ঠাকুরগাঁওয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় হচ্ছে
১৮ আগস্ট, ২০২৬ এ ১২:০৩ PM

ঠাকুরগাঁওয়ে অনুমোদন পেয়েছে নতুন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ‘ইকো ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ নামে এই বিশ্ববিদ্যালয়টি ঠাকুরগাঁও সদরের পূর্ব নারগুন এলাকায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করবে। এটি নিয়ে দেশে অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দাঁড়াচ্ছে ১১৭-তে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ গতকাল সোমবার এই বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন দিয়ে আদেশ জারি করেছে। বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মুহম্মদ শহীদ উজ জামানকে চিঠি দিয়ে তা জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়টিকে দেওয়া শর্তের মধ্যে আছে, সাময়িক অনুমতির মেয়াদ হবে সাত বছর, প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে ২৫ হাজার বর্গফুট আয়তনের নিজস্ব বা ভাড়া করা ভবন থাকতে হবে। ন্যূনতম তিনটি অনুষদ এবং এসব অনুষদের অধীন কমপক্ষে ছয়টি বিভাগ থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ের নামে সংরক্ষিত তহবিলে কমপক্ষে দেড় কোটি টাকা যেকোনো তফসিলি ব্যাংকে জমা থাকতে হবে। এ রকমভাবে মোট ৩১টি শর্ত মানতে হবে।
মুহম্মদ শহীদ উজ জামান বলেন, বিশ্ববিদ্যালয়টি শুধু ডিগ্রি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং দক্ষ মানবসম্পদ, আধুনিক গবেষণা ও তরুণ উদ্যোক্তা তৈরির একটি মূল কেন্দ্র (হাব) হিসেবে কাজ করবে। প্রতিষ্ঠানটির মূল দর্শন নির্ধারণ করা হয়েছে—‘শিক্ষা থেকে দক্ষতা, দক্ষতা থেকে উদ্ভাবন এবং উদ্ভাবন থেকে কর্মসংস্থান’।
দেশে ১৯৯২ সাল থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুমোদন দেওয়া শুরু হয়।
এর আগে ঠাকুরগাঁওয়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় নামের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও নতুন একটি সরকারি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার অনুমোদন দেয় সরকার।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
শিক্ষকদের ফেসবুক পোস্ট মনিটরিংয়ে কমিটি, স্ক্রিনশট পাঠাতে হবে মাউশিতে
১৮ আগস্ট, ২০২৬ এ ১০:২৬ AM · প্রথম আলো
এসএসসির খাতা চ্যালেঞ্জের আবেদন শেষ আজ, যেভাবে আবেদন করবে শিক্ষার্থীরা
১৭ আগস্ট, ২০২৬ এ ১২:৩২ PM · প্রথম আলো
হাওর থেকে যুক্তরাজ্যের শেফিল্ডে, একসঙ্গে তিন বৃত্তি পাওয়া শামসুল আলমের স্বপ্নপূরণের গল্প
১৭ আগস্ট, ২০২৬ এ ৮:২৬ AM · প্রথম আলো
এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ?
১৭ আগস্ট, ২০২৬ এ ৮:০০ AM · বাংলা ট্রিবিউন
