নেপাল-তিব্বত সীমান্তে বন্যা–ভূমিধসে প্রাণহানির ঘটনায় শোক–সমবেদনা জামায়াত ও এনসিপির
২৭ আগস্ট, ২০২৬ এ ১২:৩২ PM

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা-ভূমিধসে প্রাণহানির ঘটনায় গভীর শোক-সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
গতকাল বুধবার রাতে দল দুটির পক্ষ থেকে পৃথকভাবে এই শোক-সমবেদনা জানানো হয়। জামায়াত ও এনসিপি নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ-সংক্রান্ত বিবৃতি দিয়েছে।
গতকালের এই আকস্মিক বন্যা-ভূমিধসে নেপালে এখন পর্যন্ত ১৬২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। নেপালের কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় ৫৭৯ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। এর মধ্যে ৪০০ জনের বেশি বিদেশি পর্যটক। অন্যদিকে তিব্বতে তিনজন মারা গেছেন অন্তত ২৬৫ জন নিখোঁজ রয়েছেন।
জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার তাঁর বিবৃতিতে বলেন, ব্যাপক প্রাণহানি ও ধ্বসংযজ্ঞের এই ঘটনায় তিনি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন। প্রাণহানি ও নিখোঁজের হৃদয়বিদারক এই ঘটনায় তাঁরা গভীরভাবে ব্যথিত। অসহায় মানুষদের সহায়তায় দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট দেশের সরকারসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তাঁরা আহ্বান জানাচ্ছেন।
প্রাকৃতিক এই দুর্যোগে নিহত ব্যক্তিদের যথাযথ মর্যাদা কামনাসহ তাঁদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানোর কথা বিবৃতিতে উল্লেখ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, পাশাপাশি নিখোঁজ ব্যক্তিরা যেন দ্রুত ও সুস্থ অবস্থায় উদ্ধার হন, আহত ব্যক্তিরা যাতে দ্রুত আরোগ্য লাভ করেন, সেই দোয়া করছেন।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘এই কঠিন মুহূর্তে নেপাল সরকার, সে দেশের জনগণ এবং ক্ষতিগ্রস্ত পরিবার ও সংশ্লিষ্ট দেশগুলোর জনগণের সঙ্গে আমরা গভীর সহমর্মিতা প্রকাশ করছি।’
এনসিপির বিবৃতিতে বলা হয়েছে, নেপালের এই ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত। এ ঘটনায় এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।
প্রিয়জন হারানো পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এনসিপি। এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত সবার প্রতি সহমর্মিতা ও প্রার্থনার কথাও জানিয়েছে দলটি, বিশেষ করে যাঁরা নিখোঁজ স্বজনদের খোঁজে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
এই কঠিন সময়ে নেপালের মানুষের প্রতি বাংলাদেশের জনগণ সংহতি প্রকাশ করছে বলে এনসিপির বিবৃতিতে উল্লেখ করা হয়। বিবৃতিতে বলা হয়, জীবন বাঁচাতে ও নিখোঁজ ব্যক্তিদের খুঁজে পেতে নিরলসভাবে কাজ করে যাওয়া উদ্ধারকর্মী, জরুরি সেবাকর্মী ও স্বেচ্ছাসেবকদের সাহসিকতার প্রতি এনসিপি শ্রদ্ধা জানাচ্ছে।
আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা ও নিখোঁজদের নিরাপদে ফিরে আসার জন্য প্রার্থনা করার কথা জানায় এনসিপি। পুনর্গঠনের কঠিন যাত্রা শুরু করতে নেপালের মানুষের শক্তি, ঐক্য ও দৃঢ়তা কামনা করেছে দলটি।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির
২৭ আগস্ট, ২০২৬ এ ৫:১৬ PM · প্রথম আলো
মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া নির্ভর করছে সদস্যদেশগুলোর অভিপ্রায়ের ওপর: পররাষ্ট্রমন্ত্রী
২৭ আগস্ট, ২০২৬ এ ৪:৫৫ PM · প্রথম আলো
রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
২৭ আগস্ট, ২০২৬ এ ৪:৫০ PM · প্রথম আলো
জুলাই আন্দোলনে অনুপ্রেরণা ছিলেন কাজী নজরুল ইসলাম: রিজভী
২৭ আগস্ট, ২০২৬ এ ১২:০৩ PM · বাংলা ট্রিবিউন
সংসদীয় কমিটিগুলোর সভাপতির দায়িত্ব বিরোধী দলকে দিতে হবে: ১১ দলীয় ঐক্য
২৬ আগস্ট, ২০২৬ এ ১১:১৪ PM · বাংলা ট্রিবিউন
কোনও চক্রান্তে জামায়াতের অগ্রযাত্রা থেমে যাবে না: হামিদুর রহমান আযাদ
২৬ আগস্ট, ২০২৬ এ ১০:৩৮ PM · বাংলা ট্রিবিউন
