নিজের পছন্দমতো নিউজ ফিড সাজাতে ফেসবুকে নতুন সুবিধা আনলো মেটা
১৫ অক্টোবর, ২০২৬ এ ১০:৫৩ AM

ফেসবুকের নিউজ ফিডে বারবার অপ্রাসঙ্গিক পোস্ট কিংবা অপছন্দের কনটেন্ট ভেসে উঠলে ব্যবহারকারীর জন্য তা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এত দিন কোন পোস্ট বা ভিডিও দেখানো হবে, তা নির্ধারণে ব্যবহারকারীর লাইক, মন্তব্য ও কনটেন্ট দেখার অভ্যাসের মতো বিভিন্ন আচরণবিধির ওপর নির্ভর করত ফেসবুকের অ্যালগরিদম। এবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় ব্যবহারকারীরা নিজের ভাষায় জানাতে পারবেন, নিউজ ফিড ও রিলসে তারা কী ধরনের কনটেন্ট বেশি বা কম দেখতে চান। এ জন্য ‘ইয়োর অ্যালগরিদম’ নামের নতুন সুবিধা চালু করেছে মেটা।
গত ১৩ অক্টোবর মেটা জানায়, নতুন সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা সরাসরি নিজেদের পছন্দের বিষয়গুলো জানাতে এবং প্রয়োজন অনুযায়ী তা পরিবর্তন করতে পারবেন। এত দিন কোন পোস্টে লাইক দিচ্ছেন, কোন ভিডিও কতক্ষণ দেখছেন কিংবা কী ধরনের কনটেন্টে বেশি প্রতিক্রিয়া জানাচ্ছেন, এসবের ভিত্তিতেই ফেসবুক ব্যবহারকারীর আগ্রহ বোঝার চেষ্টা করত। নতুন ব্যবস্থায় ব্যবহারকারীর লিখিত নির্দেশনাও কনটেন্ট রেকোমেন্ডেশনের ক্ষেত্রে বিবেচনা করা হবে। ফলে পছন্দের বিষয়ে পরিবর্তন আনলে নিউজ ফিড ও রিলসে দেখানো কনটেন্টও সে অনুযায়ী সাজিয়ে দেবে অ্যালগরিদম।
নতুন সুবিধাটি ব্যবহারের জন্য ফেসবুকের নিউজ ফিড বা রিলসে কোনো পোস্টের পাশে থাকা তিন ডট মেনুতে যেতে হবে। সেখান থেকে ‘ইয়োর অ্যালগরিদম’ নামের অপশনটি নির্বাচন করে নিজের পছন্দের বিষয়গুলো যোগ ও পরিচালনা করা যাবে। যেমন, কেউ প্রযুক্তিবিষয়ক খবর বা আরও নির্দিষ্ট ভাবে স্মার্টফোনের রিভিউ বেশি দেখতে চাইলে তা লিখে জানাতে পারবেন। আবার রান্নার ভিডিও বা অন্যান্য প্রচারণামূলক এবং অপ্রাসঙ্গিক পোস্ট কম দেখতে চাইলে সেটিও উল্লেখ করা যাবে।
এ ছাড়া, কোনো পোস্টের পাশে থাকা তিন ডট মেনু থেকে ‘ইন্টারেস্টেড’ বা ‘নট ইন্টারেস্টেড’ নির্বাচন করে নিজের পছন্দ সম্পর্কে অ্যালগরিদমকে অবহিত করা যাবে। কোনো কনটেন্ট কেন অপছন্দ হয়েছে বা কেন তা আর দেখতে চান না, তা স্পষ্ট করতে ফেসবুক প্রয়োজনে ব্যবহারকারীর কাছে অতিরিক্ত তথ্য জানতে চাইতে পারে। ব্যবহারকারীর দেওয়া ব্যাখ্যার ভিত্তিতে কনটেন্ট রেকোমেন্ডেশন আরও নির্দিষ্ট ও পছন্দসই করে তোলা হবে।
নতুন সুবিধাটি কার্যকর করতে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) ব্যবহার করছে মেটা। প্রতিষ্ঠানটির ভাষ্য, এ প্রযুক্তি ব্যবহারকারীর স্বাভাবিক ভাষায় লেখা নির্দেশনা বিশ্লেষণ করে তার আগ্রহ ও পছন্দ অনুযায়ী কনটেন্ট রেকোমেন্ডেশন সাজাতে সহায়তা করবে। তবে এতে নিউজ ফিডের ওপর ব্যবহারকারীর পূর্ণ নিয়ন্ত্রণ থাকে, বিষয়টি এমন নয়। আগের মতোই লাইক, মন্তব্য ও ভিডিও দেখার অভ্যাসসহ বিভিন্ন ইন্টার্যাকশন প্যাটার্নের ভিত্তিতে কনটেন্ট সাজাবে ফেসবুকের অ্যালগরিদম। এর সঙ্গে এবার যুক্ত হবে ব্যবহারকারীর সরাসরি দেওয়া নির্দেশনাও।
ফেসবুকের আগে ইনস্টাগ্রামেও একই ধরনের ‘ইয়োর অ্যালগরিদম’ সুবিধা চালু করেছে মেটা। থ্রেডসেও ‘ডিয়ার অ্যালগো’ নামে অনুরূপ একটি ব্যবস্থা রয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী কনটেন্ট রিকোমেন্ডেশন সাজাতে পারে।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
বিশ্বের বিভিন্ন সরকারের ডিজিটাল অবকাঠামো গড়ছে বাংলাদেশি প্রযুক্তিপ্রতিষ্ঠান, আসছে বৈদেশিক মুদ্রা
১৫ অক্টোবর, ২০২৬ এ ৪:৫৯ PM · প্রথম আলো
প্রোগ্রামিং ছাড়াই ব্যক্তিগত অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরির পথ সহজ করল গুগল
১৫ অক্টোবর, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
গুগল ক্রোমে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা বাড়াবেন যেভাবে
১৫ অক্টোবর, ২০২৬ এ ৮:৫২ AM · বাংলা ট্রিবিউন
হোয়াটসঅ্যাপে স্টোরেজ ফুল? মেমরি খালি করার সহজ উপায়
১৪ অক্টোবর, ২০২৬ এ ১০:০০ PM · বাংলা ট্রিবিউন
স্মার্টফোন থেকে আকারে বড় হোয়াটসঅ্যাপ ফাইল খুঁজে মুছবেন যেভাবে
১৪ অক্টোবর, ২০২৬ এ ১২:০০ PM · প্রথম আলো
