নুসরাত তাবাসসুম বললেন, ‘আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব’
১২ নভেম্বর, ২০২৬ এ ১১:৫০ AM

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম বলছেন, ‘আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব।’
গতকাল বুধবার দিবাগত রাত ১টায় নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা বলেন নুসরাত। তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য।
নুসরাতের কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা চালানো হয়েছে বলে গতকাল রাতে অভিযোগ করেন দলটির নেতারা। গতকাল দিবাগত রাত ১২টার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে নুসরাতের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে নুসরাত তাঁর ফেসবুক পোস্টে বলেন, বাড়িতে পেট্রোলবোমা মারা হয়েছে। কারা মেরেছে, তা তিনি জানেন না। এভাবে কণ্ঠ রোধ করা যাবে ভেবে থাকলে তা ভুল।
নুসরাত লিখেছেন, ‘আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাব। ইনকিলাব জিন্দাবাদ।’
আজ বৃহস্পতিবার সকাল ৮টা ৫০ মিনিটে একাধিক ছবিসহ আরেকটি ফেসবুক পোস্ট দেন নুসরাত। পোস্টে তিনি উল্লেখ করেন, তাঁর দাদার বানানো বাড়িঘর, তাঁদের বড় হওয়ার স্থান পুড়েছে। পুড়ে খাক হয়েছে ছাগলের ছানা।
এই পোস্টে নুসরাত আরও লিখেছেন, ‘আগুনে পুড়িয়ে উল্লাস করছে। ভেবেছে খুব কষ্ট দিল! যত্তসব লেজ গুটিয়ে পালানো ছারপোকার দল। দেশে থেকেই কিচ্ছু ভয় দেখাতে পারেনি। এসব করে কি আর করবে!’
ঘটনার বিষয়ে কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। দিবাগত রাত ১টা ৫০ মিনিটের দিকে তাঁরা আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এই সময়ের মধ্যে আগুনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে। দুটি ছাগল পুড়ে গেছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতের নিন্দা
১২ নভেম্বর, ২০২৬ এ ১২:৪৬ PM · বাংলা ট্রিবিউন
সরকার দায়িত্ব পালনে ব্যর্থ হলে খেসারত উচ্চ মূল্যে দিতে হবে: জামায়াত আমির
১২ নভেম্বর, ২০২৬ এ ১২:০০ PM · বাংলা ট্রিবিউন
আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবেন: নাহিদ ইসলাম
১২ নভেম্বর, ২০২৬ এ ৯:৩১ AM · প্রথম আলো
‘দেশে ফিরেছেন শেখ ইনান’ দাবিতে ছড়ানো ভিডিওটি ২০২৩ সালের
১২ নভেম্বর, ২০২৬ এ ৯:০০ AM · প্রথম আলো
কোনো দেশের এজেন্সির সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই: সংসদে শফিকুর রহমান
১১ নভেম্বর, ২০২৬ এ ১১:৪৬ PM · প্রথম আলো
