ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক বন্দীর মৃত্যু
১ অক্টোবর, ২০২৬ এ ১২:৩২ PM

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শাহিন আলম (৪০) নামের এক কারাবন্দী আজ বৃহস্পতিবার সকালে মারা গেছেন। কারা ও হাসপাতাল সূত্র এ তথ্য জানিয়েছে।
শাহিন আলম রাজধানীর যাত্রাবাড়ী থানার একটি ফৌজদারি মামলায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন।
কারা ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল বুধবার রাতে কারা কর্তৃপক্ষের নির্দেশে শাহিন আলমকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। তাঁকে হাসপাতালের মেডিসিন বিভাগের ৭০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। আজ ভোর পাঁচটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য শাহিন আলমের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
শাহিন আলমের বাড়ি জামালপুরের ইসলামপুর। বাবার নাম এম এ বাছির।
গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রথম আলোয় ‘৫ বছর ৯ মাসে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ৩০০ কারাবন্দীর’শীর্ষক একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে বলা হয়, কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে একের পর এক বন্দীর মৃত্যুর ঘটনা ঘটছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ও মৃত্যু হচ্ছে অনেকের। অনেক ক্ষেত্রেই বন্দীর বয়স বেশি নয়। অর্থাৎ অকালমৃত্যু হচ্ছে।
কারা অধিদপ্তর ও ঢাকার বিভিন্ন হাসপাতালের তথ্য অনুযায়ী, ২০২১ সাল থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ৫ বছর ৯ মাসে ১ হাজার ২৩৫ জন বন্দীর মৃত্যু হয়েছে। এর মধ্যে কারাগার থেকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান অন্তত ৩০০ জন বন্দী। হাসপাতালে নেওয়ার পথে বন্দীর মৃত্যুর সর্বশেষ ঘটনা ঘটেছে গত মঙ্গলবার রাতে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
কৌতূহলের বশে ভিমরুলের চাকে পাটখড়ির খোঁচা, কামড়ে দুই শিশুর মৃত্যু
১ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬ AM · প্রথম আলো
কক্সবাজারের আবাসিক হোটেলের শৌচাগারে মিলল নারীর গলাকাটা লাশ, কক্ষে আড়াই বছরের শিশু
১ অক্টোবর, ২০২৬ এ ১১:৪০ AM · প্রথম আলো
মিরপুরে ফুটপাতে উচ্ছেদ অভিযান ঘিরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
৩০ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:২৩ PM · প্রথম আলো
