শাহজাদপুর সংবাদ

গুপ্তচরবৃত্তির সন্দেহে এবার মিত্র যুক্তরাষ্ট্রের সেনাসদস্যকে গ্রেপ্তার করল যুক্তরাজ্য

১১ নভেম্বর, ২০২৬ এ ১১:০২ AM

গুপ্তচরবৃত্তির সন্দেহে এবার মিত্র যুক্তরাষ্ট্রের সেনাসদস্যকে গ্রেপ্তার করল যুক্তরাজ্য

রাশিয়ার গোয়েন্দা সংস্থাকে সহায়তা বা তথ্য সরবরাহ করার সন্দেহে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একজন জ্যেষ্ঠ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে যুক্তরাজ্যে গ্রেপ্তার করা হয়। গতকাল মঙ্গলবার ব্রিটিশ পুলিশ এ তথ্য জানিয়েছে।

এ ঘটনার আগে ইরানের কাছ থেকে পৃথক একটি সম্ভাব্য হুমকির কারণে যুক্তরাজ্যের সামরিক ঘাঁটি থেকে নিজেদের উড়োজাহাজ সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোর (এফবিআই) পরিচালক ক্যাশ প্যাটেল বলেন, ৪১ বছর বয়সী ওই সেনাসদস্য গ্রেপ্তারের ঘটনা ‘গুপ্তচরবৃত্তির অভিযোগের’ সঙ্গে সম্পর্কিত। বিষয়টি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য অত্যন্ত উদ্বেগের।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কাউন্টার ইন্টেলিজেন্স কমান্ডের কমান্ডিং জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল শন স্টিনচন বলেন, ‘সংবেদনশীল তথ্যের দায়িত্বে থাকা একজন জ্যেষ্ঠ সেনাসদস্যের বিরুদ্ধে ওঠা এ অভিযোগ আমাদের মনে করিয়ে দেয়, প্রতিষ্ঠানের ভেতর থেকেই নিরাপত্তার জন্য হুমকি তৈরি হতে পারে এবং এ ধরনের হুমকি সব সময়ই বিদ্যমান।’

গতকাল ইংল্যান্ডের পশ্চিমাঞ্চলের গ্লস্টার শহরের কাছে থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ব্রিটিশ পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের ঘটনাটি সন্ত্রাসবাদ দমন পুলিশের চলমান অন্য কোনো তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট নয়।

যদিও যুক্তরাজ্যের একটি বিমানঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী একাধিক উড়োজাহাজ সরিয়ে নেওয়ার পরদিনই এ গ্রেপ্তারের ঘটনা ঘটল। গত তিন মাসে এ নিয়ে দ্বিতীয়বার এমন সম্ভাব্য নিরাপত্তা হুমকির কারণে উড়োজাহাজ সরিয়ে নেওয়া হলো।

গত সোমবার ইংল্যান্ডের পূর্বাঞ্চলে রয়্যাল এয়ারফোর্সের মিলডেনহল ঘাঁটি থেকে উড়োজাহাজগুলো সরিয়ে নেওয়া হয়। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়, ইরানের হুমকির পরিপ্রেক্ষিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছিল।

গত সেপ্টেম্বরে নিরাপত্তার কারণে যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সের ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে বোমারু বিমান সরিয়ে নিয়েছিল যুক্তরাষ্ট্র। এসব বিমান ব্যবহার করেই ইরানে হামলা চালানো হয়েছিল। একটি ঘটনার পরিপ্রেক্ষিতে ওই পদক্ষেপ নেওয়া হয়, যার সঙ্গে ইরানের সংশ্লিষ্টতার কথা বলেছে পুলিশ। তবে যুক্তরাজ্যে কোনো হামলা বা ঘটনার সঙ্গে নিজেদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেছে ইরান।

গতকাল গ্রেপ্তার হওয়া মার্কিন সেনাসদস্যকে যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা আইনের ১ ও ৩ নম্বর ধারায় অপরাধের সন্দেহে আটক করা হয়েছে। এসব ধারায় সুরক্ষিত তথ্য সংগ্রহ বা প্রকাশ এবং বিদেশি কোনো গোয়েন্দা সংস্থাকে সহায়তা করার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট দেশটি হলো রাশিয়া।

সূত্র: প্রথম আলো

সম্পর্কিত সংবাদ