শাহজাদপুর সংবাদ

দৌলতপুরে মাঠ থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৪৭ PM

দৌলতপুরে মাঠ থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি:কুষ্টিয়ার দৌলতপুরে নির্জন মাঠ থেকে রাজা (২৫) নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলায় মাছ ধরার জাল প্যাঁচানো ছিল এবং শরীরের বিভিন্ন অংশ শিয়ালে ক্ষতবিক্ষত করেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামের সাতবিল মাঠ এলাকার একটি সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত রাজা পিয়ারপুর ইউনিয়নের কামালপুর গ্রামের ইমান বিশ্বাসের ছেলে।স্থানীয়রা জানান, রাজা প্রায় তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। বুধবার সকালে স্থানীয় কৃষক সানাউল্লাহ মাঠে কাজ করতে যাওয়ার সময় নির্জন সড়কের পাশে কয়েকটি শিয়ালকে একটি বস্তু টানাটানি করতে দেখেন। কাছে গেলে শিয়ালগুলো পালিয়ে যায়। পরে তিনি দেখতে পান, ঘাস ও খড় দিয়ে আংশিক ঢেকে রাখা অবস্থায় একটি মরদেহ পড়ে রয়েছে।সানাউল্লাহ বিষয়টি দেখে চিৎকার করলে আশপাশের মাঠে থাকা কৃষকেরা ছুটে আসেন। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে দৌলতপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মরদেহটির মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত ছিল। মাথা ও কোমরের কিছু অংশ শিয়ালে খেয়ে ফেলেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “মরদেহটি আনুমানিক দুই থেকে তিন দিনের পুরোনো। মরদেহের মুখমণ্ডলসহ শরীরের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।”ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন জানান, স্থানীয়দের ভাষ্য অনুযায়ী শিয়ালের টানাটানিতে মরদেহটি খড়ের বাইরে বেরিয়ে আসে। পরে তারা মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।তিনি আরও জানান, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ক্রাইমসিন টিমের পরিদর্শন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

The post দৌলতপুরে মাঠ থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার appeared first on দৈনিক সিরাজগঞ্জ সংবাদ.

সূত্র: দৈনিক সিরাজগঞ্জ সংবাদ

সম্পর্কিত সংবাদ