শাহজাদপুর সংবাদ

ডায়ানার মৃত্যুর কদিন পর চার্লস বলেছিলেন, মানুষ ‘খুব শিগগির’ তাঁকে ভুলে যাবে

২১ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৪ PM

ডায়ানার মৃত্যুর কদিন পর চার্লস বলেছিলেন, মানুষ ‘খুব শিগগির’ তাঁকে ভুলে যাবে

প্রিন্সেস ডায়ানার ভাই আর্ল স্পেন্সার নিজের নতুন বইয়ে দাবি করেছেন, তাঁর বোনের মৃত্যুর কয়েক দিন পর তৎকালীন প্রিন্স চার্লস (যুক্তরাজ্যের বর্তমান রাজা) তাঁকে ফোনালাপে বলেছিলেন, মানুষ ‘খুব শিগগির’ ডায়ানাকে ভুলে যাবে।

বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে আর্ল স্পেন্সার তাঁর দাবিতে অনড় থাকার কথা জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন, সারা জীবনে প্রিন্স চার্লসের সঙ্গে তাঁর মাত্র দুবার ফোনে কথা হয়েছে। ডায়ানার মৃত্যুর কয়েক দিন পর একটি ফোনালাপে চার্লস তাঁকে কী বলছিলেন, তা তিনি খুব সতর্কতার সঙ্গে শুনেছিলেন।

আর্ল স্পেন্সার বলেন, তিনি এখন যা বলছেন, চার্লস ঠিক এ কথাগুলোই তাঁকে বলেছিলেন।

এ দাবির পক্ষে কোনো প্রমাণ আছে কি না, জানতে চাইলে আর্ল স্পেন্সার বলেন, চার্লসের কথাগুলো এতটাই ভয়াবহ ছিল যে তিনি তখনই পরিবারসহ বন্ধুদের কাছে বিষয়টি জানিয়েছিলেন।

আর্ল স্পেন্সারের বক্তব্য নিয়ে ব্রিটিশ রাজপ্রাসাদ আপত্তি জানানোয় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘তারা বিষয়টিকে একধরনের ধোঁয়াশার মধ্যে ফেলেছে, তাই না? তারা বলেছে, মানুষের স্মৃতি ভিন্ন হতে পারে।’

সাধারণ মানুষ এখন কার কথা বিশ্বাস করবে—এমন প্রশ্নের জবাবে আর্ল স্পেন্সার বলেন, ‘আমি সত্য কথাই বলছি।’

সাক্ষাৎকারে আর্ল স্পেন্সারের কাছে হ্যারি ও মেগানের প্রতি সংবাদমাধ্যমের আচরণ নিয়ে প্রশ্ন করা হয়। তাঁকে জিজ্ঞাসা করা হয়, ডায়ানা বেঁচে থাকলে ডিউক ও ডাচেস অব সাসেক্স (হ্যারি-মেগান দম্পতি) যে ধরনের সংবাদমাধ্যমের কড়া নজরদারির মুখোমুখি হচ্ছেন, তার সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পেতেন কি না?

জবাবে আর্ল স্পেন্সার বলেন, ডায়ানা কিংবা হ্যারি-মেগানকে নিয়ে ট্যাবলয়েডে কোনো প্রতিবেদন দেখলে বুঝতে পারবেন, সেগুলো কতটা অপ্রীতিকর হতে পারে।

আর্ল স্পেন্সার বলেন, ‘আমার মনে হয়, ডায়ানার ঘটনা থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত।’

আর্ল স্পেন্সার আরও বলেন, তিনি হ্যারি ও মেগানের হয়ে কথা বলতে আসেননি। তবে কোনো মানুষের জীবনকে প্রতিদিন এভাবে ধ্বংস করা হলে তা তাঁর ব্যক্তিগত জীবনে ক্যানসারের মতো ক্ষতিকর প্রভাব ফেলবে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন ডায়ানার ওপর কী প্রভাব ফেলেছিল, তা উল্লেখ করেন আর্ল স্পেন্সার। তিনি বলেন, তিনি তাঁর বোনের চোখে ‘হতাশার জল’ দেখেছেন। ডায়ানা সমালোচনার ব্যাপারে খুব সংবেদনশীল ছিলেন।

১৯৯৭ সালের ৩১ আগস্ট ফ্রান্সের প্যারিসে এক সড়ক দুর্ঘটনায় নিহত হন ডায়ানা। মৃত্যুর আগপর্যন্ত তাঁকে নিয়ে সংবাদমাধ্যমের ব্যাপক আগ্রহ ছিল।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ