জলবায়ু সম্মেলনে বাংলাদেশ ন্যায্য হিস্যা নিশ্চিত করবে: রিজভী
১০ নভেম্বর, ২০২৬ এ ৯:০৬ AM

জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) বাংলাদেশ তার ন্যায্য হিস্যা নিশ্চিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘এ সম্মেলন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যেখানে আমাদের প্রধানমন্ত্রী অংশগ্রহণ করছেন। সেখানে কার্বন ডাই-অক্সাইড এমিশনের ক্ষেত্রে যে এমিট করেছে, সেটি নিরসনের জন্য, গ্লোবাল যে হিস্যা সেটা নিশ্চিত হবে।’
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীর তুরস্ক সফর উপলক্ষে তাকে বিদায় জানানোর পর সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘জলবায়ু ঠিক রাখতে একটি দেশের আন্তরিক যে প্রচেষ্টা দরকার, তা বাংলাদেশের সরকার ইতোমধ্যে দেখিয়েছে। তা তারেক রহমান দেখিয়েছেন।’
তিনি বলেন, ‘বাংলাদেশের আগ্রহ ও সবকিছু মিলিয়ে স্বাভাবিক পরিস্থিতিতে পৃথিবী বাঁচানোর জন্য তারেক রহমানের যে অবদান, সে অবদানের পরিপ্রেক্ষিতে আমরা আমাদের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে পারবো বলে আশা করছি।’
এর আগে সকাল সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তুরস্কের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন— অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব এস এম জাহাঙ্গীর, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
কোনো দেশের যুদ্ধক্ষেত্রে বাংলাদেশিদের টোপ হতে দেওয়া যাবে না
১০ নভেম্বর, ২০২৬ এ ২:০৮ AM · প্রথম আলো
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
৯ নভেম্বর, ২০২৬ এ ১১:২৭ PM · বাংলা ট্রিবিউন
