৬ এ ১২:১৪ PM · প্রথম আলো
মিরসরাইয়ে পুলিশের টহল ভ্যানে বাসের ধাক্কা, ছয় পুলিশ সদস্য আহত
২০ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৪ PM · প্রথম আলো
জুমার খুতবায় নাশকতা প্রতিরোধ ও শান্তি-শৃঙ্খলা রক্ষায় সচেতনতা সৃষ্টির আহ্বান ধর্মমন্ত্রীর
২০ নভেম্বর, ২০২৬ এ ১২:২১ PM · প্রথম আলো
