শাহজাদপুর সংবাদ

চুপিচুপি প্রোফাইল দেখার সুযোগ? ইনস্টাগ্রামের নতুন ফিচার ঘিরে উঠছে প্রশ্ন

৭ অক্টোবর, ২০২৬ এ ৮:৪১ AM

চুপিচুপি প্রোফাইল দেখার সুযোগ? ইনস্টাগ্রামের নতুন ফিচার ঘিরে উঠছে প্রশ্ন

ইনস্টাগ্রামে কোনও প্রোফাইলের পোস্ট দেখার সময় ভুল করে লাইক বা কমেন্ট করে ফেলার মতো ঘটনা এড়াতে নতুন একটি সুবিধা নিয়ে কাজ করছে মেটা। ‘রিড-অনলি মোড’ চালু হলে ব্যবহারকারীরা প্রোফাইল ও পোস্ট দেখতে পারবেন, তবে লাইক, কমেন্ট, মেসেজ পাঠানো বা অ্যাকাউন্ট ফলো করার মতো কোনও ইন্টারঅ্যাকশন করতে পারবেন না। ফিচারটি ইনস্টাগ্রাম প্লাসের গ্রাহকদের জন্য চালু করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অ্যাপ গবেষক ও রিভার্স ইঞ্জিনিয়ার আলেসান্দ্রো পালুজ্জি গত ৩ অক্টোবর ইনস্টাগ্রামের কোডে থাকা ‘রিড-অনলি মোড’ সুবিধাটির সন্ধান পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ফিচারটির কয়েকটি স্ক্রিনশট প্রকাশ করেন। স্ক্রিনশট অনুযায়ী, রিড-অনলি মোড চালু থাকলে কোনও প্রোফাইলে ঢুকে পোস্ট দেখা গেলেও সেগুলোতে লাইক বা কমেন্ট করার সুযোগ থাকবে না। একইভাবে ওই অ্যাকাউন্টকে ফলো করা, সরাসরি মেসেজ পাঠানো কিংবা সংশ্লিষ্ট ব্যক্তির স্টোরি দেখার সুবিধাও বন্ধ থাকবে।

ফিচারটির মাধ্যমে ইনস্টাগ্রামে বিভিন্ন কনটেন্ট দেখার সুযোগ থাকলেও ব্যবহারকারীর ইন্টারঅ্যাকশনের সুযোগ সীমিত করা হবে। বিশেষ করে কারও পুরোনো পোস্ট দেখার সময় ভুল করে লাইক বা কমেন্ট হয়ে যাওয়ার মতো পরিস্থিতি এড়াতে সুবিধাটি কাজে আসতে পারে। সাধারণভাবে কোনও প্রোফাইলে প্রবেশ করলে পোস্টে লাইক বা কমেন্ট করা, অ্যাকাউন্ট ফলো করা কিংবা মেসেজ পাঠানোর সুযোগ থাকে। তবে রিড-অনলি মোড চালু থাকলে এসব ইন্টারঅ্যাকশনের সুবিধা বন্ধ থাকবে।

তবে রিড-অনলি মোড নিয়ে গোপনে অন্যের প্রোফাইল দেখার সুযোগ তৈরি হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এতে অনলাইনে স্টকিং বা কাউকে নিয়মিত নজরদারি করা ব্যক্তিরা সুবিধাটির অপব্যবহার করতে পারেন। রিড-অনলি মোডে কোনও প্রোফাইল দেখলে সংশ্লিষ্ট ব্যবহারকারী তা জানতে পারবেন কি না, কিংবা তাদের কাছে এ ধরনের কার্যক্রম কীভাবে দৃশ্যমান হবে, সে বিষয়ে ইনস্টাগ্রাম এখনও বিস্তারিত কিছু জানায়নি।

ইনস্টাগ্রাম জানিয়েছে, রিড-অনলি মোড এখনও অভ্যন্তরীণ পর্যায়ে বিবেচনা করা হচ্ছে এবং সাধারণ ব্যবহারকারীদের নিয়ে এর পরীক্ষা শুরু হয়নি। ফলে বর্তমানে কোনো ব্যবহারকারী ফিচারটি চালু করতে পারবেন না। এটি শেষ পর্যন্ত ইনস্টাগ্রাম প্লাসের গ্রাহকদের জন্য চালু করা হবে কি না, সেটিও নিশ্চিত নয়। পরীক্ষার আগে বা পরে ফিচারটির নকশা, সুবিধা ও ব্যবহারের নিয়মে পরিবর্তন আসতে পারে।

ইনস্টাগ্রাম প্লাস মেটার পরীক্ষামূলক পেইড সাবস্ক্রিপশন সেবা, যার কার্যক্রম চলতি বছরের মার্চে শুরু হয়। সাবস্ক্রিপশনে স্টোরি গোপনে দেখার সুবিধা, কোনও ব্যক্তি একটি স্টোরি কতবার দেখেছেন তা জানার সুযোগ, আলাদা স্টোরি অডিয়েন্স তালিকা তৈরি এবং স্টোরি আরও দীর্ঘ সময় প্রদর্শনের মতো সুবিধা যুক্ত করা হয়েছে। বিভিন্ন দেশে পরীক্ষামূলকভাবে চালুর সময় সাবস্ক্রিপশনের মাসিক মূল্যও আলাদা ছিল। রিড-অনলি মোড শেষ পর্যন্ত এই সাবস্ক্রিপশনের অংশ হবে কি না, সে বিষয়ে এখন পর্যন্ত মেটার পক্ষ থেকে নিশ্চিত কোনও তথ্য দেওয়া হয়নি।

সূত্র: বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদ