চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পেছাল
৩০ আগস্ট, ২০২৬ এ ১২:১২ PM

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবার পিছিয়েছে। প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর নতুন তারিখ ধার্য করেছেন আদালত। এ নিয়ে মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ নবমবারের মতো পেছাল।
মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আজ রোববার (৩০ আগস্ট) দিন ধার্য ছিল। তবে প্রতিবেদন দাখিল করতে পারেননি মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. জিয়াউল মোর্শেদ। এর পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা নতুন তারিখ দেন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) শাহ আলম প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সালমান শাহ ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মারা যান। তাঁর মৃত্যুর ‘প্রকৃত কারণ’ নিয়ে নানা আলোচনা-জল্পনা আছে। দীর্ঘ ২৯ বছর পর ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তাঁর ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে রাজধানীর রমনা থানায় হত্যা মামলা করেন।
মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, সামিরার মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, চলচ্চিত্র অভিনেতা ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদকে আসামি করা হয়।
৯ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করা হয়। সেদিনই আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ১২ আগস্ট আসামির পক্ষে জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করেন আদালত। ২০ আগস্ট ডনের রিমান্ডের জন্য আবেদনটি করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকা মহানগর দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান। ২৭ আগস্ট এই মামলায় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
ঘুরতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই প্রবাসীসহ তিন বন্ধু
৩০ আগস্ট, ২০২৬ এ ১২:৩২ PM · প্রথম আলো
সেপ্টেম্বর থেকে মালয়েশিয়া শ্রমিক যাওয়া শুরু হবে, ১০ হাজার যাবে বিনা খরচে
৩০ আগস্ট, ২০২৬ এ ১২:১২ PM · প্রথম আলো
দুধ দিয়ে গোসল করে যুবক বললেন, ‘অনেক কষ্ট পেয়েছি, ভালোবাসা থেকে সরে আসছি’
২৯ আগস্ট, ২০২৬ এ ১২:৪৪ PM · প্রথম আলো
বিয়ের কথা বলে সম্পর্কের পর গর্ভপাত করানোর অভিযোগ, প্রবাসীর বাড়িতে নারীর অবস্থান
২৯ আগস্ট, ২০২৬ এ ১১:৫১ AM · প্রথম আলো
