শাহজাদপুর সংবাদ

কৌতূহলের বশে ভিমরুলের চাকে পাটখড়ির খোঁচা, কামড়ে দুই শিশুর মৃত্যু

১ অক্টোবর, ২০২৬ এ ১১:৫৬ AM

কৌতূহলের বশে ভিমরুলের চাকে পাটখড়ির খোঁচা, কামড়ে দুই শিশুর মৃত্যু

পাবনার সাঁথিয়ায় ভিমরুলের কামড়ে রোহান হোসেন (৩) ও আরাফাত হোসেন (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার বিকেলে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের গয়েশবাড়ী গ্রামে ভিমরুলের কামড়ে অসুস্থ হয় ওই শিশুরা। এ ঘটনায় মারা যাওয়া শিশুরা হলো গয়েশবাড়ী গ্রামের নয়ন হোসেনের ছেলে রোহান ও সুজন হোসেনের ছেলে আরাফাত।

পরিবার ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে রোহান ও আরাফাত বাড়ির বাইরে খেলছিল। একপর্যায়ে তারা একটি ভিমরুলের চাক দেখতে পায়। কৌতূহলবশত পাটখড়ি দিয়ে চাকটিতে খোঁচা দিলে ভিমরুলের দল বের হয়ে এসে উভয় শিশুকে কামড়াতে থাকে। এতে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

শিশু দুটির চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে এসে তাদের উদ্ধার করেন। পরে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার বিকেলে তাদের মৃত্যু হয়।

দুই শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজন ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে শোক নেমে আসে। এ ধরনের ঘটনা এড়াতে ভিমরুলের চাকের কাছে শিশুদের যেতে না দেওয়ার বিষয়ে স্থানীয় বাসিন্দারা সতর্ক হওয়ার কথা জানিয়েছেন।

ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, এ ধরনের ঘটনা এড়াতে অভিভাবকদের শিশুদের ব্যাপারে আরও সতর্ক থাকতে হবে।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ