শাহজাদপুর সংবাদ

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর একের পর এক হামলা গুরুতর উদ্বেগের: এনিসিপি

৫ অক্টোবর, ২০২৬ এ ৭:৩৪ AM

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর একের পর এক হামলা গুরুতর উদ্বেগের: এনিসিপি

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়া পরিদর্শনকালে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের ওপর হামলা এবং গাড়িতে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটি। দলের পক্ষ থেকে বলা হয় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর একের পর এক হামলার পুনরাবৃত্তি গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

রবিবার (৪ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে উল্লেখ করা হয়, সন্ধ্যায় লালন আখড়ায় প্রবেশের সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে তার হাতে আঘাত লাগে এবং তিনি ও আরও দুই জন আহত হন। হামলার পর নেতাকর্মীরা তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং ঘটনার কারণ ও জড়িতদের বিষয়ে তদন্তের কথা জানিয়েছে।

এনসিপি অভিযোগ, নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এ ধরনের হামলা এটাই প্রথম নয়। এর আগে জানুয়ারিতে ঢাকার হাবিবুল্লাহ বাহার কলেজের একটি অনুষ্ঠানে তাকে লক্ষ্য করে একাধিকবার ডিম নিক্ষেপ ও হেনস্তার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় নির্বাচনি অনুসন্ধান কমিটির মাধ্যমে তদন্তের উদ্যোগ নেওয়া হয়।

এ ছাড়া গত জুলাইয়ে হবিগঞ্জে এনসিপির কর্মসূচি শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। হামলার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন এবং সারজিস আলম নিরাপত্তার জন্য একটি ব্যাংক ভবনে আশ্রয় নেন। পরে পুলিশ তাদের নিরাপত্তায় নিয়ে যায়।

এর কয়েক দিন পর সিলেটেও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ ওঠে। ওই ঘটনায় গাড়ির কাচ ভেঙে যাওয়ার ছবি ও ভিডিও প্রকাশিত হলেও স্থানীয় পুলিশ হামলার ঘটনা অস্বীকার করে। ফলে ওই ঘটনার বিষয়ে নিরপেক্ষ তদন্তের প্রয়োজন রয়েছে।

এনসিপি উল্লেখ করে, একজন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতার ওপর বারবার হামলা, হেনস্তা ও তার রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টির ঘটনাগুলো কোনোভাবেই স্বাভাবিক রাজনৈতিক পরিবেশের লক্ষণ নয়।

জাতীয় নাগরিক পার্টি মনে করে, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে; কিন্তু তার জবাব হামলা, ভয়ভীতি কিংবা সহিংসতার মাধ্যমে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশেষ করে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর একের পর এক ঘটনার পুনরাবৃত্তি এখন গুরুতর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটি ঘটনার পর আরেকটি ঘটনা ঘটতে থাকলে প্রতিটি ঘটনার তদন্ত ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। অন্যথায় রাজনৈতিক সহিংসতার সংস্কৃতি আরও উৎসাহিত হওয়ার আশঙ্কা তৈরি হবে।

এনসিপি কুষ্টিয়ার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। একই সঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ