ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি সংযুক্ত করার প্রতিবাদে গোলাম আযমকে অপমানের ছবি লাগাল ছাত্র ফেডারেশন
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৩৯ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শন করার প্রতিবাদে এবার গোলাম আযমকে জুতাপেটা করার ছবি সংগ্রহশালায় টানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশনের নেতা–কর্মীরা।
আজ সোমবার বেলা ৩টায় ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়ার নেতৃত্বে একদল শিক্ষার্থী এ ছবি টানান।
সংগ্রহশালায় গিয়ে দেখা যায়, যে স্থানে জিন্নাহর ছবি লাগানো হয়েছিল তার ওপরে ১৯৮১ সালে বায়তুল মোকাররমে গোলাম আযমকে জুতাপেটা করার একটি ছবি লাগানো হয়েছে।
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ূয়া বলেন, ‘ডাকসু কারও বাপের না। ইতিহাসকে একপক্ষীয়ভাবে উপস্থাপন কেউ মেনে নেবে না। আর গোলাম আযমেরা ৭১–এ যা করেছেন, তার ফলে ৮০ তে তাঁকে মানুষ জুতাপেটা করেছে। আমরা এ দেশের আপামর মানুষের সেই ইতিহাস সংরক্ষণ করেছি।’
তিনি আরও বলেন, ‘গতকাল জুমা (ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক বিষয়ক আন্দোলন) বলেছিল, তার ইচ্ছা করেছে তাই জিন্নাহর ছবি লাগিয়েছে। ঠিক তেমনই আমাদের ইচ্ছা করেছে গোলাম আযমের ছবি লাগাতে তাই লাগিয়েছি।’
সংস্কার শেষে গতকাল রোববার সংগ্রহশালা চালু করে ডাকসু। যেখানে বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক বা গৌরবোজ্জ্বল ছবি রাখা হয়নি। নতুন করে যুক্ত করা হয় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি। এর মধ্যে একটি ছবি ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানের (সোহরাওয়ার্দী উদ্যান) এক অনুষ্ঠানের, যেখানে তিনি ঘোষণা দিয়েছিলেন, ‘কেবল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’।
স্থান পায় ১৯৪০ সালের মার্চ মাসে লাহোরে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলনের একটি দলগত ছবি, যেখানে জিন্নাহ রয়েছেন। অপর ছবিটি ১৯৭০ সালের নির্বাচন নিয়ে জিন্নাহর ছবি–সংবলিত পাকিস্তানের ডন পত্রিকার প্রতিবেদনের পেপার কাটিং।
ডাকসু সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি রাখায় সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী শাহরিয়ার মুসতাক ফেসবুকে লিখেন, ‘আর কত সময় হলে বাংলা ভাষা এবং বাংলাদেশ এর প্রতি ভালোবাসা জন্মাবে এই ডাকসুর? রাষ্ট্রভাষা বাংলার বিরোধিতাকারীর ছবি স্থান পায় ডাকসুর সংগ্রহশালায়!’
সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থী ইমদাদুল হক লিখেন, ‘এক সময়ের ডাকসু স্বাধীন বাংলাদেশের জন্য সংগ্রাম করেছিল, আর এখন দেশ বিরোধী অপশক্তিকে রক্ষার সংগ্রাম করে!!’
ডাকসু সংগ্রহশালায় ১৯৪৮ সালের মুহাম্মদ আলী জিন্নাহর বিতর্কিত ছবি প্রদর্শনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রতিবাদ জানানো হয়।
সংগঠনটি অভিযোগ করে, ভাষা ও স্বাধীনতা আন্দোলনের ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিকভাবে ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি প্রদর্শন করা হয়েছে। ছবিটি অপসারণ এবং ডাকসুকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর আদর্শ প্রচারের স্থান হিসেবে ব্যবহার বন্ধের দাবি জানিয়েছে সংগঠনটি।
মুজিবের ছবি পুনর্বহালের দাবি ছাত্র ইউনিয়নের
একইদিনে ডাকসু সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি সংযোজন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাধীনতা সংগ্রামের নেতা হিসেবে শেখ মুজিবুর রহমানের ছবি সংগ্রহশালা থেকে সরিয়ে দেওয়া ইতিহাস বিকৃতির শামিল। দ্রুত জিন্নাহর ছবি অপসারণ ও শেখ মুজিবের ছবি পুনর্বহাল না হলে শিক্ষার্থীরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
গঙ্গার পানি না এলে ভারতের পণ্যও বাংলাদেশে আসবে না: নাহিদ ইসলাম
১ নভেম্বর, ২০২৬ এ ১১:৩৯ PM · প্রথম আলো
রাজনৈতিক অংশগ্রহণ ‘ক্ষমতাকেন্দ্রিক বিজনেস মডেল’ হয়ে উঠছে: ইফতেখারুজ্জামান
১ নভেম্বর, ২০২৬ এ ৩:১৩ PM · প্রথম আলো
মনোনয়ন বাণিজ্যে জড়িত শীর্ষ ৩ দল, এক দশক কাউন্সিল হয়নি বিএনপির
১ নভেম্বর, ২০২৬ এ ২:২৩ PM · বাংলা ট্রিবিউন
ঠাকুরগাঁওয়ের উপনির্বাচন নিয়ে জামায়াতের ‘দ্বিমুখী’ আচরণের বিরুদ্ধে সরব এনসিপি
১ নভেম্বর, ২০২৬ এ ১১:৪৫ AM · প্রথম আলো
ভাববেন না শুধু ঘরে বসে লড়াই করি, আমাদের কোমরের জোর আছে: মির্জা আব্বাস
১ নভেম্বর, ২০২৬ এ ৪:৫৩ AM · বাংলা ট্রিবিউন
