‘চোর, চোর’ বলে চিৎকার করতেই ছুরিকাঘাত, গৃহবধূর মৃত্যু
৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:১৪ PM

কক্সবাজারের মহেশখালীতে ছুরিকাঘাতে শিল্পী রানী সুশীল (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘরে চুরি করতে আসা এক চোর ওই গৃহবধূকে ছুরিকাঘাত করেছেন। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত শিল্পী রানী সুশীল ওই এলাকার বাসিন্দা রবীন্দ্র লাল সুশীলের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় শিল্পী রানী ঘরে রান্না করছিলেন। এ সময় অচেনা এক ব্যক্তি চুরি করতে ঘরে ঢোকার চেষ্টা করেন। তাঁকে দেখে শিল্পী রানী ‘চোর চোর’ বলে চিৎকার শুরু করেন। তখন ওই ব্যক্তি শিল্পীর মুখ চেপে ধরেন। এরপর তাঁকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন আহত শিল্পী রানীকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাত ১১টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সুলতান বলেন, ‘প্রাথমিকভাবে জানা গেছে, চুরির উদ্দেশ্যে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ওই গৃহবধূর বাড়িতে ঢোকার চেষ্টা করছিলেন। তাঁকে দেখে গৃহবধূ চোর, চোর বলে চিৎকার করেন। তখন ওই ব্যক্তি গৃহবধূকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
আবদুস সুলতান আরও বলেন, শিল্পী রানীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর পেটের নিচে, বুকে ও দুই হাতে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
এআই ও মার্কেটিং: বাংলাদেশি পেশাজীবীদের সঙ্গে ফিলিপ কটলারের সরাসরি আলোচনা
৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৮ PM · প্রথম আলো
গাজীপুরে কেয়া গ্রুপের ৪ প্রতিষ্ঠানে ৬ শতাধিক কর্মী ছাঁটাই, শ্রমিকদের ক্ষোভ
৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৬ PM · প্রথম আলো
কক্সবাজারে যাওয়ার পথে খাদে পড়ল বরিশাল মেডিকেলের শিক্ষার্থীবাহী বাস, আহত ২৪
৮ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৪ PM · প্রথম আলো
জঙ্গলে ছড়িয়ে–ছিটিয়ে ছিল কঙ্কাল, পোশাক দেখে পরিচয় শনাক্ত করলেন বাবা
৭ সেপ্টেম্বর, ২০২৬ এ ১২:৩৮ PM · প্রথম আলো
