পশ্চিমবঙ্গে ৩ লাখের বেশি বোতল ফেনসিডিল ধ্বংস, রোলার চালালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:০০ AM

‘নেশামুক্ত ভারত-২০২৯’ কর্মসূচির অংশ হিসেবে পশ্চিমবঙ্গে জব্দ করা ৩ লাখ ১০ হাজার বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়েছে। গতকাল বুধবার কলকাতার নিউটাউনের ইকোপার্ক চত্বরে রোড রোলার চালিয়ে এসব ফেনসিডিল ধ্বংস করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এসব ফেনসিডিলের আনুমানিক মূল্য ৩১ কোটি রুপি।
রাজ্য পুলিশ, বিএসএফ, পুলিশের বিশেষ টাস্কফোর্সসহ (এসটিএফ) বিভিন্ন সংস্থার অভিযানে এসব ফেনসিডিল জব্দ করা হয়েছিল। ‘নেশামুক্ত ভারত-২০২৯’ কর্মসূচির অংশ হিসেবে বিধাননগর পুলিশ কমিশনারেট এ ধ্বংস কার্যক্রমের আয়োজন করে।
এর আগে ২ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে প্রায় ২ লাখ বোতল ফেনসিডিল ধ্বংস করা হয়েছিল। বালুরঘাটের পুলিশ সুপারের দপ্তরের সামনের সড়কে বুলডোজার চালিয়ে ওই ফেনসিডিল ধ্বংসের কার্যক্রমে অংশ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এসব ফেনসিডিলের আনুমানিক মূল্য ছিল ২০ কোটি রুপি।
গতকালের কর্মসূচির পর শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন, পশ্চিমবঙ্গকে মাদকমুক্ত করা তাঁর সরকারের অন্যতম অগ্রাধিকার। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, মাদকাসক্তির কারণে পরিবার ও সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে মাদকজাতীয় পণ্যের অবৈধ উৎপাদন ও ব্যবসার অনুমতি দেওয়া হবে না। ফেনসিডিল উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানের সঙ্গেও এ বিষয়ে কথা হয়েছে বলে জানান তিনি।
এদিন বাঁকুড়ায়ও পুলিশ ও আবগারি দপ্তর যৌথভাবে বিপুল পরিমাণ মদ ও মাদকজাতীয় পণ্য জব্দ করে প্রকাশ্যে ধ্বংস করেছে।
গতকাল কলকাতার সল্টলেকের মিলনমেলা প্রাঙ্গণে পৃথক এক অনুষ্ঠানে ৩৩টি শিল্পপ্রতিষ্ঠানকে শিল্প স্থাপনের জন্য জমি বরাদ্দের চিঠি দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে জমি বরাদ্দের চিঠি তুলে দেন। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী, এসব প্রকল্পে প্রায় ৬০ হাজার কোটি রুপি বিনিয়োগ এবং ৬২ হাজার কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে। প্রকল্পগুলো তিন বছরের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
গাজার পুনর্গঠনে ২৪০ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা ট্রাম্পের শান্তি পর্ষদের
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১৫ PM · প্রথম আলো
প্রেসিডেন্ট সিকে প্রথা ভেঙে স্বাগত জানালেন ট্রাম্প, সম্পর্কের বরফ কি গলবে
২৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:১৪ AM · প্রথম আলো
কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বললেন ট্রাম্প, জাতিসংঘে ওয়াকআউট প্রতিনিধি দলের
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪৮ PM · বাংলা ট্রিবিউন
জার্মানিতে একটি মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
২৩ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৪১ PM · প্রথম আলো
