ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগে এমএসসি প্রোগ্রাম, ও এবং এ লেভেল পাস প্রার্থীদেরও ভর্তির সুযোগ
৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১০:৩৬ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে নিয়মিত এমএসসি প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আধুনিক প্রযুক্তি, উচ্চতর গবেষণা ও শিল্প ক্ষেত্রের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে তরুণ প্রকৌশলী ও বিজ্ঞানীদের দক্ষতা বাড়াতে এই প্রোগ্রাম সাজানো হয়েছে। দেড় বছর মেয়াদি ও তিন সেমিস্টারের এই প্রোগ্রামে মোট ৩৬ ক্রেডিটের পাঠ্যক্রম রয়েছে। ক্লাস সাধারণত রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হবে।
বিভাগটির এই প্রোগ্রামে মূলত একাডেমিয়া, ইন্ডাস্ট্রি, গবেষণা ও উন্নয়ন খাত এবং ডক্টরাল বা পিএইচডি অধ্যয়নের জন্য উন্নত ও গবেষণাভিত্তিক জ্ঞান অর্জন করার সুযোগ রয়েছে। প্রোগ্রামটিতে শিক্ষার্থীদের সুবিধার জন্য ইলেকট্রনিকস অ্যান্ড ম্যাটেরিয়াল সায়েন্স, কমিউনিকেশনস অ্যান্ড সিগন্যাল প্রসেসিং, ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ও পাওয়ার সিস্টেমস ইঞ্জিনিয়ারিং—এই চার বিশেষ স্ট্রিম বা শাখা রাখা হয়েছে।
আবেদনের যোগ্যতা ও বিস্তারিত শর্তাবলি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগে এমএসসি প্রোগ্রামে আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট কিছু একাডেমিক যোগ্যতা অর্জন করতে হবে। আবেদনকারীকে ইউজিসি অনুমোদিত বা স্বীকৃত কোনো দেশি বা বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের বিএসসি ডিগ্রিধারী হতে হবে। এই ডিগ্রির ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ফলিত পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিকস, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, রোবোটিকস অ্যান্ড মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, পদার্থবিজ্ঞান ও নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং। প্রার্থীর বিএসসি পাসের শেষ সেশন কোনোভাবেই ২০২৩–২৪ সেশনের পরে হতে পারবে না। এ ছাড়া বিএসসি পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ৪.০০–এর মধ্যে ৩.২৫ থাকতে হবে এবং এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০–সহ মোট জিপিএ কমপক্ষে ৮.০০ থাকা বাধ্যতামূলক। ও লেভেল এবং এ লেভেল প্রার্থীদের যথাক্রমে অন্তত পাঁচটি এবং দুটি বিষয়ে পাস করতে হবে, যার মধ্যে অন্তত দুটি বিষয়ে এ গ্রেড, তিনটিতে বি গ্রেড এবং বাকি দুটিতে সি গ্রেড থাকতে হবে।
ভর্তি পরীক্ষার নিয়মাবলি ও মূল্যায়নের পদ্ধতি
নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে আবেদন করার পর প্রার্থীদের একটি প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। ভর্তি পরীক্ষাটি মোট ১০০ নম্বরের হয়ে থাকে, যার মধ্যে ৯০ নম্বরের লিখিত পরীক্ষা ও ১০ নম্বরের ভাইভা বা মৌখিক পরীক্ষা অন্তর্ভুক্ত। লিখিত পরীক্ষার প্রশ্নপত্রটি ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়ে সমানভাবে বিভক্ত থাকে এবং প্রতি বিষয়ে ১৫ নম্বর করে মোট ৯০ নম্বরের পরীক্ষা হয়। বিষয়গুলো হলো ইঞ্জিনিয়ারিং ফিজিকস, ইলেকট্রনিকস (অ্যানালগ ও ডিজিটাল), ইলেকট্রিক্যাল সার্কিটস, ইলেকট্রিক্যাল পাওয়ার অ্যান্ড মেশিনস, কম্পিউটার ফান্ডামেন্টালস ও কমিউনিকেশনস অ্যান্ড সিগন্যাল প্রসেসিং। লিখিত পরীক্ষায় পাসের জন্য ৯০ নম্বরের মধ্যে ন্যূনতম ৩৬ নম্বর পেতে হবে। লিখিত পরীক্ষার পর উত্তীর্ণ প্রার্থীদের ১০ নম্বরের ভাইভা পরীক্ষায় অংশ নিতে হবে। ভর্তি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করেই মূলত মেধাতালিকা প্রস্তুত করা হবে এবং গ্রুপ বিন্যাস সম্পন্ন করা হবে। এমএসসি প্রোগ্রামে অংশগ্রহণের জন্য আবেদন ফি বাবদ অনলাইনে ২ হাজার ২০০ টাকা জমা দিতে হবে।
সময়সীমা, গুরুত্বপূর্ণ তারিখ ও যোগাযোগের ঠিকানা
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আবেদন করার শেষ সময় ৮ সেপ্টেম্বর। ১১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ১৫ সেপ্টেম্বর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। আবেদন করার জন্য নির্ধারিত লিংক।
বিস্তারিত তথ্যের জন্য ঢুঁ মারুন এখানে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
গারোদের প্রধান উৎসব হলো ‘ওয়ানগালা’।প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬ (বাংলাদেশ ও বিশ্বপরিচয়: অধ্যায় ৩)
৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০৪ PM · প্রথম আলো
শব্দ গঠনে উপসর্গ যুক্ত হয় শব্দের প্রথমে। এসএসসি পরীক্ষা ২০২৭ (বাংলা ২য় পত্র: পরিচ্ছেদ ৯)
৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:২০ AM · প্রথম আলো
একটানা এক ঘণ্টাও পড়তে না পারা আরিফের যুক্তরাষ্ট্র পড়ার স্বপ্ন পূরণ হুমায়ূন আহমেদের বইয়ে
৬ সেপ্টেম্বর, ২০২৬ এ ৮:০৪ AM · প্রথম আলো
প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ি শিক্ষকদের অবস্থান কর্মসূচি
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ৩:০৯ PM · রাইজিংবিডি
৬ দেশের বাংলাদেশি প্রবাসীদের জন্য বাউবির এসএসসি প্রোগ্রাম
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:০০ PM · প্রথম আলো
অনার্সে ‘অ্যাপ্লায়েড আইসিটি’ পড়াতে শিক্ষকদের তথ্য চেয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়
৫ সেপ্টেম্বর, ২০২৬ এ ১১:৫১ AM · প্রথম আলো
