পাঁচ বস্তায় ২৪ গুইসাপ নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছিলেন নারী, পথে আটক
১৩ আগস্ট, ২০২৬ এ ১২:৩৭ PM

খাগড়াছড়িতে পাঁচ বস্তা গুইসাপসহ এক নারীকে আটক করেছে জেলা প্রশাসন ও বন বিভাগ। গতকাল বুধবার রাত আটটার দিকে জেলা শহরের চেঙ্গী স্কয়ার এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
আটক নারীর নাম প্রেমরাছো মারমা (৪৭)। তিনি জেলার পানছড়ি উপজেলার কুরাদিয়াছড়া গ্রামের অংগিও মারমার স্ত্রী।
জেলা প্রশাসন ও বন বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল রাতে নির্দিষ্ট তথ্যর ভিত্তিতে চেঙ্গী স্কয়ার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় প্রেমরাছো মারমার কাছ থেকে পাঁচ বস্তা গুইসাপ উদ্ধার করা হয়।
পরে বস্তাগুলো খুলে মোট ২৪টি গুইসাপ পাওয়া যায়। এর মধ্যে ১০টি জীবিত ও ১৪টি মৃত ছিল। পরে জীবিত ১০টি গুইসাপ রাতেই আলুটিলার প্রাকৃতিক বনে অবমুক্ত করা হয়। আর মৃত ১৪টি গুইসাপ মাটিচাপা দেওয়া হয়।
আটক প্রেমরাছো মারমা ভ্রাম্যমাণ আদালতকে বলেন, চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট থেকে ২২ হাজার টাকা দিয়ে তিনি গুইসাপগুলো কিনেছিলেন। সেখান থেকে খাগড়াছড়িতে এনে সেগুলো বিক্রি করা তাঁর উদ্দেশ্য ছিল।
বন্য প্রাণী ধরলে বা শিকার করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা। বন্য প্রাণী সংরক্ষণে বন বিভাগ নিয়মিত এ ধরনের অভিযান চালাবে।
জেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দুর্জয় গোস্বামী বলেন, আটক নারীকে খাগড়াছড়ি সদর থানায় পাঠানো হয়েছে। তাঁর বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
ওই নারী গতকাল থেকে খাগড়াছড়ি সদর থানার হেফাজতে আছেন বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কায় কিসলু। এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
এক নারী ও গ্রাম পুলিশকে বেঁধে নির্যাতন, গলায় জুতার মালা পরিয়ে ঘোরানো হয় গ্রাম
১৩ আগস্ট, ২০২৬ এ ১২:৩৯ PM · প্রথম আলো
উধাও মৃত্যুদণ্ডপ্রাপ্ত রমজান, কারাগারে নিরপরাধ দিনমজুর সোনা মিয়া
১৩ আগস্ট, ২০২৬ এ ১২:০০ PM · প্রথম আলো
