শাহজাদপুর সংবাদ

না ফেরার দেশে সিরাজগঞ্জের প্রবীণ স্কাউট ব্যক্তিত্ব আব্দুল মজিদ

২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ২:৩৩ PM

না ফেরার দেশে সিরাজগঞ্জের প্রবীণ স্কাউট ব্যক্তিত্ব আব্দুল মজিদ

মোঃ হোসেন আলী ছোট্ট :সিরাজগঞ্জ জেলা স্কাউটসের সাবেক কোষাধ্যক্ষ, প্রবীণ স্কাউট ব্যক্তিত্ব এবং এস বি রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মরহুম আব্দুল মজিদ শেখ আর নেই। বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।গত ২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে সিরাজগঞ্জ শহরের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আব্দুল মজিদ শেখ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক কন্যা, দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।মরহুমের মরদেহ সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত তার বাসভবনে রাখা হয়। পরে শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হয়। মঙ্গলবার সকাল ৮টায় রেলওয়ে কলোনী কওমী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর সকাল ৯টায় তার নিজ গ্রাম বহুলী আলোকদিয়া মাদ্রাসা প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে আলোকদিয়া কবরস্থানে তাকে দাফন করা হয়।জানাজার আগে জেলা স্কাউটসের পক্ষ থেকে মরহুম আব্দুল মজিদ শেখকে স্কাউট সালাম ও শ্রদ্ধা নিবেদন করা হয়।জানাজার পূর্বে স্মৃতিচারণমূলক বক্তব্যে বাংলাদেশ স্কাউটস, রাজশাহী অঞ্চলের সহ-সভাপতি সরকার ছানোয়ার হোসেন (এলটি) বলেন, মরহুম আব্দুল মজিদ ছিলেন একজন নিবেদিতপ্রাণ স্কাউটার। সারাজীবন স্কাউটের মূলমন্ত্র ‘সেবা’ ও ‘সদা প্রস্তুত’কে নিজের জীবনে ধারণ করে তিনি সমাজ ও তরুণ প্রজন্মের কল্যাণে কাজ করেছেন। স্কাউটিংয়ের মাধ্যমে মানুষের সেবায় তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।তিনি আরও বলেন, মানুষ হিসেবে চলার পথে মরহুমের কোনো ভুলত্রুটি হয়ে থাকলে সবাই যেন তাকে ক্ষমা করে দেন। কারও সঙ্গে কোনো লেনদেন বা পাওনা থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউট কমিশনার মোঃ সাজেদুল ইসলাম বলেন, “আজ আমাদের স্কাউট পরিবারের এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমাদের পরম শ্রদ্ধেয় অভিভাবক ও মেন্টর মরহুম আব্দুল মজিদ স্যার আর আমাদের মাঝে নেই। তিনি শুধু একজন স্কাউট লিডার ছিলেন না, হাজারো তরুণের পথপ্রদর্শক ছিলেন। নিঃস্বার্থ দেশপ্রেম ও সমাজসেবার যে শিক্ষা তিনি দিয়ে গেছেন, তা আমরা কখনো ভুলব না।”তিনি আরও বলেন, “স্যার সবসময় বলতেন—‘দুনিয়াকে যেভাবে পেয়েছ, তার চেয়ে একটু উত্তম অবস্থায় রেখে যাওয়ার চেষ্টা করো।’ তিনি নিজের জীবন দিয়ে সেই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।”জানাজায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশে তিনি মরহুমের ভুলত্রুটি ক্ষমা করে দিয়ে তার জন্য দোয়া করার আহ্বান জানান।এ সময় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউট সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (এলটি), জেলা স্কাউট লিডার এম এ সবুর (এএলটি) এবং সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউট সম্পাদক মোঃ আব্দুল কাদের ইমন।জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউটসের কাব লিডার মোঃ আইয়ুব, সিরাজগঞ্জ সদর উপজেলা স্কাউট লিডার মোঃ মোস্তাফিজুর রহমান, সিরাজগঞ্জ জেলা স্কাউটের সাবেক সহকারী কমিশনার (সংগঠন ও বিধি) খালেকুজ্জামান খান (এলটি), রায়গঞ্জ উপজেলা স্কাউটের সাবেক কমিশনার নাজমুল হক খান, বেলকুচি উপজেলা স্কাউটের সাবেক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, এস বি রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও জাতীয় দৈনিক খোলা কাগজের জেলা প্রতিনিধি মোঃ আলমগীর হোসেন, হিলফুল ফুযুল মুক্ত রোভার দলের আরএসএল সাংবাদিক মোঃ হোসেন আলী (ছোট্ট), আরএসএল মোঃ ইমন আলী মন্ডলসহ বিভিন্ন পর্যায়ের স্কাউট, রোভার স্কাউট, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।এছাড়াও এস বি রেলওয়ে কলোনী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত স্কাউট ও রোভার স্কাউট সদস্য এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি জানাজার নামাজে অংশ নেন।জানাজার নামাজে ইমামতি করেন হাজী আহম্মেদ কামিল মাদ্রাসার সাবেক শিক্ষক মাওলানা মোঃ আনোয়ার হোসেন।মরহুম আব্দুল মজিদ শেখের মৃত্যুতে সিরাজগঞ্জের স্কাউট ও শিক্ষক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তার কর্মময় জীবন, স্কাউটিংয়ে অবদান এবং তরুণ প্রজন্মের প্রতি দায়িত্বশীল ভূমিকা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

The post না ফেরার দেশে সিরাজগঞ্জের প্রবীণ স্কাউট ব্যক্তিত্ব আব্দুল মজিদ appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ