চ্যাটজিপিটি দিয়ে লেখা শনাক্তে নতুন সুবিধা চালু করছে ওপেনএআই
৮ অক্টোবর, ২০২৬ এ ১২:০০ PM

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে বার্তা পাঠানোর পাশাপাশি বিভিন্ন বিষয়ে বিস্তারিত লেখা যায়। আর তাই বিভিন্ন ব্লগ পোস্ট, প্রবন্ধ, ই–মেইল থেকে শুরু করে গবেষণাপত্র ও পত্রিকার কলাম লেখায় এআইয়ের ব্যবহার বাড়ছে। বর্তমানে অনেক এআই মডেল মানুষের লেখার মতোই সাবলীলভাবে লিখতে পারায় সেগুলো মানুষ না এআই লিখেছে, তা সহজে বোঝা যায় না। আর তাই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন এআই আইন মেনে চলতে চ্যাটজিপিটি দিয়ে লেখা বার্তা, ব্লগ পোস্ট, প্রবন্ধ, ই–মেইল থেকে শুরু করে গবেষণাপত্রে অদৃশ্য জলছাপ যুক্ত করার উদ্যোগ নিয়েছে ওপেনএআই।
ওপেনএআই জানিয়েছে, প্রাথমিকভাবে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোয় বসবাসকারীদের জন্য নতুন এ সুবিধা চালু করা হবে। সুবিধাটি চালু হলে চ্যাটজিপিটি ও কোডেক্স এআই মডেলের মাধ্যমে কোনো বার্তা লেখার সময়ই স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য জলছাপ যুক্ত হয়ে যাবে। এই জলছাপ চোখে দেখা না গেলেও বিশেষ প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা সম্ভব। ফলে এআই দিয়ে লেখা আধেয় বা কনটেন্ট দ্রুত শনাক্ত করা যাবে।
ওপেনএআইয়ের তথ্যমতে, ‘টেক্সটগ্রেইন’ প্রযুক্তির মাধ্যমে এআই দিয়ে লেখা সব তথ্যে অদৃশ্য জলছাপ যুক্ত করা হবে। এ জন্য এআই মডেলের শব্দ ও বাক্যের মধ্যে বিশেষ ধরনের পরিসংখ্যানগত সংকেত তৈরি করা হবে। সাধারণভাবে লেখা পড়ার সময় এসব সংকেত শনাক্ত করা যাবে না। তবে বিশেষ প্রযুক্তির মাধ্যমে সংকেতগুলো বিশ্লেষণ করে কোনো লেখায় অদৃশ্য জলছাপ রয়েছে কি না, তা শনাক্ত করতে পারবে ওপেনএআই। প্রযুক্তিটি এখনো উন্নয়নের পর্যায়ে থাকায় নতুন এ সুবিধা চালু হতে কয়েক সপ্তাহ দেরি হতে পারে।
প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নের এআই আইনে নির্দিষ্ট ধরনের এআই–নির্মিত ও পরিবর্তিত কনটেন্টকে মেশিনের মাধ্যমে শনাক্ত করা যায়—এমন ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে। এর উদ্দেশ্য হলো এআই দিয়ে তৈরি কনটেন্ট সম্পর্কে স্বচ্ছতা বাড়ানো এবং অনলাইনে তথ্যের উৎস সম্পর্কে ব্যবহারকারী ও প্রতিষ্ঠানগুলোকে আরও সচেতন করা। এই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই ইউরোপে চ্যাটজিপিটির লেখায় অদৃশ্য জলছাপ যুক্ত করার সুবিধা চালু করতে যাচ্ছে ওপেনএআই।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
শক্তিশালী ব্যাটারির এই স্মার্টফোনে একবার চার্জে ২০ ঘণ্টা ভিডিও দেখা যায়
৮ অক্টোবর, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
স্প্যাম কল ঠেকাতে আইফোন ও অ্যান্ড্রয়েডে চালু করবেন যেসব সুবিধা
৮ অক্টোবর, ২০২৬ এ ১০:৩০ AM · বাংলা ট্রিবিউন
জেমিনাইয়ের ফ্রি অ্যাকাউন্টে আর মিলবে না ফ্ল্যাশ ও প্রো, উন্নত মডেলে লাগবে সাবস্ক্রিপশন
৮ অক্টোবর, ২০২৬ এ ৮:৫৯ AM · বাংলা ট্রিবিউন
