শাহজাদপুর সংবাদ

জ্বালানির মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হওয়ার শঙ্কা গণসংহতির

২২ সেপ্টেম্বর, ২০২৬ এ ৫:৪৯ PM

জ্বালানির মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হওয়ার শঙ্কা গণসংহতির

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে জনজীবন বিপর্যস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে গণসংহতি আন্দোলন। দলটি বলেছে, বিশেষ করে ডিজেলের দাম বাড়ায় দ্রব্যমূল্য ও পরিবহন ব্যয়ে বড় ধরনের চাপ তৈরি হবে। তাই জ্বালানির মূল্য নির্ধারণের নীতি পরিবর্তনের দাবি জানিয়েছে তারা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান গণসংহতি আন্দোলনের ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নীলু ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল।

বিবৃতিতে নেতারা বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধি আন্তর্জাতিক পরিস্থিতির কারণে হলেও এক ধাক্কায় এত বেশি দাম বাড়ানো হলে এর প্রভাব পড়বে দ্রব্যমূল্য ও পরিবহন ব্যয়ে। তাদের মতে, জ্বালানির দাম যতটা বাড়ে, অনেক ক্ষেত্রে তার চেয়ে বেশি হারে অন্যান্য পণ্য ও পরিবহনের ব্যয় বাড়ে।

তারা বলেন, বাজারে কঠোর নজরদারি করতে হবে, যাতে অযৌক্তিকভাবে কোনও পণ্যের দাম বাড়তে না পারে। একইসঙ্গে তুলনামূলক বঞ্চিত ও প্রান্তিক মানুষের জন্য ভর্তুকি এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে ভর্তুকি দেওয়ার মধ্যে সরকারকে সমন্বয় করতে হবে।

বিবৃতিতে বলা হয়, হঠাৎ করে জ্বালানির দাম বাড়ানোর কারণে শ্রমিক, কৃষক, মেহনতি মানুষসহ সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয় পর্যায়ে চলে যেতে পারে। তাই জনগণের ওপর চাপ কমানোর বিষয়টি বিবেচনায় নিয়ে জ্বালানির দাম নির্ধারণ করা প্রয়োজন।

গণসংহতির নেতারা আরও বলেন, জ্বালানির দাম বাড়ার বিরূপ প্রভাব কমাতে পরিবহনসহ বিভিন্ন খাতে অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে জ্বালানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে জনগণের জন্য সহনীয় পর্যায়ে দাম নির্ধারণের দাবি জানান তারা।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ