গোপনীয়তা লঙ্ঘনের মামলায় হার, হ্যারি ও ৬ তারকাকে গুনতে হতে পারে ৫৭৫ কোটি টাকা
২২ আগস্ট, ২০২৬ এ ৯:৩৯ AM

ডেইলি মেইলের বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘন করা-সংক্রান্ত একটি মামলায় মোটা অঙ্কের জরিমানার মুখে পড়েছেন প্রিন্স হ্যারি ও ছয় তারকা। মামলায় হেরে যাওয়ার পর এবার প্রতিপক্ষের আইনি খরচ বাবদ তাঁদের সর্বোচ্চ ৩ কোটি ৪৫ লাখ পাউন্ড বিল পরিশোধ করতে হতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা ৫৭৫ কোটি ৫৩ লাখ টাকার বেশি (১ পাউন্ড সমান ১৬৬ টাকা হিসাবে)।
গতকাল শুক্রবার যুক্তরাজ্যের হাইকোর্টের একজন বিচারপতি এ মামলায় আইনি ব্যয় নিয়ে ব্যতিক্রমী এ আদেশ দেন। মামলার সাত বাদীর মধ্যে এলটন জন ও লিজ হার্লিও রয়েছেন। তাঁদের আগামী শুক্রবারের মধ্যে প্রাথমিকভাবে ডেইলি মেইলের প্রকাশনা প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স লিমিটেডকে (এএনএল) ৯৫ লাখ ৪০ হাজার পাউন্ড পরিশোধ করতে হবে।
এটি এমন একটি বিরল মামলা, যেখানে বাদীদের সম্মত হওয়া খরচের চেয়ে অনেক বেশি অর্থ পরিশোধ করতে হবে। বিচারপতি রায়ে বাদীদের দাবি উপস্থাপনের পদ্ধতির সমালোচনা করে বলেন, তা ছিল ‘অত্যন্ত মাত্রায় অযৌক্তিক’।
গত ৭ জুলাই বিচারপতি নিকলিন ডেইলি মেইলের বিরুদ্ধে অবৈধভাবে তথ্য সংগ্রহের অভিযোগসংক্রান্ত বাদীদের দাবিগুলো খারিজ করে দেন। অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স লিমিটেড (এএনএল) অবশ্য এসব অভিযোগ আগেই অস্বীকার করেছিল।
ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি ও অন্য ছয় বাদীকে আপিল করার জন্য আগামী ২ অক্টোবর পর্যন্ত সময় দিয়েছেন আদালত।
অন্য বাদীরা হলেন গায়ক এলটন জন ও তাঁর স্বামী ডেভিড ফার্নিশ, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সাবেক উপনেতা সাইমন হিউজেস, অধিকারকর্মী ব্যারনেস লরেন্স এবং অভিনেত্রী স্যাডি ফ্রস্ট ও লিজ হার্লি।
মামলায় হারলে অ্যাসোসিয়েটেড নিউজপেপার্সের আইনি খরচ বাবদ সর্বোচ্চ ১ কোটি ৬২ লাখ পাউন্ড পর্যন্ত পরিশোধের জন্য তাঁদের বিমা করা ছিল। কিন্তু অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স লিমিটেড নিজেদের পক্ষে মামলা লড়তে ৩ কোটি ৪৫ লাখ পাউন্ড পর্যন্ত খরচ হয়েছে বলে জানিয়েছে। শুক্রবারের রায়ের ফলে তারা এর পুরোটা আদায়ের চেষ্টা করতে পারে।
এর অর্থ, প্রিন্স হ্যারি ও অন্যদের পকেট থেকে বিমার ওই অর্থের বাইরেও প্রায় ১ কোটি ৮০ লাখ পাউন্ডের বিল গুনতে হতে পারে।
বিচারপতি বলেন, ‘৩ কোটি ৪০ লাখ পাউন্ডের বেশি আইনি খরচের দাবি আমার কাছে আপাতদৃষ্টিতে অতিরিক্ত মনে হচ্ছে। এতে যুক্তিসংগতভাবেই প্রশ্ন ওঠে, অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স যে অর্থ এখন দাবি করছে, তার সবটুকু খরচ সত্যিই যুক্তিসংগতভাবে হয়েছে কি না এবং দাবিকৃত অর্থের পরিমাণও যৌক্তিক কি না।’
তবে বিচারপতি এ–ও বলেন, অ্যাসোসিয়েটেড নিউজপেপার্স যে পরিমাণ আইনি খরচ আদায় করতে পারবে, তার ওপর তিনি কোনো সর্বোচ্চ সীমা নির্ধারণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মতে, এমন সীমা নির্ধারণ করলে তা ‘অতিরিক্ত সাধারণীকরণ’ হয়ে যেত, অন্যায়ের ঝুঁকি থাকত এবং সেই সিদ্ধান্তকে ‘খেয়ালখুশিমতো নেওয়া’ বলে সমালোচনা করার সুযোগ তৈরি হতো।
সূত্র: প্রথম আলো
সম্পর্কিত সংবাদ
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
২২ আগস্ট, ২০২৬ এ ১০:৩২ AM · প্রথম আলো
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রতিক্রিয়া হবে বিধ্বংসী
২১ আগস্ট, ২০২৬ এ ৯:৫১ PM · রাইজিংবিডি
হাসপাতালে নেওয়ার কয়েক ঘণ্টা পরই আবার কারাগারে ইমরান খান
২১ আগস্ট, ২০২৬ এ ১২:১৫ PM · প্রথম আলো
