চাকরির বাইরেও আয়ের সুযোগ বাড়াতে লিংকডইনে নতুন ফিচার
১৬ অক্টোবর, ২০২৬ এ ১১:০০ PM

চাকরির পাশাপাশি নিজস্ব ব্যবসা বা ব্যক্তিগত উদ্যোগ পরিচালনাকারীদের জন্য নতুন সুবিধা চালু করছে পেশাজীবীদের সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইন। এসব সুবিধার মাধ্যমে একাধিক পেশাগত পরিচয় তুলে ধরা, পেশাগত যোগাযোগ বাড়ানো, কনটেন্টের কার্যকারিতা বিশ্লেষণ এবং নিজের দক্ষতা থেকে আয় করার সুযোগ তৈরি করতে চায় প্রতিষ্ঠানটি। ১৫ অক্টোবর নতুন ফিচারগুলোর ঘোষণা দেয় লিংকডইন।
নতুন আপডেটে ব্যবহারকারীরা লিংকডইন প্রোফাইলে একাধিক চলমান পেশাগত ভূমিকা বা পরিচয় তুলে ধরতে পারবেন। এতে নিয়মিত চাকরির পাশাপাশি যারা ব্যবসা বা অন্য কোনও উদ্যোগ পরিচালনা করেন, তারা নিজেদের কাজের বিভিন্ন দিক উপস্থাপনের সুযোগ পাবেন। গত এক বছরে লিংকডইনে প্রোফাইলে ‘ফাউন্ডার’ পরিচয় যুক্ত করা ব্যবহারকারীর সংখ্যা ৭০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ২০১৯ সালের তুলনায় একাধিক চলমান পেশাগত ভূমিকা উল্লেখ করা সদস্যের অনুপাতও বেড়েছে ২৬ শতাংশ।
লিংকডইন একটি নতুন নেটওয়ার্ক ফিডও পরীক্ষা করছে। এতে অ্যালগরিদমের রেকোমেন্ডেশনের পরিবর্তে ব্যবহারকারীর সাথে যুক্ত থাকা ব্যক্তি ও অনুসরণ করা অ্যাকাউন্টগুলোর পোস্ট দেখানো হবে। পাশাপাশি ডিজিটাল বিজনেস কার্ড তৈরি করে ফোনের ডিজিটাল ওয়ালেটে রাখা যাবে, যাতে সরাসরি দেখা হওয়া ব্যক্তিদের সঙ্গে পরবর্তীতে সহজে যোগাযোগ করা যায়। প্রিমিয়াম গ্রাহকেরা অন্য সদস্যের প্রোফাইলে ব্যক্তিগত নোটও যুক্ত করতে পারবেন, যা পরিচয়ের সূত্র বা পরবর্তী যোগাযোগের বিষয় মনে রাখতে সাহায্য করবে।
নিজের দক্ষতা থেকে আয় করার সুযোগ বাড়াতে অ্যাডভাইস সেশনস নামে একটি সুবিধা চালু করছে লিংকডইন। এর মাধ্যমে যোগ্য ব্যবহারকারীরা নিজেদের প্রোফাইল থেকেই অর্থের বিনিময়ে একান্ত পরামর্শমূলক বৈঠক আয়োজন করতে পারবেন। বুকিং, অর্থ পরিশোধ ও ভিডিও কলে পরামর্শ দেওয়ার ব্যবস্থাও থাকবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বিজনেস প্রিমিয়াম গ্রাহকেরা সুবিধাটি ব্যবহার করতে পারবেন। প্রতিষ্ঠানটি এসব সেশন থেকে আয়ের কোনও অংশ নেবে না বলে জানিয়েছে লিংকডইন কর্তৃপক্ষ।
কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন ড্যাশবোর্ডও চালু হচ্ছে। এতে পোস্টের পারফর্মেন্স বিশ্লেষণ, কনটেন্ট ব্যবস্থাপনা এবং আয়ের সুযোগ সম্পর্কে তথ্য এক জায়গায় পাওয়া যাবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বিশ্বজুড়ে ড্যাশবোর্ডটি চালুর পরিকল্পনা রয়েছে। ভিডিও নির্মাতাদের জন্য প্রি-রোল বিজ্ঞাপন থেকেও আয়ের সুযোগ বাড়ানো হচ্ছে। এ সুবিধার আওতায় যোগ্য নির্মাতারা ভিডিও শুরুর আগে দেখানো বিজ্ঞাপন থেকে আয়ের অংশ পাবেন। আপাতত যুক্তরাষ্ট্রের নির্বাচিত নির্মাতা ও বিজ্ঞাপনদাতাদের নিয়ে এটি পরীক্ষামূলক পর্যায়ে আছে।
লিংকডইনের চিফ প্রোডাক্ট অফিসার হরি শ্রীনিবাসনের মতে, বর্তমানে অনেক মানুষ নিজস্ব ব্যবসা শুরু করছেন। তবে কৃত্রিম বুদ্ধিমত্তা নতুন উদ্যোগ শুরু করা সহজ করেছে কিনা, তা নিশ্চিতভাবে বলা কঠিন। এআই দিয়ে দ্রুত সফটওয়্যার তৈরি করা সম্ভব হলেও ব্যবসা গড়ে তোলার জন্য আরও অনেক বিষয় বিবেচনায় নিতে হয় বলে তিনি উল্লেখ করেন।
সূত্র: বাংলা ট্রিবিউন
সম্পর্কিত সংবাদ
কখনো বাঁশের ডগায়, কখনো জানালার পাশে মোবাইল রেখে ফ্রিল্যান্সিং করেন কুড়িগ্রামের ফজলে এলাহী
১৭ অক্টোবর, ২০২৬ এ ৫:৩৭ PM · প্রথম আলো
নাসার স্যাটেলাইটের তোলা ছবিতে অস্ট্রেলিয়ার মরুভূমিতে অদ্ভুত গর্তের সন্ধান
১৭ অক্টোবর, ২০২৬ এ ১১:০০ AM · প্রথম আলো
নেপোলিয়নের গোপন চিঠির রহস্যভেদ করলো এআই, ২০০ বছর পর কী জানা গেলো?
১৭ অক্টোবর, ২০২৬ এ ১০:০০ AM · বাংলা ট্রিবিউন
আইবিএমের চাকরি ছেড়ে সাইড বিজনেসে আয় ২৪ কোটি টাকা
১৭ অক্টোবর, ২০২৬ এ ৯:০০ AM · বাংলা ট্রিবিউন
ভুয়া ফটোকার্ডের ফাঁদে সাধারণ মানুষ থেকে রাজনীতিক: সমাধান কোথায়?
১৭ অক্টোবর, ২০২৬ এ ৮:০০ AM · বাংলা ট্রিবিউন
